বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

দুঃখিত আপা! এটি শেষ!

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৪৭ পিএম | 116 বার পড়া হয়েছে
দুঃখিত আপা! এটি শেষ!

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যখন জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে জুলাই এবং আগস্টের সহিংসতার নিরপেক্ষ তদন্ত পরিচালনার জন্য আমন্ত্রণ জানান, তখন অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। কেউ কেউ পুরনো বাংলা প্রবাদটি স্মরণ করিয়ে দিয়েছিলেন, ‘খাল কেটে কুমির আনার ব্যবস্থা হচ্ছে।’

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম ওই পোস্টে লেখেন, ‘অনেকের আশঙ্কা ছিল যে, জাতিসংঘ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অপ্রয়োজনীয়ভাবে হস্তক্ষেপ করবে এবং হয়ত এমন একটি আপসকামী প্রতিবেদন প্রকাশ করবে, যেটি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে দেখা গেছে। তবে অধ্যাপক ইউনূস তার সিদ্ধান্তে দৃঢ় ছিলেন। ড. ইউনূস চেয়েছিলেন, হত্যাকাণ্ড ও সহিংসতার বিষয়ে একটি নিরপেক্ষ তদন্ত। তার বিশ্বাস ছিল, জাতিসংঘের মানবাধিকার দপ্তরই একমাত্র সংস্থা যারা এমন সত্য উদঘাটন করতে পারে। অবশ্য, বাংলাদেশে সবাই জানত জুলাই ও আগস্টে কী ঘটেছে, কারা হত্যার নির্দেশ দিয়েছে, পুলিশের ভূমিকা কী ছিল, নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ নেতৃত্ব ও কর্মীদের কী ভূমিকা ছিল। তবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং নিরপেক্ষ সংস্থার তদন্ত প্রতিবেদন থাকাটা জরুরি ছিল। আর সেই সত্য যদি অপ্রিয় হয়, তাতেও আপত্তি নেই! অবশেষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা শেখ হাসিনার নেতৃত্বের ওপর চূড়ান্ত আঘাত হেনেছে।’

তিনি আরও লেখেন, ‘শেখ হাসিনার রাজনীতিতে ফেরার সামান্য সম্ভাবনাও এখন শেষ। যদি আওয়ামী লীগ এবং তাদের সেই বিশাল কর্মীবাহিনী, যারা জুলাই-আগস্টের হত্যাযজ্ঞে জড়িত ছিল না, দলকে পুনর্জীবিত করতে চায়, তবে একমাত্র উপায় হলো—শেখ হাসিনা ও তার পরিবারকে প্রত্যাখ্যান করা এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া। জাতিসংঘের প্রতিবেদন অন্য কোনো ব্যাখ্যার সুযোগ দেয়নি।’

১৯৯০ সালে সামরিক শাসক জেনারেল এরশাদ যখন গণ-আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন, তখন তার বয়স ছিল ৫৯ বছর উল্লেখ করে তিনি লেখেন, ‘তিনি ছিলেন এক দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসক। এরশাদ পতনের পর তত্ত্বাবধায়ক সরকার তাকে কারাগারে পাঠিয়ে দুর্নীতির অভিযোগে মামলা করে। পরবর্তীতে খালেদা জিয়ার সরকারও একই নীতি অনুসরণ করে। তবে বিএনপি এবং আওয়ামী লীগ এরশাদের জাতীয় পার্টির শীর্ষ নেতাদের দলে টেনে নেয়, ফলে এরশাদকে কিছু তরুণ ও বিশ্বস্ত নেতাদের ওপর নির্ভর করতে হয়।
তবে সবাই জানত, এরশাদ রাজনীতিতে ফিরবেন। কারণ, তিনি দেশের উত্তরাঞ্চলে একটি বিশাল ভোটব্যাংক ধরে রেখেছিলেন।’

প্রেসসচিব লেখেন, ‘শেষ পর্যন্ত এরশাদ রাজনীতিতে ফিরে আসেন এবং প্রায় দুই দশক ধরে বাংলাদেশের রাজনীতির ‘কিংমেকার’ হিসেবে প্রভাবিত ছিলেন। তার দীর্ঘস্থায়ী রাজনৈতিক প্রভাবের পেছনে একটি কারণ ছিল—আন্তর্জাতিক মহলে তার শাসনামল নিয়ে খুব বেশি আলোচনা হয়নি এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য তাকে তীব্র নিন্দার মুখে পড়তে হয়নি। যদিও তার শাসনামলে কয়েকটি উচ্চপ্রোফাইল হত্যাকাণ্ড ঘটে, কোনো তদন্তই প্রমাণ করতে পারেনি যে তিনি এসব হত্যার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এতটা সৌভাগ্যবান নয়! আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো তার মানবাধিকার লঙ্ঘনের প্রায় সব ঘটনাই নথিভুক্ত করেছে। তার ভোট কারচুপির কৌশল ছিল স্পষ্ট ও নির্লজ্জ। গুম, গণহত্যা, গণগ্রেপ্তার—সবই বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে। তারপরও, সন্ত্রাসবিরোধী অবস্থানের কারণে তিনি পশ্চিমা বিশ্বের সমর্থন পেতেন। তার একনায়কতন্ত্রের বিরুদ্ধে যখনই বিশ্বজুড়ে প্রতিবাদ উঠেছে, পশ্চিমা দেশগুলো তাকে অনিচ্ছাসত্ত্বেও সমর্থন দিয়েছে, কারণ তিনি ‘ওয়ার অন টেরর’ বা সন্ত্রাসবিরোধী যুদ্ধে ‘সঠিক’ পক্ষে ছিলেন।’

