এইচএসসি পরীক্ষা জুনে
গত বছরের মতো এবারও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা জুন মাসের প্রথমার্ধে শুরুর পরিকল্পনা করছে শিক্ষা বোর্ডগুলো।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে আয়োজিত এক সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
জানতে চাইলে বৈঠকে উপস্থিত আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, ‘জুন মাসে পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে সম্ভাব্য সূচি মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর বলা যাবে কবে থেকে এ পরীক্ষা শুরু হবে।’
গত বছর জুন মাসে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল। এবার জুনের শুরুতে এ পরীক্ষা আয়োজন নিয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে ওই সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে বলেন জানান বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী।
তিনি বলেন, ‘৭ জুন (রোববার) থেকে পরীক্ষা শুরু করা যায় কি না তা নিয়ে সভায় কথা হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

















