শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

কাঠগড়ায় বাবর আজম

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১২:২৫ পিএম | 54 বার পড়া হয়েছে
কাঠগড়ায় বাবর আজম

রান তাড়ায় ওপেনিংয়ে নেমে দলের জয় নিয়ে ফিরেছেন বাবর আজম। উপহার দিয়েছেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। কিন্তু মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে যে ঘরানার ব্যাটিংয়ে ইনিংসটি সাজিয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যান, তাতে রীতিমত বিরক্ত অস্ট্রেলিয়ার গ্রেট ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট।
সতীর্থের কাঁধে ম্যাচ জেতানোর সব ভার তুলে দিয়ে, নিজে কেবল টিকে থাকার চেষ্টা করায় বাবরের কড়া সমালোচনা করেছেন গিলক্রিস্ট। তার মতে, বিধ্বংসী হতে না পারলেও অন্তত দ্রুত রান করার উপায় বের করা উচিত বাবরের।
মেলবোর্নে বৃহস্পতিবার ১৬৫ রানের লক্ষ্য তাড়ায় ৫৮ রান করতে ৪৬ বল খেলেন সিডনি সিক্সার্সের ওপেনার বাবর। চারটি চারের সঙ্গে স্রেফ একটি ছক্কা মারেন তিনি।
এই ইনিংসে বাবরের স্ট্রাইক রেট ছিল ১২৬.০৮। দলটির হয়ে রান পেয়েছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে তার স্ট্রাইক রেটই সবচেয়ে কম।
ছয়ে নেমে ২ ছক্কা ও ৩ চারে ১৫ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন জোয়েল ডেভিসেস। তাতে ৫ বল বাকি থাকতে ৬ উইকেট হাতে রেখে জিততে পারে সিডনি সিক্সার্স।
ম্যাচ চলাকালে ফক্স ক্রিকেটে ধারাভাষ্য দেওয়ার সময় বাবরের ব্যাটিংয়ের ধরন বদলাতে বলেন বিশ্বকাপজয়ী কিপার-ব্যাটসম্যান গিলক্রিস্ট।
“বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত নয় বাবর। সে ক্রস ব্যাটে ও স্লগ শটে ছক্কা মারতে যাবে না। (ব্যাট হাতে) তাকে আরও সক্রিয় হতে হবে। স্রেফ বলের সমান রান করে এবং ক্রিজে সঙ্গীর ওপর কাজ শেষ (ম্যাচ জেতানোর) করার সব দায়িত্ব দেওয়ার চিন্তা সে করতে পারে না।”
এমনিতেই টি-টোয়েন্টিতে বাবরের স্ট্রাইক রেট নিয়ে চর্চা হচ্ছে অনেক দিন ধরে। এই কারণে জাতীয় দল থেকেও বাদ পড়েছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩৩৩ ম্যাচ খেলে ১১ হাজার ৬৬৫ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। ১১ সেঞ্চুরি ও ৯৭টি ফিফটি আছে তার। কিন্তু স্ট্রাইক রেট কেবল ১২৮.৮৯।
চলতি আসর দিয়ে বিগ ব্যাশে অভিষেক হয় বাবরের। অস্ট্রেলিয়ার ঘরোয়া এই প্রতিযোগিতায় এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে দুটি ফিফটি করেছেন তিনি। অন্য তিন ইনিংসে দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
গত ২০ ডিসেম্বর সিডনি থান্ডারের বিপক্ষে খেলা ৫৮ রানের ইনিংসটিতে তার স্ট্রাইক রেট ছিল ১৩৮.০৯। সেদিন দুটি ছক্কা ও পাঁচটি চার মারেন তিনি ৪২ বল খেলে।

জীবন সব সময় সহজ পথে চলে না : প্রিয়াঙ্কা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:৪৮ পিএম
জীবন সব সময় সহজ পথে চলে না : প্রিয়াঙ্কা

