সিরাজগঞ্জের ৩টি আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১, ২ ও ৩ আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে নাগরিক ঐক্য ও স্বতন্ত্রসহ মোট ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারী) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ কে.এম শামসুদ্দিন সম্মেলন কক্ষে যাচাই-বাছাই কার্যক্রম শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এ ঘোষণা করেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সিরাজগঞ্জ-১ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী (যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরিক ঐক্য, কেন্দ্রীয় কমিটি) মো. নাজমুস সাকিব এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুরের কাগজপত্রে ত্রুটি থাকায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. সেলিম রেজা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. শাহীনুর আলমসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
সিরাজগঞ্জ-২ আসনে জনতার দলের মো. সোহেল রানার ঋণ খেলাপি হওয়ার অভিযোগে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. আনোয়ার হোসেনের কাগজপত্রে ত্রুটি থাকায় তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ আসনে বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মদ জাহিদুল ইসলামসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
এদিকে সিরাজগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. ইলিয়াস রেজা রবিন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ আব্দুর রউফ সরকারের কাগজপত্রে ত্রুটি থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে বিএনপির প্রার্থী মো. আয়নুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুস সামাদ ও জাতীয় পার্টির মো. ফজলুল হকের প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।











