ঠাকুরগাঁওয়োর রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার অবস্থিত তিনটি তেল পাম্পে তেল সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যানবাহন চালকরা। ১৬ মার্চ সোমবার সকাল থেকে নেকমরদে তিনটি পাম্পেই পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তেল নিতে গিয়ে অনেক চালক ও সাধারণ মানুষ পাম্পগুলো বন্ধ দেখতে পান। দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পাওয়ায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে মোটরসাইকেল চালক, সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে একসঙ্গে তিনটি পাম্পে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় পুরো এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেককে বিকল্প হিসেবে দূরের পাম্পে গিয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে, এতে সময় ও অতিরিক্ত খরচ দুটিই বাড়ছে।
এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, সরবরাহ সংকটের কারণেই আপাতত তেল বিক্রি বন্ধ রয়েছে। নতুন করে তেল সরবরাহ এলেই আবার স্বাভাবিকভাবে বিক্রি শুরু করা হবে।
এদিকে দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।

