সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

দলীয় ব্যক্তিকে স্কুল কমিটির সভাপতি বানালে আদালতে যাব: রাশেদা কে চৌধুরী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:১৯ পিএম | 55 বার পড়া হয়েছে
দলীয় ব্যক্তিকে স্কুল কমিটির সভাপতি বানালে আদালতে যাব: রাশেদা কে চৌধুরী

আদালতের নির্দেশনা অনুযায়ী দলীয় ব্যক্তিকে স্কুল পরিচালনা কমিটির সভাপতি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। এর ব্যত্যয় হলে আবার আদালতে যাবেন বলে জানিয়েছেন তিনি।

‘নির্বাচনী ইশতেহারের আলোকে আগামী দিনের শিক্ষা খাত: নতুন চিন্তা, নতুন কাঠামো ও নতুন পদক্ষেপ’ শীর্ষক সংলাপে মঞ্চে উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে উদ্দেশ করে এ কথা বলেন রাশেদা কে চৌধুরী। আজ সোমবার রাজধানীর ৬ লেকশোর হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম নামে একটি সংগঠন এ সংলাপের আয়োজন করে।

রাশেদা কে চৌধুরী বলেন, ‘বলা হয়েছে যে এডুকেশন এজ অ্যা পলিটিক্যাল এজেন্ডা। অবশ্যই রাজনৈতিক এজেন্ডা তবে এটি যেন দলীয় এজেন্ডা না হয়। পার্টির এজেন্ডা না হয়। বিভিন্ন জায়গায় বলা হচ্ছে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা কমানো হবে। আমরা তো সিঁদুরে মেঘ দেখলেই ডরাই! সে জন্য বলছি সেখানে যেন রাজনৈতিক মনোনয়ন দেওয়া না হয়। আমি স্মরণ করিয়ে দিতে চাই, ২০১৭ সালের হাইকোর্টের একটি রিটের একটি রুলিং আপিল বিভাগ আপহোল্ড করেছেন। আদালত বলেছেন, কোনো দলীয় কাউকে কোনো স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি করা যাবে না। আপনারা যদি দেন আমি আবার আদালতে গিয়ে রিট করব। শিক্ষাকে রাজনীতিকরণ করতে দেওয়া যাবে না।’

তিনি আরও বলেন, ‘সংবিধান নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু শিক্ষাকে নাগরিক অধিকার হিসেব এখনো সংবিধানে স্বীকৃতি পায়নি। এটা রাষ্ট্রের দায়িত্ব হিসেবে সংবিধান স্বীকৃত।’

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ পরে এ বিষয়ে জবাব দেন। প্রতিমন্ত্রীর বক্তব্যের মাঝে বিষয়টি নিয়ে ফের প্রশ্ন তোলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে তদন্ত কমিটি হবে: খাতুনগঞ্জে বাণিজ্যমন্ত্রী

