রিমন হোসেন
মধ্যপ্রাচ্যের সাধারণ জনগণের প্রতি নতুন সতর্কবার্তা দিলো আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাধারণ মানুষকে নিজেদের নিরাপত্তার স্বার্থে মার্কিন সামরিক ঘাঁটির আশপাশের এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। শুক্রবার (২৭ মার্চ) ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’ নিয়ে এক নতুন বিবৃতিতে আইআরজিসি পশ্চিম এশিয়ার জনগণের উদ্দেশে এই সতর্কবার্তা দেয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, ‘কাপুরুষ মার্কিন ও জায়নবাদী বাহিনী, যারা নিজেদের সামরিক ঘাঁটি রক্ষার সাহস ও সক্ষমতা রাখে না, তারা ইসলামি যোদ্ধাদের হামলার ভয়ে বেসামরিক স্থাপনাকে ব্যবহার করে নিরীহ মানুষকে মানবঢাল হিসেবে কাজে লাগানোর চেষ্টা করছে।’
আইআরজিসি আরও বলেছে, ‘যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী বাহিনী ও দখলদার জায়নবাদী শাসন, যারা নির্বিচারে ইরানি বেসামরিক মানুষকে হত্যা করছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যার জন্য লক্ষ্যবস্তু বানাচ্ছে, তাদের নির্মূল করা আমাদের দায়িত্ব। তাই আমরা যেখানে তাদের খুঁজে পাব, সেখানে আঘাত হানব। এ কারণে আপনাদের প্রতি আহ্বান, সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত মার্কিন ঘাঁটির আশপাশের এলাকা ত্যাগ করুন।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই অভিযানে ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও বেসামরিক ব্যক্তি নিহত হন।
ওইদিন থেকে শুরু হওয়া অভিযান লাগাতারভাবে চলমান রয়েছে। এমন পরিস্থিতিতে ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক বিমান হামলার শিকার হয়েছে, যার ফলে উল্লেখযোগ্য প্রাণহানি ও ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে।
এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার একাধিক ধাপ পরিচালনা করে দখলকৃত অঞ্চল এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোকে পরিণত করেছে লক্ষ্যবস্তুতে।











