সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১২:১৫ পিএম | 69 বার পড়া হয়েছে
সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

চরকিতে ‘ক্যাকটাস’

সাইবার জগতের প্রতিভাবান এক হ্যাকার মানসিভকে নিয়ে ওয়েব সিরিজ ‘ক্যাকটাস’। অপরাধ করে জেলে বন্দী সে। তবে বিশেষ এক পরিস্থিতিতে সরকারি সহায়তায় মানসিভকে আবার নামতে হয় হ্যাকিংয়ের ময়দানে। রাষ্ট্রীয় এক সংকট মোকাবিলায় তার মেধা হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র। এই অভিযানে মানসিভের দেখা হয় অনুরার সঙ্গে। গল্প মোড় নেয় নাটকীয়তার দিকে। সিরিজটি বানিয়েছেন শিহাব শাহীন। মানসিভ চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান, অনুরা চরিত্রে মেহজাবীন চৌধুরী। ১৮ মার্চ চরকিতে মুক্তি পাবে ক্যাকটাস।

দীপ্ত প্লেতে মাইক্রো ড্রামা

ঈদ উপলক্ষে দীপ্ত প্লেতে দেখা যাবে বাংলায় ডাবিং করা মাইক্রো ড্রামা ‘লাভ রিইউনিয়ন: দ্য ম্যারিড মাদারস টেল’। মাইক্রো ড্রামা স্বল্পদৈর্ঘ্যে পর্বভিত্তিক ধারাবাহিক কনটেন্ট, যেখানে প্রতিটি পর্ব সাধারণত ১ থেকে ৩ মিনিটের হয়ে থাকে। ঈদের পর আরও দুটি বাংলায় ডাবিং করা মাইক্রো ড্রামা মুক্তি পাবে দীপ্ত প্লেতে। শিগগির দেশীয় মাইক্রো ড্রামা প্রচার শুরু হবে বলে জানিয়েছে দীপ্ত প্লে।

‘পাপ কাহিনী ২’ সিরিজে জয় ও কুসুম সিকদার। ছবি: সংগৃহীত
‘পাপ কাহিনী ২’ সিরিজে জয় ও কুসুম সিকদার। ছবি: সংগৃহীত

আইস্ক্রিনে ‘চক্র ২’ ও ‘পাপকাহিনী ২’

দুটি নতুন সিরিজের সিকুয়েল মুক্তি দেবে আইস্ক্রিনে। ভিকি জাহেদের ‘চক্র ২’ এবং শাহরিয়ার নাজিম জয়ের ‘পাপকাহিনী ২’। ২০০৭ সালে ময়মনসিংহে এক পরিবারের ৯ জন ট্রেনের নিচে আত্মহত্যা করে। এই ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। কেন তারা আত্মহত্যা করেছিল, সেই রহস্যের পুরোটা এখনো অজানা। ওই ঘটনার সঙ্গে শেয়ার্ড হ্যালুসিনেশনের মতো ঘটনা মিশিয়ে ভিকি জাহেদ নির্মাণ করেছেন ‘চক্র’। প্রথম সিজনের শেষে দেখা গিয়েছিল এক পরিবারের সবাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। এমন দৃশ্য দেখতে পেয়ে সেই পরিবারের সদস্য লুবনা তার শিক্ষক হুমায়ুনকে খবর দেয়। হুমায়ুন আসার পর লুবনা যখন আশার আলো দেখছিল, সে সময় তার পেটে ছুরি ঢুকিয়ে দেয় হুমায়ুন। নির্মাতা ভিকি জানান, প্রথম সিজনের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে নতুন সিজন। এবারও হুমায়ূন চরিত্রে আছেন তৌসিফ মাহবুব। নতুন যুক্ত হয়েছেন আজমেরী হক বাঁধন। ঈদের এক সপ্তাহ পর চক্র ২ মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

প্রেম, পরকীয়া, প্রতারণা এবং প্রতিশোধের গল্পে ‘পাপকাহিনী ২’ পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, কুসুম সিকদার, আশনা হাবিব ভাবনা, সাদিয়া জাহান প্রভা, ফারিন খান, শাহরিয়ার নাজিম জয়, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ। আইস্ক্রিন এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও নির্মাতা জয় জানিয়েছেন এই রোজার ঈদেই মুক্তি পাবে পাপকাহিনী। ইতিমধ্যে নিজ উদ্যোগে প্রচার শুরু করেছেন তিনি।