বলিউডের সাফল্যের আকাশে তখন তিনি মধ্যগগনে। একের পর এক সুপারহিট সিনেমা আর বিশ্বজোড়া খ্যাতি তবুও হঠাত করেই যেন প্রিয়াঙ্কা চোপড়া নিজেকে গুটিয়ে নিয়েছিলেন মায়ানগরী মুম্বাই থেকে। দীর্ঘ সময় পর সেই রহস্যের জট খুললেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি ‘নট স্কিনি বাট নট ফ্যাট’ নামক একটি পডকাস্টে অংশ নিয়ে প্রিয়াঙ্কা জানান, কেন বাধ্য হয়ে তাকে বলিউড ছাড়তে হয়েছিল।
বলিউডের অভ্যন্তরীণ নোংরা রাজনীতি এবং কোণঠাসা হওয়ার ইঙ্গিত দিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি আসলে এমন একজন মানুষ যে পচা আবর্জনার মধ্যে বেশিক্ষণ থাকতে পছন্দ করি না। কারণ বেশিদিন সেখানে থাকলে আপনি সেই গন্ধে অভ্যস্ত হয়ে যাবেন। আমি দীর্ঘক্ষণ কোনো নোংরামির মধ্যে থাকতে চাইনি।’
তার কথায়, ‘জীবন সব সময় সহজ পথে চলে না। আমাদের সবার জীবনেই কিছু লড়াই থাকে। যখন সময় কঠিন হয়ে পড়ে, তখন আমাদের উচিত নিজেকে গুছিয়ে নিয়ে নতুন পথে চলা। আমি আমার ক্যারিয়ারে অনেকবার এমনটা করেছি। এক মুহূর্তের জন্য কষ্ট পাওয়া বা শোক করা ঠিক আছে কিন্তু তারপরই সব ঝেড়ে ফেলে উঠে দাঁড়াতে হয়।’
হলিউডে পাড়ি জমানোর সিদ্ধান্তটি প্রিয়াঙ্কার জন্য মোটেও সহজ ছিল না। কারণ সেই সময় বিশ্বমঞ্চে ভারতীয়দের প্রতিনিধিত্ব ছিল নগণ্য। প্রিয়াঙ্কা জানান, তখন আমেরিকার পপ কালচারে মিন্ডি কেলিং কিংবা ঐশ্বরিয়া রাই বচ্চন ছাড়া আর কোনো ভারতীয় মুখ দেখা যেত না। এই অভাববোধ এবং নিজেকে চ্যালেঞ্জ জানানোর প্রবল ইচ্ছাই তাকে অজানার পথে পাড়ি দিতে সাহস জুগিয়েছিল।
নিজের আত্মবিশ্বাস নিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘হলিউডে যাওয়ার সময় আমার সামনে কোনো নিশ্চিত পথ বা উদাহরণ ছিল না। আমি শুধু জানতাম আমি কঠোর পরিশ্রমী এবং নিজের কাজটা জানি। যে কোনো পরিচালক বা সহ-অভিনেতার সামনে আমি সমানে সমানে পাল্লা দিতে পারি এই আত্মবিশ্বাস আমার ছিল। তাই কোনো কিছু না ভেবেই বেরিয়ে পড়েছিলাম।’

‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:৪৭ পিএম
‘প্রিন্স’–এর টিজারে হতাশ দর্শক

