বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

যুদ্ধবিরতির মাঝেও জ্বলছে লেবানন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫:৫৬ পিএম | 22 বার পড়া হয়েছে
যুদ্ধবিরতির মাঝেও জ্বলছে লেবানন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি নিয়ে চরম বিভ্রান্তি ও সংঘাতের নতুন চিত্র ফুটে উঠেছে লেবাননে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা কার্যকর হওয়ার পরপরই ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েল এবং দক্ষিণ লেবাননে মোতায়েন করা ইসরায়েলি সেনাদের ওপর হামলা বন্ধ করে দিয়েছে। তবে ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি মানতে নারাজ। তারা দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা শুরু করেছে এবং স্থানীয় বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হিজবুল্লাহর ঘনিষ্ঠ তিনটি সূত্র নিশ্চিত করেছে যে, আজ বুধবার ভোর থেকে তারা উত্তর ইসরায়েলে সব ধরনের রকেট হামলা ও দক্ষিণ লেবাননে স্থলবাহিনীর ওপর আক্রমণ স্থগিত করেছে। মার্কিন-ইরান যুদ্ধবিরতির অংশ হিসেবেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন, এই যুদ্ধবিরতি লেবাননকে অন্তর্ভুক্ত করে না। হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে এবং নেতানিয়াহুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে দ্রুতই একটি আনুষ্ঠানিক বিবৃতি আসার কথা রয়েছে।

নেতানিয়াহুর ঘোষণার পরপরই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দক্ষিণ লেবাননের একটি শহরে নতুন করে উচ্ছেদ নোটিশ জারি করেছে, যা সেখানে বড় ধরনের হামলার ইঙ্গিত দিচ্ছে। আজ সকালেও লেবাননের গণমাধ্যমগুলো দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান হামলার খবর প্রকাশ করেছে। ইসরায়েল বলছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের অভিযান চলবে।

উদ্ভূত পরিস্থিতিতে লেবাননের সেনাবাহিনী সাধারণ নাগরিকদের দক্ষিণ লেবাননের গ্রামগুলোয় ফিরে না আসার জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছে। সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, আঞ্চলিক উন্নয়ন ও যুদ্ধবিরতির গুঞ্জনের পরিপ্রেক্ষিতে নাগরিকদের দক্ষিণ লেবাননের সীমান্ত এলাকায় বা যেখানে ইসরায়েলি সেনারা অবস্থান করছে, সেখানে ফিরে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। ইসরায়েলি হামলা এখনো চলমান থাকায় নাগরিকদের জীবন চরম ঝুঁকির মুখে পড়তে পারে।

যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বাহরাইনে একটি ইরানি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। এতে দুজন আহত হয়েছেন এবং বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বাহরাইন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এ ছাড়া, দক্ষিণ ইসরায়েলে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ছোড়া ইরানি মিসাইলের আঘাতে তিন শিশু সামান্য আহত হয়েছে বলে জানা গেছে।

এদিকে, এই যুদ্ধবিরতি ও ইরানের সঙ্গে সমঝোতাকে ইসরায়েলের ইতিহাসে ‘সবচেয়ে বড় কূটনৈতিক বিপর্যয়’ হিসেবে অভিহিত করেছেন বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি অভিযোগ করেছেন, নেতানিয়াহু সরকার ইসরায়েলের নিরাপত্তা ও কৌশলগত স্বার্থ বিসর্জন দিচ্ছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি যথাযথভাবে তদারকি করা হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ যেখানে ‘সর্বত্র’ যুদ্ধবিরতির দাবি করছেন, সেখানে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত শান্তি প্রক্রিয়াকে বড় ধরনের ঝুঁকির মুখে ফেলেছে। আগামী শুক্রবার ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনায় লেবানন ইস্যু ও ইসরায়েলের আক্রমণাত্মক অবস্থান বড় ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

 

পারিবারিক আয় বৃদ্ধিতে নগদ অর্থ সহায়তা প্রদান

মোজাম্মেল হক :বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:০৬ এএম
পারিবারিক আয় বৃদ্ধিতে নগদ অর্থ সহায়তা প্রদান

:দিনাজপুরের বীরগঞ্জ উপ

পারিবারিক আয় বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে শর্তসাপেক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রবার্ট কমল সরকার, প্রোগ্রাম অফিসার ডরিস লিয়া হাসদা এবং লাইভলি হুড টেকনিক্যাল স্পেশালিস্ট তাহমিদুর রহমান।

প্রোগ্রামে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং নিজপাড়া পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস এবং বলরামপুর গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মিলন হোসেন।

কর্মসূচির আওতায় চলতি বছরে নিজপাড়া ইউনিয়ন পরিষদের ৭০ টি নিবন্ধিত হতদরিদ্র পরিবারকে পরিবার প্রতি ১০,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এতে মোট ৭ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
আয়োজকরা জানান, এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলোর স্বনির্ভরতা বৃদ্ধি পাবে এবং তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে জিরো পয়েন্ট স্পর্শকারী ক্রীড়া প্রতিভা সাকিবকে গণ সংবর্ধনা প্রদান

মো:মেহেদী হাসান ফুয়াদ দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:০৪ এএম
ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে জিরো পয়েন্ট স্পর্শকারী ক্রীড়া প্রতিভা সাকিবকে গণ সংবর্ধনা প্রদান

 

