রাজশাহীতে চাচা-ভাতিজাকে পিষে দিল ট্রাক
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই চাচা-ভাতিজা নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার বানেশ্বর কলাহাটা এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দিয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি গ্রামের কাউসার ইমাম (৩৫) ও তাঁর ভাতিজা মো. রেদোয়ান (৬)। চারঘাট থেকে তাঁরা পুঠিয়ার শিবপুরে আত্মীয়ের বাড়ি এসেছিলেন। মোটরসাইকেল নিয়ে দুপুরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত হন তাঁরা।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।’ তিনি বলেন, ‘পরিস্থিতি উত্তপ্ত। এখন ট্রাকে আগুন জ্বলছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।’
ওসি বলেন, ‘লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। আমরা এখন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।’














