শাহজালালে এক মাসে বাতিল ৮৯৪টি ফ্লাইট
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত এক মাসে ৮৯৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। একই সময়ে সীমিত পরিসরে ১২৮৯টি ফ্লাইট পরিচালিত বা পরিকল্পনায় রাখা হয়েছে, যা বিমান চলাচলে বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।
বিমানবন্দর সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা আংশিক বা পুরোপুরি বন্ধ থাকায় ধারাবাহিকভাবে ফ্লাইট বাতিল হচ্ছে।
পরিসংখ্যান অনুযায়ী, ১ মার্চ সর্বোচ্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়। এরপরও প্রতিদিন গড়ে ২০ থেকে ৩৫টি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে। সর্বশেষ ১ এপ্রিল রাত ১২টার পর থেকে আরও ১৮টি ফ্লাইট বাতিল হয়েছে।
অন্যদিকে, সীমিত আকারে ফ্লাইট পরিচালনা অব্যাহত রয়েছে। বিশেষ করে মাসকাট, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতগামী ফ্লাইটগুলো আংশিক চালু রাখা হয়েছে। বিভিন্ন দিনে ৩০ থেকে ৫০টির মতো ফ্লাইট পরিচালিত হয়েছে, যা সংকটের মধ্যেও যোগাযোগ সচল রাখার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।