“মাদকের বিরুদ্ধে এসো দৌড়াই” এই স্লোগানকে সামনে রেখে ঢাকা জিরো পয়েন্ট থেকে যমুনা নদী সাঁতরে পাড়ি দিয়ে দিনাজপুর জিরো পয়েন্টে ম্যারাথন দৌড়ে পৌঁছানো মোঃ সাখাওয়াত হোসেন সাকিব ও তার সঙ্গে থাকা সহযাত্রী সাইকেলিস্ট মোঃ রাব্বিকে গণ সংবর্ধনা দিয়েছে দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ‌।

৮ এপ্রিল-২০২৬ বুধবার বিকেলে দিনাজপুর ঐতিহাসিক গোর এ শহীদ বড় ময়দানে (কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন) পাটোয়ারী বিজনেস হাউজ (প্রাঃ) লিমিটেড এর সার্বিক সহযোগিতায় ঢাকা জিরো পয়েন্ট থেকে(যমুনা নদী সাঁতরে) দিনাজপুর জিরো পয়েন্ট পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী তরুণ এই ক্রীড়া প্রতিভা সাকিবের গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও ফুল দিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান দিনাজপুর জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন।

এছাড়াও ২ এপ্রিল ঢাকা জিরো পয়েন্ট থেকে ৮ এপ্রিল বুধবার দিনাজপুর জিরো পয়েন্ট পর্যন্ত দীর্ঘ পথ দৌড়ে পাড়ি দেওয়া মোঃ সাখাওয়াত হোসেন সাকিবের গণ সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ফুল দিয়ে বরণ ও উপহার প্রদান করেন এবং বক্তব্য রাখেন পাটোয়ারী বিজনেস হাউজ (প্রাঃ) লিমিটেড এর
ব্যবস্থাপনা পরিচালক মোঃ সহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও ক্রীড়া সংগঠক মোঃ রেহাতুল ইসলাম খোকাসহ খেলোয়াড়-সংগঠক-শাকিবের পরিবারবর্গ এবং অন্যান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, দিনাজপুর জেলা শহরের রামনগর মহল্লার বাসিন্দা ক্রিয়া প্রতিভা সাকিবের সাহসী উদ্যোগের নেপথ্যে পূর্ণ সমর্থন ও স্পনসরশিপ প্রদান করেছেন দেশের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান পাটোয়ারী বিজনেজ হাউস। সাকিবের এই অদম্য স্পৃহা এবং ক্রীড়া নৈপুণ্যকে দেশবাসীর সামনে তুলে ধরতেই এই পৃষ্ঠপোষকতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রতিষ্ঠানটির মুখপাত্র শহিদুর রহমান পাটোয়ারী মোহন।

এদিকে ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে বুধবার বিকেল আনুমানিক চারটায় জিরো পয়েন্ট স্পর্শকারী ক্রীড়া প্রতিভা সাকিবকে সহিদুর রহমান পাটোয়ারী মোহন , স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত থেকে এই তরুণ অ্যাথলেটকে ফুল দিয়ে বরণ করে নেন।

সাকিবের এই সাফল্য সম্পর্কে পাটোয়ারী বিজনেস হাউসের পক্ষ থেকে মুখপাত্র শহিদুর রহমান পাটোয়ারী মোহন জানান , তারা সব সময় তরুণদের প্রতিভা বিকাশে কাজ করতে আগ্রহী এবং সাকিবের এই অর্জন দেশের যুবসমাজের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিশিষ্ট ধারাভাষ্যকার মোহাম্মদ রফিক।

পাহাড় কেটে লেক তৈরির চেষ্টা, এক্সক্যাভেটর জব্দ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:০২ এএম
পাহাড় কেটে লেক তৈরির চেষ্টা, এক্সক্যাভেটর জব্দ

 

প্রায় ১৫ একর জায়গাজুড়ে প্রকৃতির রূপ পাহাড়। উচ্চতায় প্রায় দুই শ ফুট। এ পাহাড় কেটে তৈরি করা হচ্ছিল লেক। পাহাড়ের মাটিও বিক্রি করা হচ্ছিল বিভিন্ন জায়গায়। খবর পেয়েই অভিযানে নামে প্রশাসন। এরপর ওই এলাকায় গিয়ে দুটি এক্সক্যাভেটর (খননযন্ত্র) জব্দ করা হয়।

গত ৫ এপ্রিল রোববার দুপুরে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ। মানিকছড়ি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা এ অভিযানের নেতৃত্ব দেন।

স্থানীয় সূত্র জানায়, চলতি বছরেই এলাকায় অন্তত আটটি বড় পাহাড় পুরো কেটে ফেলা হয়েছে। বিশেষ করে দুর্গম এলাকায় রাতের অন্ধকারে এমন তৎপরতা বেশি চলে। তবে স্থানীয় প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
খাড়িছড়া এলাকায় যে পাহাড় কাটা হচ্ছিল, এটি ওই এলাকার মো. মনির হোসেন নামের এক ব্যক্তির দখলে ছিল। তিনি সেখানে মাছ চাষের জন্য একটি লেক তৈরি করছিলেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা ভূঁইয়া বলেন, পাহাড়টি খাসজমি। তবে খাস বা ব্যক্তিমালিকানাধীন—যা–ই হোক, পাহাড় কাটা যাবে না। সেখানে মাছের প্রকল্প হচ্ছিল বলে তিনি শুনেছেন। এ বিষয়ে মনির হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা বলেন, এলাকায় বেশ কয়েকটি পাহাড় কাটার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় দুটি এক্সক্যাভেটর জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করার প্রস্তুতি চলছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানকালে স্থানীয় ইউপি সদস্য প্রিয়লাল চাকমা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল মান্নান, মানিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) তারেকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

error: Content is protected !!