প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের
বাতিল করল অনলাইন জটিলতা: সরাসরি কার্ড ও স্টিকার সংগ্রহ
ত্রয়োদশ জাতীয় সংসদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংবাদ সংগ্রহে নিয়োজিত গণমাধ্যমকর্মীদের জন্য বড় স্বস্তির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকার সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা নিরসনে অনলাইন আবেদন প্রক্রিয়া বাতিল করে এখন থেকে সশরীরে বা ম্যানুয়ালি কার্ড ইস্যু করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন।
বৃহস্পতিবার ( ২৯ জানুয়ারী ) বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, অনলাইন আবেদন ব্যবস্থায় তৈরি হওয়া প্রযুক্তিগত জটিলতা ও সাংবাদিকদের ভোগান্তি দূর করতেই এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, খুব শিগগিরই ম্যানুয়ালি কার্ড ইস্যু করার বিস্তারিত প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তবে যারা ইতোমধ্যে অনলাইনে সফলভাবে আবেদন করেছেন, তাদের আবেদন যথাযথভাবেই প্রক্রিয়াধীন থাকবে। আর যারা এখনো আবেদন করতে পারেননি বা অনলাইন পোর্টালে সমস্যার সম্মুখীন হয়েছেন, তাদের নতুন করে অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। তারা সরাসরি নির্বাচন ভবনে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে কার্ড সংগ্রহ করতে পারবেন।
প্রথমদিকে স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে অনলাইনে আবেদন পদ্ধতি চালু করা হলেও সাংবাদিক নেতারা অভিযোগ করেন যে, ইসির পোর্টালটি ব্যবহারবান্ধব নয় এবং কারিগরি ত্রুটির কারণে মাঠ পর্যায়ের অনেক সাংবাদিক আবেদন করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছিলেন। বিষয়টি নিয়ে সাংবাদিক সংগঠনগুলোর চাপ ও দাবির মুখে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন দ্রুত সমাধানের আশ্বাস দেন।
এদিকে সাংবাদিক নেতারা আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে সমস্যার স্থায়ী সমাধানের আল্টিমেটাম দিয়েছিলেন। সেই সময়সীমার আগেই কমিশন সিদ্ধান্ত পরিবর্তন করায় সাংবাদিক মহলে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে।
নির্বাচনের মাঠে সঠিক ও নিরপেক্ষ তথ্য তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছে কমিশন। সংশ্লিষ্ট মহলের মতে, এই সিদ্ধান্ত অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করবে এবং নির্বাচনী সংবাদ সংগ্রহের পরিবেশ আরও সহজ ও স্বচ্ছ করবে।
বিশ্লেষকদের মতে, ইসির এই পদক্ষেপ একটি অবাধ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করার পথে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

















