সুজানগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দুইটি খড়ের গুদাম
পাবনার সুজানগর উপজেলার আরিয়াডাঙ্গী আতাইকুলা এলাকায় অগ্নিকাণ্ডে দুইটি খড়ের গুদাম পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৭ নভেম্বর সোমবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১১ টা ৪৫ মিনিটে সুজানগর ফায়ার স্টেশনে সংবাদ পাওয়ার পরপরই একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। রাতেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত ২ টায় আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়।
অগ্নিকাণ্ডে আনুমানিক ২০×১০ হাত আকারের একটি সোলার (পাটখড়ি) ঘর এবং খড়ের গাদা/গুদাম মোট দুইটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি বা সিগারেটের জ্বলন্ত অবশিষ্টাংশ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
অগ্নিনির্বাপণ কাজে নেতৃত্ব দেন সুজানগর ফায়ার স্টেশন লিডার আব্দুল আলীম।
স্থানীয়দের দাবি, শুষ্ক মৌসুমে এসব খড়ের গুদাম অগ্নিকাণ্ডের ঝুঁকিতে থাকে, তাই এলাকায় নজরদারি ও সচেতনতা বাড়ানোর প্রয়োজন রয়েছে।











