মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

ইরানে হামলাকে সমর্থন জানাল পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১১:১০ পিএম | 16 বার পড়া হয়েছে
ইরানে হামলাকে সমর্থন জানাল পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন

পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে সক্রিয় একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইরানের ওপর যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলাকে সমর্থন জানিয়েছে। বিশ্লেষকদের মতে, এই ধরনের অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের উপস্থিতি জানান দেওয়া এবং সম্ভাব্য সমর্থন পাওয়ার কৌশল হতে পারে।

রোববার (১৫ মার্চ) ‘নিক্কেই এশিয়া’ জানিয়েছে, বেলুচিস্তানভিত্তিক সংগঠন ‘ফ্রি বেলুচিস্তান মুভমেন্ট’ (এফবিএম) এক বিবৃতিতে ইরানের বিরুদ্ধে নেওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপকে ‘সাহসী সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছে। সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও ‘কার্যকর, সমন্বিত ও ফলপ্রসূ’ উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়। তাদের মতে—এর মাধ্যমে মানবাধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।

এফবিএম মূলত পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সক্রিয় একটি জাতীয়তাবাদী রাজনৈতিক সংগঠন। দীর্ঘদিন ধরে এটি বেলুচিস্তানের স্বাধীনতার দাবি তুলে আসছে। সংগঠনটি তথাকথিত ‘গ্রেটার বেলুচিস্তান’ ধারণার পক্ষে—যার আওতায় পাকিস্তান, ইরান ও আফগানিস্তানের কিছু অঞ্চল অন্তর্ভুক্ত করার কথা বলা হয়।

বিশ্লেষকদের মতে, এফবিএম-এর সঙ্গে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন বেলুচ লিবারেশন আর্ম (আজাদ) এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। এই সংগঠনটি ২০১৭ সালে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) থেকে বিভক্ত হয়ে গঠিত দুটি অংশের একটি। বিএলএ পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে বিভিন্ন সময় নিরাপত্তা বাহিনী, সরকারি স্থাপনা ও চীনা অবকাঠামো প্রকল্পে হামলা চালিয়েছে। পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইতিমধ্যে এই সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

বিশেষজ্ঞদের মতে, এফবিএম-এর বিবৃতি আন্তর্জাতিক শক্তিগুলোর দৃষ্টি আকর্ষণের প্রচেষ্টা। ইসলামাবাদভিত্তিক থিংকট্যাংক সানোবার ইনস্টিটিউট-এর নির্বাহী পরিচালক কামার চিমা বলেন, ‘সংগঠনটি যুক্তরাষ্ট্রকে বোঝাতে চাইছে, তারা আঞ্চলিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ পক্ষ। একই সঙ্গে এটি রাজনৈতিক স্বীকৃতি ও সম্ভাব্য আর্থিক সহায়তা পাওয়ার প্রচেষ্টাও হতে পারে।’

অন্যদিকে স্বাধীন বিশ্লেষক কিয়া বালুচ মনে করেন, বিদেশি শক্তিগুলো রাজনৈতিক লবিং, আন্তর্জাতিক প্রচারণা কিংবা গোয়েন্দা ও লজিস্টিক সহায়তার মতো বিভিন্ন উপায়ে সমর্থন দিতে পারে।

তবে পাকিস্তানের সব বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এই অবস্থানের সঙ্গে একমত নয়। যেমন বেলুচ লিবারেশন ফ্রন্ট বা বিএলএ-এর আরেক অংশ বিএলএ-জুনায়েদ এখনো ইরান পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

বিশ্লেষকদের মতে, মতভেদের মূল কারণ ভৌগোলিক লক্ষ্য। অনেক গোষ্ঠী শুধু পাকিস্তান থেকে বিচ্ছিন্নতার দাবিতে সক্রিয় থাকলেও এফবিএম পাকিস্তান, ইরান ও আফগানিস্তান জুড়ে বৃহত্তর বেলুচিস্তানের স্বপ্ন দেখে।

এদিকে পাকিস্তানের নিরাপত্তা মহলে আশঙ্কা রয়েছে—ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে যদি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে, তাহলে সীমান্তজুড়ে বিদ্রোহী গোষ্ঠী, অপরাধচক্র ও পাচারকারীদের তৎপরতা বেড়ে যেতে পারে। এতে পাকিস্তানের বেলুচিস্তানেও নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকেরা।

 

ঈদে দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে প্রশাসনের কর্মসূচি গ্রহণ

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২:৫০ পিএম
ঈদে দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে প্রশাসনের কর্মসূচি গ্রহণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদের দিনসহ আগে ও পরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকদ্রব্য আমদানি ও কেনাবেচা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। ঈদের দিন সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন এবং সূর্যাস্তের সাথে সাথে তা নামিয়ে ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া ঈদের জামাতে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের ছুটিকালীন সময়ে বিভিন্ন ঘাটে নির্ধারিত টোলের বেশি আদায় করা যাবে না বলেও জানানো হয়েছে। অতিরিক্ত টোল আদায়কে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হবে।
এদিকে সড়কে খোলা ট্রাক বা পিকআপে মাইক বা সাউন্ড বক্স ব্যবহার করে উচ্চ শব্দে গান বাজানো নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে লাইসেন্সবিহীন মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চলাচল বন্ধ রাখা এবং বেপরোয়া গতিতে যানবাহন চালানো থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ঈদের জামাতে সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। এ লক্ষ্যে দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ নৌবাহিনীর দিঘলিয়া কন্টিনজেন্ট এবং দিঘলিয়া, আড়ংঘাটা ও খানজাহান আলী থানা পুলিশ সার্বিক দায়িত্ব পালন করবে।

নীল খামের শেষ চিঠি””

