সাতক্ষীরায় ১০ প্রার্থীর মনোনয়ন বাতিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৯ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কর্তৃপক্ষ। অপরদিকে বিভিন্ন ত্রুটির কারণে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে এই যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গত ২৯ ডিসেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে মোট ২৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
সাতক্ষীরা-১ আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী এস এম মুজিবর রহমান প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা না দেওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়। বাকি ৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন— বাংলাদেশ কংগ্রেসের মোঃ ইয়ারুল ইসলাম, জামায়াতে ইসলামীর মোঃ ইজ্জত উল্লাহ, জাতীয় পার্টির জিয়াউর রহমান,
বিএনপির হাবিবুল ইসলাম হাবিব এবং
ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মোঃ রেজাউল করিম।
সাতক্ষীরা-২ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। জাতীয় পার্টির প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়নের মনোনয়নপত্র নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত স্বাক্ষর না থাকায় বাতিল করা হয়। বাকি ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মাদ আব্দুল খালেক, বিএনপির মোঃ আব্দুর রউফ,
জাতীয় পার্টির মোঃ আশরাফুজ্জামান, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জিএম সালাউদ্দিন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর মোঃ ইদ্রিস আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি রবীউল ইসলাম এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) শফিকুল ইসলাম শাহেদ।
সাতক্ষীরা-৩ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী মোঃ শহিদুল আলমের জমাকৃত ১ শতাংশ ভোটারের স্বাক্ষর তালিকায় একজন মৃত ব্যক্তির নাম থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষর তালিকা জমা না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী এমএ আসাফউদ্দৌলা খান ও আসলাম আল মেহেদীর মনোনয়ন বাতিল করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ ওয়েজ কুরনীও শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বাদ পড়েন।
এ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বিএনপির কাজী আলাউদ্দীন,
জামায়াতে ইসলামীর হাফেজ মুহাম্মদ রবিউল বাশার, জাতীয় পার্টির আলিপ হোসেন এবং
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) রুবেল হোসেন।
সাতক্ষীরা-৪ আসনে ৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে ৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন, বিএনপির মোঃ মনিরুজ্জামান, জামায়াতে ইসলামীর জিএম নজরুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের এস এম মোস্তফা আল মামুন।

অপরদিকে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় জাতীয় পার্টির মোঃ আব্দুর রশীদ, অনুমোদিত স্বাক্ষর না থাকায় জাতীয় পার্টির হুসেইন মুহাম্মদ মায়াজ, ঋণ খেলাপি হওয়ায় গণ অধিকার পরিষদের (জিওপি) এইচ এম গোলাম রেজা এবং প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল ওয়াহেদের মনোনয়ন বাতিল করা হয়েছে।
সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন ২৯ জন। যাচাই-বাছাই শেষে ১৯ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ আফরোজা আখতার জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল নিয়ম ও কাগজপত্র যাচাই করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব মনোনয়নপত্রে ত্রুটি পাওয়া গেছে, সেগুলো বিধি অনুযায়ী বাতিল করা হয়েছে।

















