বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২
বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

‘নতুন দ্রগবা’

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৫:৩১ পিএম | 55 বার পড়া হয়েছে
‘নতুন দ্রগবা’

জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে নিজেদের দ্বিতীয় সাইনিং সম্পন্ন করতে যাচ্ছে অ্যাস্টন ভিলা। ইউরোপিয়ান ফুটবলে ভবিষ্যতের বড় তারকা হিসেবে বিবেচিত এক তরুণ ফুটবলার ভিলা পার্কে মেডিকেল পরীক্ষার জন্য প্রস্তুত, এমনটাই জানিয়েছে একাধিক সূত্র।
প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে রয়েছে ভিলানরা। ২০২৫ সালের শেষভাগে প্রায় নিখুঁত পারফরম্যান্সের সুবাদে তারা নতুন বছর শুরু করে লিগ টেবিলের তৃতীয় স্থানে থেকে।
৩০ ডিসেম্বর আর্সেনালের কাছে ৪-১ ব্যবধানে হার শিরোপা দৌড়কে কিছুটা কঠিন করে তুললেও, উনাই এমেরির দল এখন চ্যাম্পিয়নস লিগে দারুণ অবস্থানে রয়েছে। ১৯৯২-৯৩ মৌসুমের পর এই প্রথম তারা প্রিমিয়ার লিগে শীর্ষ তিনে শেষ করার বাস্তব সম্ভাবনা তৈরি করেছে।
দারুণ লিগ অবস্থান থাকা সত্ত্বেও জানুয়ারিতে দলকে আরো শক্তিশালী করতে চান কোচ উনাই এমেরি। বিশেষ করে ঘরোয়া প্রতিযোগিতা ও ইউরোপা লিগে সাফল্য ধরে রাখতে বাড়তি শক্তি যোগ করাই লক্ষ্য। এরই মধ্যে ১৯ বছর বয়সী উইঙ্গার আলিসনকে গ্রেমিও থেকে দলে ভিড়িয়েছে ভিলা। এবার আসছে ২০২৬ সালের দ্বিতীয় সাইনিং।
ট্রান্সফার বিশেষজ্ঞ রোমানো জানান, ফরাসি ক্লাব মেটজ থেকে ১৬ বছর বয়সী স্ট্রাইকার ব্রায়ান মাদজোকে দলে নিতে ১২ মিলিয়ন ইউরো (প্রায় ১০ মিলিয়ন পাউন্ড) ফিতে চুক্তি সম্পন্ন করেছে অ্যাস্টন ভিলা। পাঁচ বছরের চুক্তিতে এই ‘চমকপ্রদ’ সাইনিংয়ের জন্য মেডিকেলও নির্ধারিত রয়েছে।
রোমানো এক্সে লেখেন, ‘এক্সক্লুসিভ: অ্যাস্টন ভিলা ২০০৯ সালে জন্ম নেওয়া প্রতিভাবান ব্রায়ান মাদজোকে দলে নিতে চুক্তি সম্পন্ন করেছে। ১২ মিলিয়ন ইউরোর ডিল। ভেতরে ভেতরে পরিকল্পিত এক চমকপ্রদ ট্রান্সফার। পাঁচ বছরের চুক্তি, মেডিকেল বুকড।’
৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই কিশোর ইতোমধ্যে লুক্সেমবার্গের হয়ে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। তবে সাম্প্রতিক সময়ে সে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের হয়েও খেলেছে, যা জাতীয় দল বাছাই নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ব্রায়ান মাদজো ক্যামেরুনের সাবেক ফুটবলার গাই মাদজোর ছেলে। গাই মাদজো ইংলিশ ফুটবল লিগে দীর্ঘ সময় খেলেছেন। ব্রায়ানের জন্ম লন্ডনের এনফিল্ডে, ২০০৯ সালের জানুয়ারিতে। ক্যারিয়ার শুরু করেন লুক্সেমবার্গের মারিসকা মার্শ ও রেসিং এফসি ইউনিয়ন লুক্সেমবার্গে। ২০২৩ সালে মেটজে যোগ দেন তিনি। ২০২৫ সালের আগস্টে লিগ ওয়ানে অভিষেকের পর এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন।
অসাধারণ সম্ভাবনার কারণে ইতোমধ্যেই তাকে তুলনা করা হচ্ছে সময়ের সেরা কিছু স্ট্রাইকারের সঙ্গে। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান তাকে আখ্যা দিয়েছে ‘পরবর্তী দিদিয়ের দ্রগবা’ হিসেবে। স্পেনের গণমাধ্যমেও তার শক্তি ও খেলার ধরন দেখে ড্রগবার সঙ্গে তুলনা টানা হয়েছে।
দ্রগবা ছাড়াও মাদজোর সঙ্গে তুলনা করা হয়েছে রোমেলো লুকাকোর। এমনকি লুক্সেমবার্গের টেকনিক্যাল ডিরেক্টর মানুয়েল কারদোনি দাবি করেছেন, ভবিষ্যতে মাদজো লুকাকুর চেয়েও ভালো হতে পারে।
কারদোনি বলেন, ‘তার প্রোফাইল লুকাকুর মতো। তবে ব্রায়ান আরও পরিপূর্ণ। সে ছোট জায়গায় ভালো খেলে, পজিশনিং অসাধারণ, ডিফেন্সের পেছনে দৌড়াতে পারে এবং দুই পায়েই বল খেলতে পারে। তার উন্নতির সুযোগ বিশাল।’
এর আগে রিয়াল মাদ্রিদ ও চেলসির সঙ্গেও নাম জড়িয়েছিল এই কিশোর স্ট্রাইকারের। সবকিছু ঠিকঠাক হলে উনাই এমেরির প্রকল্পে ভবিষ্যতের এক বড় তারকাকে যুক্ত করতে যাচ্ছে অ্যাস্টন ভিলা, যাকে অনেকেই দেখছেন ক্লাবটির জন্য বড় এক অর্জন হিসেবে।

