শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৫:০৭ পিএম | 74 বার পড়া হয়েছে
মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন

চট্টগ্রামের বিভিন্ন উপজেলার প্রায় অর্ধশতাধিক গ্রামে সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ১০টায় সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল দরবার শরিফের খানকাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন দরবারের অনুসারীরা।
হযরত শাহ জাহাঁগীর শেখুল আরেফীন (ক.), হযরত শাহ জাহাঁগীর ফখরুল আরেফীন (ক.) ও হযরত শাহ জাহাঁগীর শমসুল আরেফীন (ক.)-এর পদাঙ্ক অনুসরণ করে বর্তমান সাজ্জাদানশীন হযরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন (ক.)-এর তত্ত্বাবধানে তার জানশিন হযরত ইমামুল আরেফীন ড. মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান ঈদের নামাজে ইমামতি করেন।
জানা যায়, মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা প্রায় আড়াইশ বছর ধরে হানাফি মাজহাবের নিয়ম অনুসরণ করে বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখার ওপর ভিত্তি করে রোজা, ঈদুল ফিতর, ঈদুল আজহাসহ চান্দ্রমাস-সংশ্লিষ্ট সব ধর্মীয় অনুশাসন পালন করে আসছেন।
দরবার সূত্রে আরও জানা যায়, প্রায় আড়াইশ বছর আগে সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল গ্রামে হযরত মাওলানা মোখলেছুর রহমান জাহাঁগীর (ক.) এ বিষয়ে ফতোয়া জারি করেন। এরপর থেকেই অনুসারীরা একই নিয়মে ধর্মীয় কার্যক্রম পালন করে আসছেন।
মির্জাখীল ছাড়াও সাতকানিয়া উপজেলার গারাংগিয়া, সোনাকানিয়া, ছোটহাতিয়া, আছারতলি, সাইরতলি, এওচিয়া, খাগরিয়া, ছদাহা, গাটিয়াডেঙ্গা ও বাজালিয়াসহ বিভিন্ন ইউনিয়নের গ্রামগুলোতে ঈদ উদযাপন করা হয়।
এছাড়া লোহাগাড়া, বাঁশখালী, পটিয়া, সীতাকুণ্ড, মিরসরাই, বোয়ালখালী, হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, হাতিয়া, সন্দ্বীপসহ চট্টগ্রামের বিভিন্ন এলাকা ছাড়াও কক্সবাজার, ফেনী, কুমিল্লা, ঢাকা, সিলেট, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, চুয়াডাঙ্গা, ভোলাসহ দেশের বিভিন্ন জেলার শতাধিক গ্রামের অনুসারীরাও একই দিন ঈদ উদযাপন করছেন।

খাসির দম বিরিয়ানি

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৮:০৭ পিএম
খাসির দম বিরিয়ানি

ঈদে বিরিয়ানি তো রান্না হবেই। এবার রান্না করে ফেলুন খাসির দম বিরিয়ানি। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন আলিফ’স ডেলিকেট ডিশেজের শেফ আলিফ রিফাত

উপকরণ

মাংস ম্যারিনেশনের জন্য: খাসির মাংস ১ কেজি ৮ থেকে ১০ টুকরো করা, টক দই ২০০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা ১০০ গ্রাম, আদা-রসুন পেস্ট ৭৫ গ্রাম, কাঁচা মরিচ ৩ থেকে ৪টি, লাল মরিচের গুঁড়া ১৫ গ্রাম, ধনেগুঁড়া ১৫ গ্রাম, শাহি জিরা ২ থেকে ৩ গ্রাম, পুদিনাপাতা ১০ গ্রাম, ধনেপাতার ডাঁটা ১০ গ্রাম, লবণ ৩০ গ্রাম।

বিরিয়ানি মসলা

আস্ত ধনে ১০ গ্রাম, জিরা ৫ গ্রাম, কালো গোলমরিচ ১৫ গ্রাম, জৈত্রী ২ গ্রাম, ছোট এলাচি ২ গ্রাম, বড় এলাচি ২ গ্রাম, লবঙ্গ ১ গ্রাম, দারুচিনি ২ গ্রাম, তেজপাতা ৪ থেকে ৫ পিস, শুকনো গোলাপ পাপড়ি ১ গ্রাম, লবণ স্বাদ অনুযায়ী।

গ্রেভির জন্য

কাঁচা মরিচের ফালি ৪ থেকে ৫টি, পুদিনাপাতা ২ টেবিল চামচ, ধনেগুঁড়া ২ টেবিল চামচ, বিরিয়ানি মসলা ১ চা-চামচ, বেরেস্তা ১ থেকে ৩ কাপ, মাংসের তেল ও ফ্রেশ ক্রিম ২ থেকে ৩ টেবিল চামচ, জাফরানের কয়েকটি কেশর দুধে ভেজানো।

চাল রান্নার জন্য

সুগন্ধি বাসমতী চাল ১ কেজি, তেজপাতা ১টি, বড় এলাচি ২টি, সবুজ এলাচি ২টি, জৈত্রী ১টি, কালো গোলমরিচ ৫ থেকে ৬টি, লবঙ্গ ৩ থেকে ৪টি।

