নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আফতাবনগরে আসক ফাউন্ডেশনের কর্পোরেট অফিস উদ্বোধন
রাজধানীর আফতাবনগরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন’-এর নতুন কর্পোরেট অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে কার্যালয়টির যাত্রা শুরু হয়, যা সংস্থার আইনি ও মানবিক কার্যক্রমকে আরও বেগবান করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সংস্থার চেয়ারম্যান মোস্তফা ফয়সাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে নতুন এই অফিসের উদ্বোধন করেন। উদ্বোধন পরবর্তী বক্তব্যে তিনি বলেন, “আসক ফাউন্ডেশন দীর্ঘ দিন ধরে সমাজের নির্যাতিত, নিপীড়িত ও বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে। এই নতুন কর্পোরেট অফিস স্থাপনের মাধ্যমে আমাদের আইনি সহায়তা ও মানবিক সেবা কার্যক্রম আরও সুসংগঠিত এবং গতিশীল হবে।”
অনুষ্ঠানটি সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মো. শাহাদাত হোসেন শাওন-এর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় সম্পন্ন হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম মেহেদী হাসান এবং ভাইস চেয়ারম্যান শারমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন হেলাল উদ্দিন হিলু, পরিচালক, আসক ফাউন্ডেশন, মো. সোহেল মিয়া, পরিচালক, আসক ফাউন্ডেশন, মো. মাইদুল, আজীবন সদস্য, মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি, গাজীপুর জেলা কমিটি, ঢাকা মহানগর উত্তরের আসক ফাউন্ডেশন কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক নাজমুল মণ্ডল সহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, মানবাধিকার কর্মী ও সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দিনের শুরুতেই পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়ার মাধ্যমে অফিসের দাপ্তরিক কার্যক্রমের সূচনা করা হয়। এরপর অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আসক ফাউন্ডেশনকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। নেতৃবৃন্দ সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে আইনি লড়াই জোরদার করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সবশেষে দেশ ও জাতির সার্বিক মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

















