কুয়াশার ভেতর জীবনের আলাপ গোবিন্দাসী টি রোডের চা স্টলে গ্রামীণ বাস্তবতা
শীতের সকালের নরম কুয়াশা তখনো পুরোপুরি কাটেনি। গোবিন্দাসী টি রোডের পাশে ছোট্ট এক চা স্টল সেখানে বসে আছি আমরা কয়েকজন। ধোঁয়া ওঠা কেটলির পাশে গরম চায়ের কাপ হাতে একে একে জড়ো হচ্ছেন গ্রামীণ জীবনের নানা স্তরের মানুষ। এই চা স্টল যেন শুধু চা খাওয়ার জায়গা নয়, বরং গ্রামের মানুষের ভাবনা, স্মৃতি আর বাস্তবতার মিলনমেলা।
মুরুব্বীরা চায়ের কাপে চুমুক দিতে দিতে ফিরে যান অতীতের স্মৃতিতে। কেউ বলেন স্বাধীনতার পরের দিনের কথা, কেউ স্মরণ করেন আগের দিনের সহজ জীবন, মাঠ-ঘাট, নদী আর নির্ভার সময়ের গল্প। তাঁদের কথায় ভেসে ওঠে গ্রামীণ সমাজের পরিবর্তনের ইতিহাস কোথাও আক্ষেপ, কোথাও গর্ব।
এক কোণে বসে থাকা তরুণরা আলোচনা করছেন রাজনীতি নিয়ে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের হাওয়া, দলীয় হিসাব-নিকাশ—সবই উঠে আসে এই চা স্টলের আলোচনায়। কেউ সমর্থন করেন, কেউ করেন সমালোচনা; তর্ক-বিতর্ক হলেও তাতে নেই কোনো বিদ্বেষ, আছে কেবল মত প্রকাশের স্বাধীনতা।
আবার কেউ কেউ কথা বলেন অর্থনীতি আর সামাজিক সংস্থার ভূমিকা নিয়ে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কৃষকের ন্যায্য দাম, এনজিও কার্যক্রম, সামাজিক উন্নয়নএসব বিষয় আলোচনায় আসে সহজ ভাষায়, গ্রামীণ অভিজ্ঞতার আলোকে। চা স্টলের এই কথোপকথনে ধরা পড়ে গ্রামের মানুষের সচেতনতা ও বাস্তব চিন্তা।
কুয়াশার আড়ালে ঢাকা সকালের এই চা স্টল যেন এক জীবন্ত সংবাদকক্ষ। এখানে কোনো ক্যামেরা নেই, নেই মাইক—তবু এখানে তৈরি হয় জীবনের সবচেয়ে খাঁটি গল্প। গোবিন্দাসী টি রোডের এই ছোট্ট চা স্টল তাই শুধু চা নয়, পরিবেশন করে সমাজের প্রতিচ্ছবি।

