তিনি আরও লেখেন, ‘এমনকি তার পতনের পরও আওয়ামী লীগের প্রচারযন্ত্র ও ভারতীয় গণমাধ্যম প্রমাণ করতে চেয়েছে যে জুলাইয়ের বিদ্রোহ ছিল মূলত ইসলামপন্থিদের দ্বারা সংগঠিত, যা মূলত ‘ওয়ার অন টেরর’-এর অংশ হিসেবে একটি প্রচার কৌশল। অবশেষে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন তার সব প্রচেষ্টা ধ্বংস করে দিয়েছে। দুঃখিত, আপা! এটি শেষ!’

খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, থানায় অভিযোগ

খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৮ পিএম
আশুলিয়ায় গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়া এলাকায় এক গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মোছাঃ মিনারা খাতুন (৩৬) অভিযুক্ত মোঃ সাজ্জাদ ঢালী (২৮)-এর বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী বিদেশে অবস্থান করায় তিনি কন্যাসন্তানকে নিয়ে আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করেন এবং স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। অভিযুক্ত সাজ্জাদ ঢালীর সঙ্গে তার পরিচয় হয় মোবাইল ফোনের মাধ্যমে। অভিযুক্ত নিজেকে বিশ্বস্ত পরিচিত দাবি করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৫৮ হাজার টাকা হাতিয়ে নেন।

পরবর্তীতে টাকা ফেরত চাইলে অভিযুক্ত ভুক্তভোগীকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিতে শুরু করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ভুক্তভোগীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি সংগ্রহ করে অন্য এক নারীর নগ্ন শরীরের সঙ্গে যুক্ত করে ভুয়া ভিডিও তৈরি করেন। পরে সেই ভিডিও ভুক্তভোগীর স্বামীর কাছে পাঠানোর হুমকি দিয়ে আরও অর্থ আদায় করেন তিনি।

একপর্যায়ে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত ইমু অ্যাপের ভিডিও কলে ভুক্তভোগীর নগ্ন ভিডিও ধারণ করেন এবং তা সরাসরি তার স্বামীর কাছে পাঠিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। এর ফলে ভুক্তভোগীর দাম্পত্য জীবনে চরম সংকট সৃষ্টি হয় এবং তার স্বামী তালাকের হুমকি দেন।

ভুক্তভোগীর অভিযোগে বলা হয়, সর্বশেষ গত ২৮ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত পুনরায় নগ্ন ভিডিও পাঠিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন। এমনকি থানায় অভিযোগ দায়ের করার পরও অভিযুক্ত মোবাইল ফোনে ভুক্তভোগীকে হুমকি দেন। তিনি ভুক্তভোগীর দেশে থাকা ভাইকে আটক করে মারধর ও হত্যার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী মিনারা খাতুন বলেন, “আমি এই প্রতারক ও ব্ল্যাকমেইলকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কোনো নারী এ ধরনের ভয়াবহ অপরাধের শিকার না হন।”

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ

কাজিপুরে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৭ পিএম
কাজিপুরে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন। এ উপলক্ষ্যে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার পরিদর্শন করেন।

তিনি উপজেলার সিমান্তবাজার, সোনামুখী ও আলমপুর সহ বড় বাজারগুলো ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় নিত্যপণ্যের মূল্যতালিকা টানানো হয়েছে কিনা, অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কিনা এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা তা তদারকি করেন।

এছাড়াও বাজার দখলমুক্ত করতে বাজারে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। বাজার মনিটরিং শেষে ইউএনও গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য বলেন, রমজান মাসে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা আদায় বরদাস্ত করা হবে না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়াও বাজারগুলোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ শরীফুল ইসলাম, প্রানীসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত মনিটরিং হলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে রমজানের বাজার করতে পারবে।

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি

বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ গেছে

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৩ পিএম
বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ গেছে

বাংলাদেশের আকাশে আজ (১৮ই ফেব্রুয়ারি) ২০২৬ (বুধবার) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে সন্ধ্যার পরে দেশের বিভিন্ন স্থানে নতুন চাঁদ দেখা গেছে এবং আগামী (১৯ই ফেব্রুয়ারি) (বৃহস্পতিবার) থেকে বাংলাদেশে রোজা শুরু হবে। চাঁদ দেখা যাওয়ার খবরটি আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পরে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ দেশের আকাশে রমজানের নতুন চাঁদ দেখা গেছে, তাই পবিত্র রমজান মাস আজ শুরুর ঘোষণা করা হয়েছে এবং কাল থেকে রোজা পালন শুরু হবে।