মোঃ আজগার আলী, খুলনা ব্যুরো প্রধান
সাতক্ষীরায় বোতল ফেনসিডিল উদ্ধার: নারী মাদক কারবারি আটক
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে র্যাব ও বিজিবি। যৌথ অভিযানে প্রায় এক হাজার বোতল ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে কালিগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের কামদেবপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়া এবং বিজিবির হাবিলদার জাহাঙ্গীরের নেতৃত্বে যৌথভাবে অভিযানটি পরিচালিত হয়।
র্যাব সূত্রে জানা যায়, এর আগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি আভিযানিক দল কামদেবপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫০৭ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি মিজানুর রহমানকে আটক করে। পরে তাকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
আটক মিজানুর রহমানের স্বীকারোক্তির ভিত্তিতে শনিবার তার বাড়ির পাশের একটি মৎস্য ঘেরসংলগ্ন বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় চারটি বস্তার ভেতর থেকে ৯৮৩ বোতল ফেনসিডিল এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে মিজানুর রহমানের স্ত্রী ইয়াসমিন জাহান (২২) কে আটক করা হয়।
আটক ইয়াসমিন জাহান কালিগঞ্জ উপজেলার কামদেবপুর গ্রামের বাসিন্দা এবং পলাতক মাদক কারবারি মিজানুর রহমানের স্ত্রী বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, দীর্ঘদিন ধরে তারা সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে মাদক সংরক্ষণ ও পাচারের সঙ্গে জড়িত ছিল।
উদ্ধারকৃত ফেনসিডিল ও অন্যান্য আলামতসহ আটক ইয়াসমিন জাহানকে কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।