জয় ই মামুন

মানিকগঞ্জে অবৈধভাবে ইট উৎপাদনের দায়ে সাতটি ইটভাটাকে জরিমানা

জয় ই মামুন প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:১৫ পিএম
মানিকগঞ্জে অবৈধভাবে ইট উৎপাদনের দায়ে সাতটি ইটভাটাকে জরিমানা

সোমবার (৩০ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কেটে ইট তৈরির অভিযোগে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারা অনুযায়ী এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানে যেসব ইটভাটাকে জরিমানা করা হয়েছে সেগুলো হলো- কে এফ সি ব্রিকস (বেরুন্ডি) ৪ লাখ টাকা, মেসার্স সোহানা ব্রিকস (খোলাপাড়া) ৪ লাখ টাকা, মেসার্স এ এ বি অ্যান্ড কোং (গাড়াদিয়া) ৩ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স জে বি সি ব্রিকস (গোবিন্দল) ২ লাখ টাকা, মেসার্স কে বি সি ব্রিকস-১ (রামকান্তপুর) ১ লাখ ৫০ হাজার টাকা,
মেসার্স কে বি সি ব্রিকস-২ (রামকান্তপুর) ১ লাখ ৫০ হাজার টাকা এবং মেসার্স এম আর এম ব্রিকস (রামকান্তপুর) ২ লাখ ৫০ হাজার টাকা।

অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। এ সময় উপস্থিত ছিলেন জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তারা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক মো. মোজাফফর খান।

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাব-৪ ও জেলা পুলিশের সদস্যরা সহায়তা প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে পরিবেশ ধ্বংস রোধে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিস্টরা।

সামিনুর ইসলাম নীলফামারী

জলঢাকায় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

সামিনুর ইসলাম নীলফামারী প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:১৩ পিএম
জলঢাকায় শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী পৌর (৪নং ওয়ার্ড) ডাঙ্গপাড়া এলাকায় সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যার ঘটনায় মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

নিহত মিমনুর রহমান ভ্যানচালক আলমগীর হোসেন (আল্লীর) প্রথম পুত্র এবং বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ তিনি ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে নিহত হন। এ ঘটনার পর থেকেই এলাকায় উদ্বেগ, শোক ও ক্ষোভ বিরাজ করছে।

