বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

Md. Abdul Qader

রাজনৈতিক সতর্কতাঃ চেতনার সাথে বাস্তবতা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৭:২৯ পিএম | 19 বার পড়া হয়েছে
রাজনৈতিক সতর্কতাঃ চেতনার সাথে বাস্তবতা

আমরা বাংলাদেশের মানুষ বড়ই চেতনাবাজ। এই কথাটি এখন আর কেবল পর্যবেক্ষণ নয়, এক নির্মম বাস্তবতা। ৭১-এর পূর্বে ধর্মীয় চেতনার নামে এদেশের সাধারণ মানুষকে শোষণ করা হয়েছিল। এমনকি মুক্তিযুদ্ধের সময় খৎনা না থাকলে বা কালেমা বলতে না পারলে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ইতিহাসের এই নির্মমতা আমাদের ভুলে যাওয়ার কথা নয়। অথচ, দুঃখজনকভাবে আমরা দেখেছি, বিগত দেড় দশকে আবার ৭১-এর চেতনার নামেই জনগণকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। অর্থাৎ চেতনার নামে বারবার জনগণ প্রতারিত হয়েছে।
এখন দেশে একটি নতুন রেজিম শুরু হয়েছে, যেখানে ৭১ এবং ২৪-এর চেতনার এক সংমিশ্রণ তুলে ধরা হচ্ছে। এই নতুন চেতনা কী ফল বয়ে আনবে, তা জনগণ ইতিমধ্যেই গভীরভাবে পর্যবেক্ষণ শুরু করেছে। বাস্তবতা হচ্ছে, কোনো চেতনাই জনগণের জন্য খারাপ নয়; প্রতিটি চেতনা জনগণের কল্যাণের কথাই বলে। কিন্তু সমস্যা সেখানে, যেখানে চেতনার প্রচারকরা নিজেরাই সেই চেতনা ধারণ করেন না। জনগণকে শোনানো হয় এক কথা, আর বাস্তবে করা হয় সম্পূর্ণ ভিন্ন কাজ। এই দ্বিচারিতা আর চলবে না।
বর্তমান বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠী জেন জেড। এদের কেউ ফরমাল লার্নার, কেউ ইনফমার লার্নার আবার কেউ নন-ফরমাল লার্নার। এরা আবেগপ্রবণ হলেও অন্ধ নয়, বরং অত্যন্ত সচেতন, সংবেদনশীল ও বিশ্লেষণক্ষম। তারা শুধু শোনে না, তারা দেখতে চায়। কথার সাথে কাজের মিল না থাকলে তারা নিরব থাকে না; তারা প্রতিবাদ করে, গর্জে ওঠে। আর এই গর্জন যদি বিস্ফোরণে রূপ নেয়, তবে তা কোনো সাধারণ অস্থিরতা হবে না, তা হয়ে উঠতে পারে ভয়াবহ প্রলয়ের সূচনা।
এই বাস্তবতায় বর্তমান রেজিমের জন্য এটি একটি কঠোর সতর্কবার্তা হলো, অতীত থেকে শিক্ষা নিন। রাষ্ট্র পরিচালনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। দেশের প্রতিটি স্তরে সচ্চরিত্রবান, যোগ্য ও দুর্নীতিমুক্ত ব্যক্তিদের দায়িত্ব দিন। মনে রাখবেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ক্যাডার কিংবা অসৎ নেতৃত্ব কখনোই কোনো সরকারকে টিকিয়ে রাখতে পারে না, যার প্রমাণ ২৪ এর ভয়াবহ ইতিহাস।
যে সরকার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়, জনগণ সেই সরকারকে শুধু সমর্থনই করে না, প্রয়োজনে নিজের জীবন দিয়েও সেই সরকারকে রক্ষা করে। এমনকি বিরোধী শক্তিও ধীরে ধীরে মেনে নিতে অভ্যস্ত হয়। পক্ষান্তরে, যে সরকার জনগণের অধিকার হরণ করে, তার পতন অবশ্যম্ভাবী; তখন বিরোধী শক্তিই হয়ে ওঠে জনগণের শক্তি।
অতএব, এখনই সময়- জনগণের সার্বিক অধিকার নিশ্চিত করুন, ক্যাডারতন্ত্র ও অসৎ নেতৃত্বকে বর্জন করুন। অন্যথায়, প্রতিপক্ষ সৃষ্টি করতে হবে না, আপনাদের কর্মই আপনাদের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে।

