তাড়াশে গভীর নলকূপের মোটর চুরি, থানায় লিখিত অভিযোগ
খালিদ হাসান,স্টাফ রিপোর্টার,উজ্জ্বল বাংলাদেশ
- তাড়াশে গভীর নলকূপের মোটর চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক মৎস্য চাষি। ঘটনাটি ঘটেছে উপজেলার মাধাইনগর ইউনিয়ন এর কাস্তা এলাকায়।
-
- অভিযোগ সূত্রে জানা যায়, কাস্তা গ্রামের বাসিন্দা মো. জহুরুল ইসলাম (৪৩), পিতা—মৃত জাবেদ আলী মন্ডল, তার পুকুরে পানি সেচের জন্য স্থাপিত একটি গভীর নলকূপের মোটর চুরির অভিযোগ এনে তাড়াশ থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত আবেদন করেছেন।
-
- অভিযোগে উল্লেখ করা হয়, গত শুক্রবার (১৩ মার্চ ২০২৬) তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে কাস্তা বাজার সংলগ্ন পাকা রাস্তার পূর্ব পাশে একটি পুকুরের দক্ষিণ-পশ্চিম কোণে স্থাপিত গভীর নলকূপ থেকে মোটরটি চুরি হয়। অভিযোগ অনুযায়ী, অজ্ঞাতনামা ৪–৫ জন দুর্বৃত্ত সিসি ক্যামেরার আওতাধীন স্থানে গিয়ে প্রথমে বিদ্যুৎ সংযোগের মেইন সুইচ বন্ধ করে দেয় এবং পরে মোটরটি খুলে নিয়ে পালিয়ে যায়।
-
- পরে বিকাল প্রায় ৪টার দিকে নলকূপের দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তি ঘটনাস্থলে গিয়ে মোটরটি না পেয়ে বিষয়টি জহুরুল ইসলামকে জানান। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন। ফুটেজে দেখা যায়, দুপুর ১২টা ১৯ মিনিট থেকে ১২টা ২২ মিনিটের মধ্যে ১–২ জন ব্যক্তি বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে মোটর খুলে নিয়ে যায়। তবে ফুটেজ স্পষ্ট না হওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
-
- অভিযোগে আরও উল্লেখ করা হয়, এর আগে গত ১৩ ফেব্রুয়ারি একই স্থানে স্থাপিত নলকূপের একটি ২০ ওয়াটের হ্যালোজেন লাইট চুরি হয়েছিল। মাত্র এক মাসের ব্যবধানে আবারও মোটর চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
-
- ক্ষতিগ্রস্ত মৎস্য চাষি মো. জহুরুল ইসলাম জানান, “দ্রুত চোরদের শনাক্ত করে মোটরটি উদ্ধার এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”
-