কবি মোহাম্মদ মেহেদী হাসান (হৃদয়) ‎ঠিকানা:গংগাচড়া উপজেলা জেলা রংপুর প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২:৪৯ পিএম
নীল খামের শেষ চিঠি””

শহরের ধুলোমাখা রাজপথে তখন বিকেলের নরম রোদ লুটোপুটি খাচ্ছে। ঘড়ির কাঁটায় ঠিক চারটে বেজে ত্রিশ মিনিট। নীল রঙের শার্ট আর কাঁধে ঝোলানো পুরনো একটা ব্যাগ নিয়ে অয়ন দাঁড়িয়ে আছে চেনা সেই গলির মোড়ে। এই দৃশ্যটি গত তিন বছরের এক অবিচ্ছেদ্য অংশ। প্রতি বৃহস্পতিবার বিকেলে অয়ন এখানে আসে। কোনো কথা হয় না, কোনো বিনিময় হয় না; শুধু দূর থেকে ওই বারান্দার দিকে এক পলক তাকিয়ে থাকা।
‎​সেখানে দাঁড়িয়ে থাকতো মনোহরা। মনোহরা—যার চোখের দিকে তাকালে অয়নের মনে হতো মহাবিশ্বের সব কবিতা বুঝি ওই আঁখিপল্লবেই আশ্রয় নিয়েছে। মেঘলার সাথে অয়নের সম্পর্কটা ছিল ঠিক বসন্তের প্রথম বিকেলের মতো—উষ্ণ কিন্তু স্নিগ্ধ। অয়ন পেশায় কবি না হলেও, মনোহরা জন্য সে কবি হয়ে উঠেছিল। ডায়েরির পাতায় পাতায় সে এঁকেছিল মেঘলার হাসির ছন্দ।
‎​অচেনা ঝড়ের আগমন
‎​বিচ্ছেদ যে এভাবে আসবে, তা অয়ন স্বপ্নেও ভাবেনি। কোনো ঝগড়া হয়নি, কোনো ভুল বোঝাবুঝি হয়নি, এমনকি কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশও ঘটেনি। অথচ এক বৃহস্পতিবার বিকেলে অয়ন যখন চেনা জায়গায় গিয়ে দাঁড়ালো, দেখল মনোহরা জানালার পর্দাগুলো শক্ত করে টানা। মোবাইলে কল গেল না, মেসেজের কোনো উত্তর এলো না। তিন দিন পর অয়ন জানতে পারলো, মেঘলারা সপরিবারে শহর ছেড়ে চলে গেছে। শুধু একটা চিরকুট পৌঁছেছিল অয়নের হাতে, যাতে লেখা ছিল— “কিছু বিচ্ছেদ কারণহীন হওয়াই ভালো, অয়ন। আমায় ভুলে যেও।”
‎​কিন্তু কবিরা কি সহজে ভুলতে পারে? অয়নের কাছে মনোহরা কেবল একটা নাম ছিল না, সে ছিল তার সৃষ্টির প্রেরণা।
‎​অপেক্ষার প্রহর
‎​এরপর কেটে গেছে দীর্ঘ সময়। অয়ন এখন আর সেই গলিতে যায় না ঠিকই, কিন্তু প্রতি বৃহস্পতিবার বিকেলটা তার কাছে এখনো মনোহরার সেই এক পলক দেখার মুহূর্ত হয়েই আসে। তার ডায়েরি এখন ভারি হয়েছে বিষাদমাখা কবিতায়। অয়ন জানে, মনোহরা হয়তো অন্য কোনো শহরে, অন্য কারো মনোহরা হয়ে আছে। কিন্তু অয়নের ভালোবাসায় কোনো খাদ ছিল না বলেই তার বিচ্ছেদটা আজও তার কাছে এক অমীমাংসিত রহস্য।
‎​অয়ন ভাবে, ভালোবাসা মানে কি কেবল পাওয়া? নাকি কাউকে মুক্তি দেওয়ার নামই ভালোবাসা? সে তার কবিতায় লিখেছে:
‎​”তুমি নেই বলে পৃথিবীটা থেমে থাকেনি,
‎শুধু আমার কবিতার ছন্দে বিষাদ নেমেছে।
‎তুমি ভালো থেকো অন্য কোনো বসন্তে,
‎আমার বৃহস্পতিবারগুলো আজও তোমাকেই খুঁজেছে।”

‎​
‎​আজও অয়ন যখন ভিড়ের মাঝে কোনো নীল শাড়ি পরা মেয়েকে দেখে, তার বুকটা ধক করে ওঠে। সে জানে মনোহরা ফিরবে না। কারণ ছাড়া যে চলে যায়, সে ফেরার পথটাও মুছে দিয়ে যায়। তবুও অয়ন আজও ভালোবাসে। এই ভালোবাসা এখন আর মেঘলার প্রতি নয়, বরং সেই অনুভূতির প্রতি যা তাকে একসময় কবি বানিয়েছিল। বিচ্ছেদ মানেই কি শেষ? অয়নের কাছে বিচ্ছেদ মানে হলো এক অসমাপ্ত কবিতার শুরু, যা সে লিখে চলেছে তার নিঃসঙ্গ জীবনের পাতায় পাতায়।

সাইফুল ইসলাম

সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাইফুল ইসলাম প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২:৪৭ পিএম
সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, ঐক্য ও কল্যাণ কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশন। নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ১৬ মার্চ মঙ্গলবার নারায়ণগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, দেশের গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সাংবাদিকদের কল্যাণ, সুরক্ষা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশন বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশেষ অতিথি আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সহমর্মিতা বজায় রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি তিনি সাংবাদিকদের কল্যাণে সামাজিক ও মানবিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে আগত সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয় এবং অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

error: Content is protected !!