জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি
কামারগাতিতে চার দিনব্যাপী নাম যজ্ঞ অনুষ্ঠিত
খুলনা দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের কামারগাতি ওঝাপাড়ায় অবস্থিত কৃষ্ণ মন্দিরে চার দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান নাম যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। গ্রামবাসীদের উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
নাম যজ্ঞ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভক্তিমূলক কীর্তন, হরিনাম সংকীর্তন এবং বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করছেন। ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে।
আয়োজকরা জানান, চার দিনব্যাপী এই নাম যজ্ঞের মাধ্যমে ভক্তরা ঈশ্বরের নাম স্মরণ, কীর্তন ও প্রার্থনার মধ্য দিয়ে আত্মিক শান্তি লাভের চেষ্টা করছেন। পাশাপাশি এলাকার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনাও করা হচ্ছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া ইমামুল শরীফ। তিনি অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং এ ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজনকে এলাকার সম্প্রীতি ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নাম যজ্ঞের শেষ দিনে বিশেষ পূজা, প্রসাদ বিতরণ এবং সমাপনী প্রার্থনার মধ্য দিয়ে চার দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।














