সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে রাস্তায় মানুষের ঢল

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:১৬ পিএম | 56 বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে রাস্তায় মানুষের ঢল

দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর শাহপাড়া গ্রামের খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসে চড়ে চিরিরবন্দর উপজেলা দিয়ে কাহারোলে যান তিনি। এ সময় তাঁকে একনজর দেখতে চিরিরবন্দরের রাস্তায় রাস্তার দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। বাস থেকে পথের দুই ধারে দাঁড়ানো লোকজনকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান।

চিরিরবন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মেজবাউল ইসলাম মেজবা বলেন, খাল খনন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে দিনাজপুর কাহারোল উপজেলা যাওয়া পথে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে দেবীগঞ্জ বাজার থেকে ভুষিবন্দর বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তাজুড়ে মানুষের ঢল নামে।

প্রধানমন্ত্রীকে দেখতে আসা হালিমা বেগম (৫৫) বলেন, প্রধানমন্ত্রীকে দেখতে রাণীবন্দর বাজারে এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন তিনি। অতীতে তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখেছেন। এবার তারেক রহমানকে দেখলেন। বাস থেকে হাত নেড়ে সবাইকে সালাম জানান প্রধানমন্ত্রী। তারেক রহমানকে দেখতে পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়েছেন।

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া বলেন, কাহারোল উপজেলায় খনন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাওয়ার পথে দুই উপজেলা বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ রাস্তার ধারে ভিড় জমায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে যে খাল খনন কর্মসূচি উদ্বোধন করছেন এর মধ্যে দিয়ে উত্তরের কৃষিনির্ভর জেলা দিনাজপুরের কৃষিতে নতুন বিপ্লব ঘটবে।

 

মো. শামীম হোসাইন

খাল খননে জলাবদ্ধতা কমবে বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর

মো. শামীম হোসাইন প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫:৫৩ পিএম
খাল খননে জলাবদ্ধতা কমবে বাড়বে কৃষি উৎপাদন: সোহেল মঞ্জুর

নদী, খাল ও জলাশয় খননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নত হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং জলাবদ্ধতা কমবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন।

সোমবার (১৬ মার্চ) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ার ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির আলোকে বর্তমান সরকার দেশের নদী-নালা ও খাল খনন ও পুনরুদ্ধারে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।’

প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির আলোকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের নদী-নালা ও খাল পুনরুদ্ধারে সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন করা হবে।’

তিনি আরও বলেন, ‘এর মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, কৃষি উৎপাদন বাড়বে এবং জলাবদ্ধতা কমবে।’

পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন: পিরোজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, মেজর ইসরাফ হোসাইন ,বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পার্থ প্রমিত সাহা, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উজ্জ্বল হালদার।

মোঃ রফিকুল ইসলাম সোহাগ

ত্যাগের মূল্যায়ন সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হলেন বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী

মোঃ রফিকুল ইসলাম সোহাগ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫:৫০ পিএম
ত্যাগের মূল্যায়ন সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হলেন বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী

দেশের ৪২ জেলায় নতুন জেলা পরিষদ প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা সুনামগঞ্জের জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব মিজানুর রহমান চৌধুরী।

ত্যাগী ও নিবেদিতপ্রাণ এই নেতার নিযুক্তিতে স্থানীয় রাজনীতিতে বইছে উৎসবমুখর আমেজ।
​তৃণমূল থেকে কেন্দ্র এক দীর্ঘ রাজনৈতিক পথচলা ​মিজানুর রহমান চৌধুরী, রাজনৈতিক জীবনের শুরু থেকেই শহীদ জিয়ার আদর্শের একনিষ্ঠ সৈনিক হিসেবে পরিচিত। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই নেতা সাবেক ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দলের নীতি নির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখছেন।

​বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়াবাজার) আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে দল ওই আসনে জেলা বিএনপির সভাপতি কলিমউদ্দিন আহমদ মিলনকে মনোনীত করে। শুরুতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেও, পরবর্তীতে দলের বর্তমান চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে তিনি তাৎক্ষণিকভাবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। নিজের ব্যক্তিগত আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়ে দলের মনোনীত প্রার্থীর পক্ষে ঝাঁপিয়ে পড়েন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের প্রতি এই প্রশ্নাতীত আনুগত্য ও ত্যাগের প্রতিদান হিসেবেই আজ তাকে এই গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়েছে।

সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক
​নিযুক্তির পর এক প্রতিক্রিয়ায় মিজানুর রহমান চৌধুরী এই প্রতিবেদককে বলেন,
​”আমি শহীদ জিয়ার আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। এই আদর্শের বাইরে যাওয়া মানেই দলের সাথে বেইমানি করা। দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমার ত্যাগের মূল্যায়ন করেছেন, এজন্য আমি তার প্রতি চিরকৃতজ্ঞ। জীবনের বাকি সময়টুকু দেশ ও জনগণের কল্যাণে উৎসর্গ করতে চাই।
​তিনি আরও বলেন, জেলা পরিষদের মাধ্যমে সুনামগঞ্জের অবকাঠামো উন্নয়ন এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তিনি বদ্ধপরিকর।

বিশেষ করে হাওর অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে তিনি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। এদিকে মিজানুর রহমান চৌধুরীর নাম প্রশাসক ঘোষণার পর থেকেই ​এলাকায় আনন্দের জোয়ার।

​মিজানুর রহমান চৌধুরীকে প্রশাসক নিযুক্ত করায় সুনামগঞ্জ জেলা বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা আনন্দিত।

স্থানীয় নেতা-কর্মীদের মতে, দীর্ঘদিনের পরীক্ষিত ও দুঃসময়ের কাণ্ডারিকে যোগ্য পদে পদায়ন করায় সুনামগঞ্জের রাজনীতির মাঠে সবাই এখন ঐক্য বদ্ধ।

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের

নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৫:৪৮ পিএম
নোয়াখালীতে গৃহবধূ হত্যা: স্বামী ও দ্বিতীয় স্ত্রী গ্রেপ্তার

নোয়াখালীর হাতিয়া উপজেলায় গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী ও তার দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. মিলন (৪০) এবং তার দ্বিতীয় স্ত্রী সাহেদা আক্তার লাইজু (৩০)।

সোমবার (১৬ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।

র‍্যাব সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে মিলনের সঙ্গে নিহত নারীর বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে কলহ চলছিল। অভিযোগ রয়েছে, মিলন প্রায়ই তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। গত ১২ মার্চ ভোরে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের আল-আমিন গ্রামে পারিবারিক বিরোধের জেরে মিলন তার স্ত্রীকে মারধর করেন। একপর্যায়ে লোহার রড দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাজারের একটি ফার্মেসিতে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় নিহত নারীর ছোট ভাই বাদী হয়ে হাতিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী এবং র‍্যাব-৭ চট্টগ্রামের যৌথ টিম অভিযান চালিয়ে রোববার বিকেলে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এক্সেস রোড এলাকার ছোটপুল থেকে মো. মিলনকে গ্রেপ্তার করে। পরে হালিশহর বড়পোল মোড় এলাকা থেকে সাহেদা আক্তার লাইজুকে আটক করা হয়।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

error: Content is protected !!