বঙ্গতে ‘লাভ সিটার’

একটি বিড়াল আর দুটি একাকী মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্ম ‘লাভ সিটার’। যৌথভাবে চিত্রনাট্য রচনা ও পরিচালনা করেছেন অমিতাভ রেজা চৌধুরী ও মুশফিকা মাসুদ। এতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ ও সাদিয়া আয়মান। তাঁদের সঙ্গে আছে একটি বিড়াল, গল্পে যার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঈদের তৃতীয় দিন ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে লাভ সিটার। ওয়েব ফিল্মটি নিয়ে অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘এই ফিল্মটি শুধু একটি সম্পর্কের গল্প নয়, বরং সহমর্মিতার একটি ছোট্ট স্মরণ। হয়তো আমরা সব প্রাণীকে আশ্রয় দিতে পারি না, কিন্তু একটু মায়া, একটু যত্ন—কখনো কখনো সেটুকুই তাদের পৃথিবী বদলে দিতে পারে। এ ছাড়া ঈদ উপলক্ষে বঙ্গতে মুক্তি পাবে ‘ব্যাচেলর পয়েন্ট ৫’-এর চ্যাপ্টার ১০।

ভারতীয় ওয়েবে শুভ

ঈদ উপলক্ষে দেশে কোনো কনটেন্ট মুক্তি না পেলেও ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে নতুন সিরিজ নিয়ে আসছেন আরিফিন শুভ। ১৯ মার্চ থেকে সনি লিভে দেখা যাবে ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’। সিরিজের প্রেক্ষাপট ১৯৭১ সালের কলকাতা শহর। সৌমিক সেন রচিত ও পরিচালিত এ সিরিজে সেই সময়ের ভারত-পাকিস্তানের দ্বন্দ্বই দেখানো হয়েছে মোটাদাগে। গুরুত্বপূর্ণ হয়ে উঠে এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটও। এতে শুভর বিপরীতে আছেন টালিউড অভিনেত্রী সৌরসেনী মৈত্র।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে রাস্তায় মানুষের ঢল

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:১৬ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে রাস্তায় মানুষের ঢল

দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর শাহপাড়া গ্রামের খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসে চড়ে চিরিরবন্দর উপজেলা দিয়ে কাহারোলে যান তিনি। এ সময় তাঁকে একনজর দেখতে চিরিরবন্দরের রাস্তায় রাস্তার দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। বাস থেকে পথের দুই ধারে দাঁড়ানো লোকজনকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান।

চিরিরবন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মেজবাউল ইসলাম মেজবা বলেন, খাল খনন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে দিনাজপুর কাহারোল উপজেলা যাওয়া পথে প্রধানমন্ত্রীকে একনজর দেখতে দেবীগঞ্জ বাজার থেকে ভুষিবন্দর বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তাজুড়ে মানুষের ঢল নামে।

প্রধানমন্ত্রীকে দেখতে আসা হালিমা বেগম (৫৫) বলেন, প্রধানমন্ত্রীকে দেখতে রাণীবন্দর বাজারে এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন তিনি। অতীতে তারেক রহমানের মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখেছেন। এবার তারেক রহমানকে দেখলেন। বাস থেকে হাত নেড়ে সবাইকে সালাম জানান প্রধানমন্ত্রী। তারেক রহমানকে দেখতে পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়েছেন।

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া বলেন, কাহারোল উপজেলায় খনন কর্মসূচি উদ্বোধন উপলক্ষে সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের যাওয়ার পথে দুই উপজেলা বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ রাস্তার ধারে ভিড় জমায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে যে খাল খনন কর্মসূচি উদ্বোধন করছেন এর মধ্যে দিয়ে উত্তরের কৃষিনির্ভর জেলা দিনাজপুরের কৃষিতে নতুন বিপ্লব ঘটবে।

 

