নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর পলাশে ৮০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার-দুই
নরসিংদীর পলাশ উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর মাদকবিরোধী অভিযানে ৮০ কেজি শুকনো গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি পিকআপ ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১১, সিপিএসসি নরসিংদী সূত্রে জানা যায়, গোপন তথ্য ও নিজস্ব গোয়েন্দা নজরদারির ভিত্তিতে শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে নরসিংদী জেলার পলাশ থানাধীন পাঁচদোনা-চরসিন্দুর সড়ক সংলগ্ন চরনগরদী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। আলহামদুলিল্লাহ মিষ্টান্ন ভান্ডারের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান চালানো হয়।
অভিযানকালে একটি কালো-হলুদ রঙের পিকআপ তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৮০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো পিকআপটির বডির ওপর প্লেন সিটের নিচে বিশেষভাবে তৈরি বক্সে সংরক্ষিত ছিল।
এ সময় পিকআপটির চালক মো. কাওসার (২৭), পিতা মো. বুলবুল, সাং-দক্ষিণ পারুলিয়া, থানা-পলাশ, জেলা-নরসিংদী এবং চালকের হেলপার মো. মহরম আলী (২৬), পিতা মো. জব্বার হোসেন, সাং-সুলতানপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র্যাব সন্ত্রাস, মাদক, চোরাচালান, অবৈধ অস্ত্র ও বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধ দমনে কার্যকর ভূমিকা রেখে আসছে। চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-১১ ইতোমধ্যে বিপুল সংখ্যক অপরাধী গ্রেফতারসহ অস্ত্র ও মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে নরসিংদী জেলার পলাশ থানায় হস্তান্তর করা হয়েছে।











