বিজয় ঘোষণার সময় হয়নি
ইরানে বড় ধরনের গণ-অভ্যুত্থান কেন হচ্ছে না, তা নিয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সরকারের দমন-পীড়নের কঠোর সমালোচনা করে তিনি বলেছেন, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার অভাবই সেখানে প্রতিবাদের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে নিজেকে এখনই বিজয়ী ঘোষণা করার কোনো কারণ দেখছেন না ট্রাম্প।
রোববার প্রেসিডেন্ট বিমানে (এয়ার ফোর্স ওয়ান) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ইরান পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করেন।
ইরানি নেতৃত্বের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘আপনারা একদল সন্ত্রাসীর মোকাবিলা করছেন।’ তিনি অভিযোগ করেন, ইরান সরকার দেশজুড়ে ভীতিকর পরিবেশ তৈরি করে রেখেছে যাতে কেউ সরকারের বিরুদ্ধে কথা বলতে না পারে।
ট্রাম্প আরও যোগ করেন, ‘তারা (ইরান সরকার) সবাইকে জানিয়ে দিয়েছে এবং বিজ্ঞপ্তি জারি করেছে যে, কেউ যদি প্রতিবাদ করতে রাস্তায় নামে, তবে তাকে সরাসরি গুলি করে মেরে ফেলা হবে। সুতরাং, আন্দোলনকারীরা কেন এখন চুপ করে আছে, তা আমি পুরোপুরি বুঝতে পারছি।’
উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরপরই ট্রাম্প ইরানি জনগণকে রাজপথে নেমে আসার এবং তাদের সরকারকে উৎখাত করার আহ্বান জানিয়েছিলেন। তবে সেই আহ্বানে সাড়া দিয়ে বড় কোনো গণ-অভ্যুত্থান না ঘটায় সাংবাদিকেরা তাঁর কাছে কারণ জানতে চাইলে তিনি এই জীবননাশের হুমকির প্রসঙ্গটি টেনে আনেন।
ইরান বর্তমানে সামরিক ও রাজনৈতিকভাবে কতটা চাপে আছে জানতে চেয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, প্রেসিডেন্ট এখনই নিজেকে বিজয়ী ঘোষণা করতে প্রস্তুত কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘না, আমি এখনই তা করতে চাই না। তার কোনো প্রয়োজনও নেই। তবে আমি শুধু এটুকুই বলতে পারি যে, তারা (ইরানি নেতৃত্ব) বর্তমানে সম্পূর্ণ ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে।’
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্যগুলো ইরানের ওপর মার্কিন চাপ আরও বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে এটি ইরানি জনগণের প্রতি মার্কিন প্রশাসনের সমর্থনের একটি বার্তা হিসেবেও দেখা হচ্ছে, যেখানে সরকারবিরোধী আন্দোলনের অনুকূল পরিবেশ তৈরির চেষ্টা চলছে।














