আইন-শৃঙ্খলা রক্ষায় তাড়াশে পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম জোরদার
সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় তাড়াশ থানার আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।
এই বিশেষ অভিযানের আওতায় মাদকদ্রব্য উদ্ধার, অবৈধ অস্ত্র শনাক্তকরণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে তৎপর রয়েছে তাড়াশ থানা পুলিশ।
চেকপোস্টগুলোতে নিয়মিতভাবে মোটরসাইকেল, প্রাইভেটকার, বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি চালক ও যাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমন ও সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এর ফলে এলাকায় অপরাধ প্রবণতা কমবে এবং জনমনে নিরাপত্তার অনুভূতি আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন,
“তাড়াশ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে পুলিশের বিশেষ চেকপোস্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। মাদক, অবৈধ অস্ত্র এবং অপরাধীচক্রের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এ ক্ষেত্রে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা একান্তভাবে কাম্য।”
তিনি আরও বলেন, আইন মেনে চললে কেউ হয়রানির শিকার হবেন না। তবে কোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপ বা সন্দেহজনক কিছু চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশকে অবহিত করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
তাড়াশ থানা পুলিশ একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত তাড়াশ গড়ে তুলতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে।











