টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক নিয়োগ পেয়েছেন ওবায়দুল হক নাসির
সারা দেশের ১১টি সিটি কর্পোরেশনে প্রশাসক বসানোর পর এবার দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এরই অংশ হিসেবে টাঙ্গাইল জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে বিষয়টি জানা গেছে। দ্রুতই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সাধারণত জেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব পালন করেন।
টাঙ্গাইল জেলা পরিষদে প্রশাসক নিয়োগ পেয়েছেন এস এম ওবায়দুল হক নাসির। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে বিএনপির (ধানের শীষ) প্রতিকের প্রার্থী ছিলেন। প্রথমবারের মতো সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে এস এম ওবায়দুল হক নাসির বিএনপির বহিস্কৃত বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী সাবেক এমপি ও প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদের কাছে পরাজিত হন।
এই আসনে লুৎফর রহমান খান আজাদ এক লাখ ৬ হাজার ৭৯৪ ভোট পেয়ে জয়লাভ করেন। আর বিএনপির (ধানের শীষ) প্রতিকের প্রার্থী এস এম ওবায়দুল হক নাসির ৮১ হাজার ৭৩৪ ভোট পেয়ে পরাজিত হন।
সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করছে সরকার। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে।