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫:৫৫ পিএম
বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকাতে তদন্ত কমিটি হবে: খাতুনগঞ্জে বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, পাইকারি ও খুচরা বাজারে অনেক ক্ষেত্রে অগ্রহণযোগ্য দামের ব্যবধান দেখা যায়। এই ব্যবধানের প্রকৃত কারণ অনুসন্ধানে ব্যবসায়ী প্রতিনিধি, প্রশাসনের সদস্য এবং প্রয়োজন হলে অন্য পেশাজীবীদের নিয়ে একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠন করা হবে।
১৫ মার্চ(রোববার) খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘মধ্যপ্রাচ্য সংঘাত: ভোগ্যপণ্য সরবরাহ ও মূল্য পরিস্থিতি সংক্রান্ত পর্যালোচনা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী খাতুনগঞ্জের পাইকারি বাজারে বিভিন্ন পণ্যের সরবরাহ ও দামের পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধি, ডলারের মূল্যবৃদ্ধি বা পরিবহন ব্যয় বাড়লে তার প্রভাব দেশের বাজারে পড়া স্বাভাবিক। তবে অভ্যন্তরীণ ব্যবস্থাপনা বা নিয়ন্ত্রণজনিত কারণে যাতে পণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি না পায় সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।
তিনি বলেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কোথাও কোথাও খুচরা বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হতে পারে, তবে সেটি সামগ্রিক বাজার পরিস্থিতির প্রতিফলন নয়। অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। বিশ্বের কোথাও সংঘাত হলে সরবরাহে চাপ ও দামের ঊর্ধ্বগতি হতে পারে। তবে ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে পণ্য রাখতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মন্ত্রী আরও বলেন, বর্তমানে বাজারে যে পণ্য সরবরাহ রয়েছে তার বেশির ভাগই যুদ্ধ শুরুর আগেই দেশে এসেছে। সরকারের কাছে পর্যাপ্ত জ্বালানি তেল মজুত রয়েছে। আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা হলে সরকার প্রয়োজন অনুযায়ী নীতিগত ব্যবস্থা নিতে পারে, যাতে ভোক্তাদের উপর চাপ কম পড়ে।
সভায় ‘দামি ও বিলাসী’ ফল আমদানিতে শুল্ক কমানোর প্রয়োজনীয়তা নেই মন্তব্য করে তিনি বলেন, কিছু ফল রয়েছে যা সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকা প্রয়োজন। যেমন আপেল, আঙুর ও কমলা। এসব ফলের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার প্রয়োজনে নীতিগত পদক্ষেপ বিবেচনা করবে।
বাজার তদারকির কারণে ব্যবসায়ীরা যেন অযথা হয়রানির শিকার না হন সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশনা দেন মন্ত্রী। তিনি বলেন, মুক্তবাজার অর্থনীতিতে ব্যবসা-বাণিজ্যের মূল চালিকাশক্তি ব্যবসায়ীরাই। সরকারের দায়িত্ব ব্যবসা ও বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করা এবং বাজার যাতে স্বাভাবিকভাবে পরিচালিত হতে পারে তা নিশ্চিত করা। চলতি রমজান মাসে ভোজ্যতেলের বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবদুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, সংগঠনের সিনিয়র সহসভাপতি আহমদ রশীদ আমু, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুশ বশর চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ।
সভায় খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বাণিজ্যমন্ত্রীর কাছে মহাসড়কে ওজন স্কেল স্থাপন, নিত্যপণ্যের উৎপাদন-চাহিদা ও আমদানির সঠিক তথ্য সরবরাহ, ডলারের মূল্যবৃদ্ধি, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জাহাজ ভাড়া বৃদ্ধি, আয়কর সমস্যা, চাঁদা ও ঘুষসহ বিভিন্ন বিষয়ে সহায়তা চান।
একই দিন বিকেলে মন্ত্রী চট্টগ্রাম বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে সার্কিট হাউসে মতবিনিময় করেন। সেখানে তিনি বলেন, ঈদের পর অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আবার বৈঠক করা হবে। এতে চট্টগ্রাম বন্দরের স্ক্যানার সমস্যা, কন্টেইনার জটসহ ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন জটিলতা দ্রুত সমাধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

মো: হামিম রানা ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের নেকমরদ বাজারে তিন পাম্পে তেল সরবরাহ বন্ধ

মো: হামিম রানা ঠাকুরগাঁও প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫:৫৪ পিএম
ঠাকুরগাঁওয়ের নেকমরদ বাজারে তিন পাম্পে তেল সরবরাহ বন্ধ

ঠাকুরগাঁওয়োর রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার অবস্থিত তিনটি তেল পাম্পে তেল সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। ১৬ মার্চ সোমবার সকাল থেকে নেকমরদে তিনটি পাম্পেই পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তেল নিতে গিয়ে অনেক চালক ও সাধারণ মানুষ পাম্পগুলো বন্ধ দেখতে পান। দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পাওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে মোটরসাইকেল চালক, সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে একসঙ্গে তিনটি পাম্পে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পুরো এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেককে বিকল্প হিসেবে দূরের পাম্পে গিয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে, এতে সময় ও অতিরিক্ত খরচ দুটিই বাড়ছে।

এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সরবরাহ সংকটের কারণেই আপাতত তেল বিক্রি বন্ধ রয়েছে। নতুন করে তেল সরবরাহ এলেই আবার স্বাভাবিকভাবে বিক্রি শুরু করা হবে।

এদিকে দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

মো. শামীম হোসাইন

খাল খননে জলাবদ্ধতা কমবে বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর

মো. শামীম হোসাইন প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫:৫৩ পিএম
খাল খননে জলাবদ্ধতা কমবে বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর

নদী, খাল ও জলাশয় খননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নত হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং জলাবদ্ধতা কমবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ার ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির আলোকে বর্তমান সরকার দেশের নদী-নালা ও খাল খনন ও পুনরুদ্ধারে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।’

প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির আলোকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের নদী-নালা ও খাল পুনরুদ্ধারে সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন করা হবে।’

তিনি আরও বলেন, ‘এর মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং জলাবদ্ধতা কমবে।’

পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন: পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, মেজর ইসরাফ হোসাইন ,বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পার্থ প্রমিত সাহা, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জ্বল হালদার।

error: Content is protected !!