এ মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণকারীরা ন্যায়বিচারের দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা মোছা: মনোয়ারা বেগম, সহকারী প্রধান শিক্ষক মহুবর রহমান, শিক্ষক আব্দুল হাই, মিজানুর রহমান, স্বপন কুমার রায়, ভগীরথ চন্দ্র রায় এবং সহকারী শিক্ষিকা সাজেদা সুলতানা ও শিলা রানী রায়সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন নিরপরাধ শিক্ষার্থীর এমন নির্মম মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়।

এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

এদিকে, নিহতের পরিবার শোকে স্তব্ধ হয়ে পড়েছে এবং দ্রুত বিচার প্রত্যাশা করছে। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে, যাতে এমন ঘটনা আর পুনরাবৃত্তি না ঘটে।

১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে চারতলা ভবন

আধুনিক হচ্ছে যশোর কোতোয়ালি মডেল থানা

মেহেদী হাসান রিপন প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:১১ পিএম
আধুনিক হচ্ছে যশোর কোতোয়ালি মডেল থানা

যশোরবাসীর পুলিশি সেবা আরও বেগবান ও আধুনিক করতে বড় ধরনের সংস্কার উদ্যোগে হাত দিয়েছে সরকার। শহরের জরাজীর্ণ কোতোয়ালি মডেল থানা ভবনটি ভেঙে সেখানে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে একটি দৃষ্টিনন্দন ও আধুনিক চারতলা ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে।

ষাট দশকে নির্মিত বর্তমান থানা ভবনটি দীর্ঘ ব্যবহারের ফলে বর্তমানে ব্যবহারের অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সরকারের দেশব্যাপী ১০৭টি থানা আধুনিকায়ন প্রকল্পের আওতায় এই সংস্কার কাজ শুরু হচ্ছে। যশোর গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে এই মেগা প্রকল্প বাস্তবায়িত হবে।

যশোর গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, নতুন এই ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৭২ লাখ টাকা। ২৬ হাজার স্কয়ার ফিটের এই ভবনের মূল কাঠামো বা ফাউন্ডেশন হবে ছয়তলা পর্যন্ত, তবে প্রাথমিক পর্যায়ে এটি চারতলা হিসেবে নির্মিত হবে। ঝিনাইদহের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রের মাধ্যমে কাজটি সম্পন্ন করার দায়িত্ব পেয়েছে। আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সেবাপ্রার্থী এবং পুলিশ সদস্যদের সুবিধার্থে ভবনের প্রতিটি তলা সুনিপুণভাবে সাজানো হয়েছে:
* প্রথম তলা: অভ্যর্থনা কেন্দ্র এবং দাপ্তরিক অফিস।
* দ্বিতীয় তলা: হাজতখানা ও প্রশাসনিক শাখা।
* তৃতীয় তলা: অফিস এবং নারী পুলিশ সদস্যদের জন্য ব্যারাক।
* চতুর্থ তলা: পুরুষ পুলিশ সদস্যদের জন্য আধুনিক ব্যারাক।

অস্থায়ীভাবে কার্যক্রম চলবে চাঁচড়া পুলিশ ফাঁড়িতে

নির্মাণ কাজ চলাকালীন জনসেবা যেন ব্যাহত না হয়, সেজন্য থানার যাবতীয় কার্যক্রম সাময়িকভাবে চাঁচড়া পুলিশ ফাঁড়ি থেকে পরিচালিত হবে। আগামী ৫ এপ্রিলের মধ্যে বর্তমান ভবনটি খালি করার পরিকল্পনা রয়েছে।

তবে জনবল অনুযায়ী চাঁচড়া ফাঁড়িতে পর্যাপ্ত আবাসন ব্যবস্থা না থাকায় পুলিশ সদস্যদের সাময়িকভাবে কিছুটা আবাসন সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান বলেন, উন্নত ও আধুনিক পুলিশি সেবার স্বার্থে এই সাময়িক কষ্টটুকু মেনে নিতে হবে। নতুন ভবন নির্মিত হলে যশোরবাসীকে সেবা প্রদানের মান ও পুলিশের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।

error: Content is protected !!