নানা জল্পনা-প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেল ঈদের ছবি ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’–র টিজার। বৃহস্পতিবার দুপুরে প্রকাশ পায় সিনেমাটির ‘প্রি-ব্লাস্ট’। যেখানে মেগাস্টার শাকিব খানের সঙ্গে একঝাঁক শক্তিমান অভিনয়শিল্পীর উপস্থিতিতে দারুণ কাস্টিংয়ের আভাস মিলেছে। কিন্তু দর্শকদের প্রত্যাশা পূরণে অনেকটাই ব্যর্থ হয়েছে টিজারটি।
টিজারে কাস্টিংয়ের বৈচিত্র্য ও চরিত্রগুলোর লুক বেশ নজরকাড়া। ১ মিনিট ২৯ সেকেন্ডের এই ঝলকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার রূপে হাজির হয়েছেন শাকিব খান। তাকে দুটি ভিন্ন লুকে দেখা গেছে।
একটিতে লম্বা চুল ও চোখে সানগ্লাস পরে তিনি অ্যাকশন মুডে আছেন, অন্যটিতে ছোট কোঁকড়া চুল, ছোট দাড়ি ও ডেনিম জ্যাকেটে তাকে এক অন্য রূপে দেখা গেছে। এটি প্রিন্সের অতীত কাহিনি নাকি দ্বৈত চরিত্র, তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে দর্শকমহলে।
দুই নায়িকার মধ্যে তাসনিয়া ফারিণকে দেখা গেছে রাতের অন্ধকারে একটি গাড়ি ভেতর। যেখানে তার চরিত্রকে চিন্তিত ও রহস্যময় রূপে দেখা গেছে।
অন্যদিকে ওপার বাংলার নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডুর দেখা মেলে লাস্যময়ী ও প্রাণোচ্ছল রূপে। জ্যোতির্ময়ীকে এক ঝলক দেখা মিললেও ভারতীয় শিল্পীদের চরিত্রগুলোর ডেলিভারি নিয়ে প্রশংসা বইছে বেশ।
বিশেষ করে তাদের অ্যাকশন, অ্যাটিউড নিয়ে বলিউডি ভাইব নিয়ে আলোচনায় মেতেছে দর্শকমহল। বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় মুখ লোকনাথ দে-কে দেখা গেছে চিরচেনা, গ্যাংদের একজন চতুর দলনেতার রূপেই; যা দিয়েছে আলাদা মাত্রা।
এছাড়াও ভারতীয় ওয়েব কনটেন্ট থেকে আলোচনায় আসা অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে দেখা গেছে পুরোদস্তর একজন নির্দয়, নৃশংস খলনায়কের ভূমিকায়। বয়স্ক লুকে পাইপ হাতে জানালার পাশে দাঁড়িয়ে থাকা তার চিন্তামগ্ন অবস্থা তৈরি করেছে রহস্য; সঙ্গে ক্যামেরায় ফুটে উঠিয়েছেন সর্বোচ্চ রুক্ষ চরিত্র।

চরম ভায়োলেন্স লুকে সিয়াম

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:৪৬ পিএম
চরম ভায়োলেন্স লুকে সিয়াম

আসছে ঈদকে সামনে রেখে ঢালিউডে বইছে নতুন নতুন সিনেমার হাওয়া! সেই তালিকায় রয়েছে সিয়াম আহমেদের সিনেমা ‘রাক্ষস’। বৃহস্পতিবার দুপুরে প্রকাশ করা হলো এর অফিশিয়াল পোস্টার।
পোস্টারটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। মেহেদী হাসান হৃদয় নির্মিত এই সিনেমার পোষ্টার প্রকাশ হতেই দর্শকদের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
পোস্টারে সিয়াম আহমেদকে এক বিধ্বংসী ও রক্তমাখা অবয়বে দেখা গেছে। যা এখন ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। পোস্টারে দেখা যায় সিয়াম আহমেদ একটি চেয়ারের ওপর বসে আছেন। তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য নিথর দেহ ও ছোপ ছোপ রক্ত। হাতে মুখে রক্ত, আরেক হাতে চাপাতি। মুখে জ্বলন্ত সিগারেট নিয়ে তার এই রুদ্রমূর্তি ইঙ্গিত দিচ্ছে এক চরম অন্ধকার ও ভায়োলেন্সপূর্ণ গল্পের।
সিনেমাটির অগ্রগতি নিয়ে নির্মাতা সদ্য জানিয়েছেন, সিনেমাতির কাজ এখন পোস্ট প্রোডাকশন বা সম্পাদনার শেষ পর্যায়ে রয়েছে। প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি একটি স্থিরচিত্র প্রকাশের পর কথা অনুযায়ী চলতি সপ্তাহেই অফিশিয়াল পোস্টারটি দর্শকদের সামনে আনা হলো।
পরিচালক জানিয়েছিলেন, আগের কাজ ‘বরবাদ’ সিনেমার চেয়েও তিন গুণ বেশি ভায়োলেন্স থাকছে ‘রাক্ষস’-এ। তিনি আশাবাদী যে দর্শক এই ভিন্নধর্মী উপস্থাপনকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন এবং একবার দেখার পর বারবার এটি দেখতে চাইবেন।
‘রাক্ষস’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। সিনেমায় তাকে একজন আধুনিক, শিক্ষিত ও উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে। সিনেমাটির মূল উপজীব্য হলো অন্ধকার জগতের গল্প যেখানে প্রচুর ভায়োলেন্স ও রাফ ন্যারেটিভ থাকবে যা দেশীয় সিনেমায় সচরাচর দেখা যায় না। রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমাটি আগামী ঈদে প্রেক্ষাগৃহে দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতার স্বাদ দেবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

error: Content is protected !!