পশ্চিম বগুড়ার কৃতি সন্তান আলহাজ্ব শফিকুল ইসলাম ২০২৫ সালের শ্রেষ্ঠ মৎস্য চাষী নির্বাচিত
পশ্চিম বগুড়ার গর্বিত সন্তান, একাধিকবার সরকার কর্তৃক স্বর্ণ ও রৌপ্য পদকপ্রাপ্ত বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও মেসার্স শাহ্ সুলতান শাহ্ জামাল মৎস্য বীজাগারের স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ শফিকুল ইসলামকে বগুড়া জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষী ২০২৫ হিসেবে মনোনীত করা হয়েছে।
শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মৎস্য খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছেন। আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্য চাষ, উচ্চমানের মাছের বীজ উৎপাদন ও সরবরাহের মাধ্যমে তিনি শুধু কাহালু নয়, পুরো উত্তরবঙ্গের মৎস্য খাতকে সমৃদ্ধ করেছেন। তাঁর এই সাফল্যের কারণে সরকারী পর্যায়ে একাধিকবার স্বর্ণ ও রৌপ্য পদকে ভূষিত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিবিরপুকুরে অবস্থিত তাঁর মৎস্য বীজাগার বর্তমানে উত্তরাঞ্চলের অন্যতম সফল প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত। দেশের বিভিন্ন প্রান্তে তাঁর উৎপাদিত মাছের বীজ সরবরাহ হয়, যা কৃষকের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
শফিকুল ইসলাম বলেন, “এই অর্জন আমার নয়, পুরো এলাকার মানুষের। সবার সহযোগিতা ও ভালোবাসাই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। ভবিষ্যতেও মৎস্য খাতের উন্নয়ন ও যুবসমাজকে স্বাবলম্বী করার জন্য কাজ করে যাবো।”
এমন অর্জনে স্থানীয় এলাকাবাসী গর্ব প্রকাশ করেছেন এবং সরকারের কাছে তাঁর মতো সফল উদ্যোক্তাদের আরও সহযোগিতা প্রদানের দাবি জানিয়েছেন।

