প্রণালি

ম্যারিনেশনের সব মসলা দিয়ে খাসির মাংস ম্যারিনেট করে রাখতে হবে। বিরিয়ানির সব মসলা একটি পাত্রে নিয়ে হালকা ভেজে ঠান্ডা করে মিহি পাউডার বানিয়ে নিন। এবার একটি ভারী তলা যুক্ত পাত্রে ১ টেবিল চামচ ঘি ও পেঁয়াজ বেরেস্তার তেল ২ টেবিল চামচ দিয়ে গরম হলে ২টি তেজপাতা, ২টি বড় এলাচি, সামান্য জৈত্রী, ছোট এলাচি ২টি, লবঙ্গ ৩টি, দারুচিনি ২ টুকরা দিয়ে ভাজতে হবে। ম্যারিনেট করা মাংস দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিতে হবে। মাংস ৯০ শতাংশ সেদ্ধ হলে ওপর থেকে তেল তুলে একটি বাটিতে রাখতে হবে। তারপর তাতে গুঁড়া করে রাখা বিরিয়ানি মসলা থেকে দেড় চা-চামচ মসলা দিয়ে মেশাতে হবে।

চাল রান্না: বাসমতী চাল ৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। গরম পানিতে পরিমাণমতো লবণ ও মসলা দিয়ে ৮৫ শতাংশ সেদ্ধ করে নিন। পানি ঝরিয়ে অর্ধেক চাল মাংসের ওপর ঢেলে দিতে হবে। এরপর তেল মসলার মিশ্রণ ও জাফরান দিয়ে অবশিষ্ট চাল দিয়ে আবারও মসলা ও জাফরান দিয়ে ভালো করে ঢেকে কমপক্ষে ৩০ মিনিট দমে রাখুন। দম থেকে নামিয়ে আরও ১০ মিনিট রেখে তারপর পরিবেশন করতে হবে।

ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৮:০৩ পিএম
ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

আজ দিন পেরোলেই আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস রমজানের সিয়াম সাধনার পর ঈদের আনন্দ কাটাতে প্রস্তুতি সেরে ফেলেছেন অনেকে। চৈত্র মাসের এই সময়ে অনেকে আবার কর্মস্থল ছেড়ে নাড়ির টানে বাড়ির পথে। সবার ভাবনায় আছে—ঝড়বৃষ্টির মৌসুমে ঈদের দিনটি কেমন কাটবে।

তবে ঈদের দিন সারা দেশে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা আজকের পত্রিকাকে বলেন, ঈদের দিন সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে ভোরের দিকে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বাতাসের গতিবেগ ৪০ থেকে ৬০ কিলোমিটারের মধ্যে থাকতে পারে। ভোরের পর কিছুটা বিরতি দিয়ে দুপুরের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময় কালবৈশাখী বা বৃষ্টির কারণ জানতে চাইলে জেবুন্নেসা বলেন, ‘এখন বর্ষা-পূর্ববর্তী সময়। বছরের এই সময়টাতে সাধারণত কালবৈশাখীসহ বৃষ্টি হয়ে থাকে এই অঞ্চলে। এর সঙ্গে বজ্রপাতও হয়ে থাকে। বছরের প্রথম কালবৈশাখীর আগে দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিও হয়ে থাকে। যেটা কয়েক দিন আগে হয়ে গেছে। আগামীকাল ঈদের দিন শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে সিলেট, সুনামগঞ্জ ও বগুড়া অঞ্চলের দিকে শিলাবৃষ্টি হতে পারে। অবশ্য এর সম্ভাবনা বেশ কম।’

ঈদের দিনের আবহাওয়া নিয়ে সুখবরও দিয়েছেন এই আবহাওয়াবিদ। তিনি বলেন, আগামীকাল বৃষ্টি হলে তাপমাত্রা বেশ কমে আসতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০-৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৯-২০ ডিগ্রির ঘরে।

এদিকে আগামীকাল ২১ মার্চের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর রাতের বেলা তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাকিব খান

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ৮:০১ পিএম
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাকিব খান

আগামীকাল শনিবার সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। দেশবাসীসহ প্রবাসীদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চলচ্চিত্র অভিনেতা শাকিব খান।

শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ফেসবুকে পেজ থেকে লেখা হয়েছে, ‘দেশ ও প্রবাসের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র এই উৎসব আপনার এবং আপনার পরিবারকে আনন্দ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক, আমিন।’ এই পোস্ট নিজের ফেসবুক পেজেও শেয়ার করেছেন শাকিব খান।

বরাবরের মতো এই রোজার ঈদেও নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব খান। ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ নামের সিনেমাটি বানাচ্ছেন আবু হায়াত মাহমুদ। এটি নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা।

নব্বইয়ের দশকের গল্পে নির্মিত এই সিনেমায় শাকিব খান অভিনয় করেছেন নব্বইয়ের দশকের গ্যাংস্টারের চরিত্রে। এতে তাঁর বিপরীতে আছেন দুই নায়িকা। বাংলাদেশের তাসনিয়া ফারিণ ও টালিউডের জ্যোতির্ময়ী কুণ্ডু। দুজনেই প্রথমবার অভিনয় করছেন শাকিবের সঙ্গে।

প্রিন্স সিনেমায় আরও আছেন দিব্যেন্দু ভট্টাচার্য, ইন্তেখাব দিনার, মাহমুদুল ইসলাম মিঠু, শরীফ সিরাজ, লোকনাথ দে, পিয়ান সরকার, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য প্রমুখ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে প্রিন্স প্রযোজনা করছেন শিরিন সুলতানা। কাল ঈদের দিন থেকে ১২০টির বেশি হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

error: Content is protected !!