মো. রাজিবুল ইসলাম বাবু, বিশেষ প্রতিনিধি
বাগাতিপাড়ায় জামায়াত প্রার্থীর ব্যানার-ফেস্টুনে সরগরম এলাকা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দলটির নেতা-কর্মী ও সমর্থকেরা। বিশেষ করে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা সম্বলিত ব্যানার ও ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে বাগাতিপাড়ার বিভিন্ন এলাকায় দেখা গেছে প্রচারণার তৎপরতা।
শনিবার (২৪ জানুয়ারি) রাতে বাগাতিপাড়া উপজেলার ২ নম্বর জামনগর ইউনিয়নের বাজারের পূর্ব মোড়সংলগ্ন বটগাছসহ গুরুত্বপূর্ণ সড়ক মোড় ও ইউনিয়নের বিভিন্ন এলাকায় জামায়াত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের সমর্থকদের গাছে গাছে পোস্টার, ব্যানার ও ফেস্টুন টানাতে দেখা যায়।
স্থানীয় সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটারদের কাছে দলের অবস্থান ও প্রতীক তুলে ধরতেই এই প্রচারণা কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রচারণার অংশ হিসেবে সমর্থকেরা রাতভর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে ব্যানার ও ফেস্টুন স্থাপন করেন।
এ বিষয়ে জামায়াতের স্থানীয় নেতা সাবেক যুব জামায়াতের সেক্রেটারি মো:লিমনূর রহমান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে শান্তিপূর্ণভাবে ভোট প্রচারণা চালানো হচ্ছে এবং আগামী দিনগুলোতে আরও ব্যাপকভাবে গণসংযোগ কার্যক্রম চালানো হবে।
এদিকে, নির্বাচনী প্রচারণা ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়তে শুরু করেছে, যা স্থানীয় ভোটারদের মধ্যেও আলোচনার সৃষ্টি করেছে।