ঈদকে ঘিরে সুন্দরবনে সক্রিয় হরিণশিকারি চক্র, বনরক্ষীদের ছুটি বাতিল

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:১৪ পিএম
ঈদকে ঘিরে সুন্দরবনে সক্রিয় হরিণশিকারি চক্র, বনরক্ষীদের ছুটি বাতিল

ঈদকে কেন্দ্র করে আবারও সক্রিয় হয়ে উঠেছে সুন্দরবনের হরিণশিকারি চক্র। ঈদের লম্বা ছুটির সুযোগ কাজে লাগিয়ে শিকারিরা হরিণ শিকার করে মাংস রাজধানীসহ বিভিন্ন শহরে পাচার করতে পারে—এই আশঙ্কায় পুরো সুন্দরবনজুড়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে বন বিভাগ। সম্ভাব্য চোরা শিকার ঠেকাতে বনরক্ষীদের আজ ১৬ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ঈদের ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করে বাড়তি সতর্কতা ও নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।

একাধিক সূত্র জানায়, ঈদের সময় হরিণের মাংসের চাহিদা বেড়ে যায়। তাই এ সময়ে শিকারি চক্রগুলো সুন্দরবনের বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে ওঠে। তারা বনের ভেতরে ফাঁদ পেতে হরিণ শিকার করে। পরে সেই মাংস নদীপথ ও স্থলপথে বিভিন্ন মাধ্যমে পাচার হয়ে পৌঁছে যায় ঢাকাসহ বড় শহরের ভোক্তাদের কাছে। এবার ঈদুল ফিতরের লম্বা ছুটিতে শহরের অনেক মানুষ সুন্দরবনসংলগ্ন গ্রামে আসবে। ফলে এই সময়ে হরিণের মাংসের চাহিদা ও দাম বৃদ্ধির লোভে শিকারি চক্রগুলো বেপরোয়া হয়ে উঠেছে। এই শিকারিরা দুই-এক দিনের মধ্যে রাতের আঁধারে বনের ছোট ছোট খালে নৌকা নিয়ে ও পায়ে হেঁটে বনে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্তে বনসংলগ্ন এলাকার লোকজন জানান।

বন বিভাগ ও স্থানীয় সূত্রের তথ্য বলছে, চোরা শিকারি সিন্ডিকেটগুলোর প্রধান টার্গেট সুন্দরবনের চিত্রল হরিণ। তবে শিকারিদের পাতা ছিটকা ফাঁদ, মালা ফাঁদ ও হাঁটা ফাঁদে মাঝেমধ্যে আটকা পড়ছে অন্যান্য বন্য প্রাণীও। সম্প্রতি হরিণ ধরার ফাঁদে আটকে পড়া একটি জীবিত বাঘ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া শূকর, বানরসহ বিভিন্ন বন্য প্রাণীও এসব ফাঁদে পড়ে মারা যাচ্ছে বলে জানা গেছে।

১৭ দিনে ঢাকায় ৫২৮ ফ্লাইট বাতিল

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৪:১৩ পিএম
১৭ দিনে ঢাকায় ৫২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুলসংখ্যক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় এসব দেশের গন্তব্যে ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত মোট ৫২৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি বাতিল হয় ২৩টি ফ্লাইট। ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়। এ ছাড়া ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি এবং ৭ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়। ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি এবং ১০ মার্চ ৩২টি ফ্লাইট বাতিল করা হয়। এরপর ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৬টি এবং ১৫ মার্চ ২৩টি ফ্লাইট বাতিল হয়েছে।

গত রোববার (১৫ মার্চ) রাত ১২টার পরও ফ্লাইট বাতিলের ধারা অব্যাহত রয়েছে। এদিন কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৮টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইনসের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ফ্লাইদুবাইয়ের ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের ২টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে এদিন বাতিল হয়েছে ২৮টি ফ্লাইট।

টানা ফ্লাইট বাতিলের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীরা। অনেক যাত্রী অনিশ্চয়তায় পড়েছেন এবং কেউ কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার আশঙ্কায় রয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনা পুরোপুরি স্বাভাবিক হওয়া কঠিন হবে।

error: Content is protected !!