টাঙ্গাইল-২ এ অর্থ বিতরণের অভিযোগ ঘিরে উত্তেজনা, অস্বীকার জামায়াত নেতার
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নে সাধারণ ভোটারদের মাঝে নগদ অর্থ বিতরণের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ ওঠে, ভূঞাপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ও স্থানীয় জামায়াত নেতা কাজী নূরুল ইসলাম ভোটারদের মাঝে নগদ অর্থ বিতরণের সময় স্থানীয় জনতার তো’পের মুখে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ভোটার নগদ টাকা বিতরণের অভিযোগ তুলে প্রতিবাদ জানালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় তার সঙ্গে উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক রবিউল আলমসহ আরও কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হলে পরিস্থিতি সাময়িকভাবে উত্তপ্ত হয়ে ওঠে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক রবিউল আলম। তিনি গণমাধ্যমকে বলেন, “ভোটারদের মাঝে টাকা বিতরণের কোনো ঘটনা ঘটেনি। এটি একটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার। আমাদের রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল এমন অভিযোগ ছড়াচ্ছে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।