শংকর দাস পবন, ঝালকাঠি

ঝালকাঠিতে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শংকর দাস পবন, ঝালকাঠি প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৭:৩৮ পিএম
ঝালকাঠিতে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাতীয় সাংবাদিক সংস্থা, ঝালকাঠি শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে ঝালকাঠি সরকারি কলেজ রোডস্থ সংস্থার নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে সংগঠনের সভাপতি ইমদাদুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এবং সাধারণ সম্পাদক রুবেল খানের সঞ্চালনায় কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি রেজাউল করিম, ‘ঢাকার সময়’ ও ‘চ্যানেল এস স্যাভেন’-এর স্টাফ রিপোর্টার শংকর দাস পবন, সাংবাদিক বাবুল মিনা,মাহাবুবুর রহমান, কামরুজ্জামান সুইটসহ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।

ইফতারের পূর্বে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির সার্বিক অগ্রগতি, মানুষের সুখ-শান্তি এবং পেশাজীবী সাংবাদিকদের কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং সাংবাদিকদের পেশাগত ঐক্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
সার্বিকভাবে অনুষ্ঠানটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

ঈদের ছুটিতে চালু থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৭:৩৬ পিএম
ঈদের ছুটিতে চালু থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ নিশ্চিত করতে ঈদের ছুটিতেও নিয়ন্ত্রণ কক্ষ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

আজ বুধবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রণালয়ের স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ ২৪ মার্চ পর্যন্ত টানা ২৪ ঘণ্টা, সপ্তাহে ৭ দিন চালু থাকবে। ১৬ মার্চ জারি করা অফিস আদেশ অনুযায়ী এ ব্যবস্থাপনা কার্যকর করা হয়েছে। মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তায় ১০ মার্চ থেকে এই নিয়ন্ত্রণ কক্ষ চালু রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী কল সেন্টারে এই নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। এখানে তিন শিফটে মোট ২০ জন কর্মকর্তা ও ২৪ জন কর্মচারী দায়িত্ব পালন করবেন। প্রবাসীরা জরুরি প্রয়োজনে দেশের ভেতর থেকে টোল-ফ্রি ১৬১৩৫ নম্বরে এবং বিদেশ থেকে ‍+৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ওয়েজ আর্নারস কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। আর ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের কর্মসংস্থান-১ শাখার উপসচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল।

নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে বিদেশে শ্রমকল্যাণ উইংগুলোর সঙ্গে সমন্বয় করবেন এবং প্রাপ্ত তথ্য নিয়মিতভাবে ফোকাল পয়েন্ট কর্মকর্তার কাছে জমা দেবেন বলে জানানো হয়েছে।

 

মধ্যপ্রাচ্যে নিহত বাংলাদেশিদের মরদেহ আনতে কাজ করছে সরকার

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৭:৩৫ পিএম
মধ্যপ্রাচ্যে নিহত বাংলাদেশিদের মরদেহ আনতে কাজ করছে সরকার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে ৫ জন বাংলাদেশি নাগরিক মারা গেছেন। তাদের মধ্যে একজনের মরদেহ ইতিমধ্যেই দেশে আনা হয়েছে। অন্য চারজনের মরদেহও দেশে আনার জন্য কাজ করছে সরকার।’ এ ছাড়া সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাইসহ বিভিন্ন দেশে প্রবাসীদের নিরাপত্তায় সরকার কাজ করছে বলে তিনি জানান।

আজ বুধবার দুপুরে ফরিদপুরের সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়দের ঈদ উপহার বিতরণী আয়োজনে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করায় তেল, গ্যাস ও খাদ্য সামগ্রী নিয়ে যে সংকটের কথা ছিল, তা কিন্তু নেই। তেল বা খাদ্য সামগ্রীর দাম কিন্তু বাড়েনি। প্রধানমন্ত্রী সব বিষয়ে খোঁজ রাখছেন এবং সকল বিষয়ে সমাধান করছেন। এ ছাড়া সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাইসহ বিভিন্ন দেশে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা কষ্টের মধ্যে রয়েছেন, তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতেও কাজ করছে সরকার। সেই সঙ্গে তারা যাতে সেখানে নিরাপদে থাকতে পারেন, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।

ঈদে রাজধানী থেকে মানুষ যাতে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরতে পারে, তার সকল ব্যবস্থা সরকার নিয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ইতিমধ্যেই মানুষ ঘরে ফিরছে কোনো ভোগান্তি ছাড়াই। সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীরা খোঁজ খবর রাখছেন, সরেজমিনে গিয়ে পরিদর্শন করছেন। আমরা আশা করছি সকলে ভোগান্তি ছাড়াই ঘরে ফিরে তাদের পরিবারের সঙ্গে ঈদ করতে পারবে।

এর আগে জেলার নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের নিজ বাড়িতে ঈদুল ফিতরের উপহার হিসেবে সহস্রাধিক অসহায় মানুষের হাতে শাড়ি-কাপড় তুলে দেন প্রতিমন্ত্রী।

error: Content is protected !!