মোঃ ইলিয়াছ খান (সালথা উপজেলা) প্রতিনিধি ফরিদপুর
ফরিদপুরের সালথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া কাজীপাড়া এলাকায় একটি কলা বাগান থেকে হিরা মনি (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (তারিখ: ২৫-০১-২০২৬ ) ইং সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকার কয়েকজন কৃষক কলা বাগানে কাজ করতে গিয়ে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় জমায় এবং সালথা থানায় খবর দেয়।
নিহত হিরা মনি খারদিয়া কাজীপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি একজন গৃহবধূ ছিলেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও মৃত্যুর কারণ নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে রহস্যজনক মৃত্যু বলে ধারণা করছেন।
খবর পেয়ে সালথা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সালথা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, “লাশটি উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশ ঘটনার পেছনে কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে।

















