ময়মনসিংহের মুক্তাগাছায় স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে সরকারি ম্যাপ পরিবর্তন করে জোরপূর্বক ব্যক্তিমালিকানাধীন আবাদী জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে বাধা দিতে গেলে ভুক্তভোগী এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের স্ত্রীকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনাও ঘটেছে।
গত সোমবার (৩০ মার্চ, ২০২৬) দুপুরে মুক্তাগাছা থানার ১নং দুল্লা ইউনিয়নের চন্ডিমন্ডপ (গজিয়াপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ সরোয়ার হোসেন মুক্তাগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ সরোয়ার হোসেনের আবাদী জমির ওপর দিয়ে কোনো সরকারি রাস্তা না থাকলেও স্থানীয় অভিযুক্ত মোঃ ফজলুল হক মাস্টার (৫০), মোঃ নজরুল ইসলাম (৫৫) ও মোঃ রুহুল আমীন মাস্টারসহ (৩০) আরও কয়েকজন মিলে ক্ষমতার দাপটে জমির মাঝখান দিয়ে রাস্তা নেওয়ার চেষ্টা করেন। এর আগে ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিলে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
তবে গত ৩০ মার্চ সোমবার দুপুরে সরোয়ার হোসেনের অনুপস্থিতিতে অভিযুক্তরা দলবল নিয়ে কোদাল দিয়ে মাটি কেটে আবাদী জমির মাঝখান দিয়ে জোরপূর্বক রাস্তার কাজ শুরু করেন। খবর পেয়ে সরোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ আছমা ইয়াসমিন (৪৭) ঘটনাস্থলে গিয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করতে চাইলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধর করতে উদ্যত হন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তিনি উদ্ধার হলেও অভিযুক্তরা তাকে খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমির মালিক মোঃ সরোয়ার হোসেন বলেন, “আমার আবাদী জমির ক্ষতি করে ম্যাপ বহির্ভূতভাবে এই রাস্তা নির্মাণ করা হচ্ছে। প্রতিবাদ করায় আমার স্ত্রীকে লাঞ্ছিত করা হয়েছে। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও জানমালের নিরাপত্তা চাই।”
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
