মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

রিপন আলী চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে তেল সংকটে রোদে পুড়ছে চালকবিহীন মোটরসাইকেলের দীর্ঘ লাইন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৩:৫৯ পিএম | 30 বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জে তেল সংকটে রোদে পুড়ছে চালকবিহীন মোটরসাইকেলের দীর্ঘ লাইন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুর বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে চালকবিহীন দীর্ঘ মোটরসাইকেলের লাইন। পড়ছে তীব্র গরম আর রোদ। বাইকাররা রাস্তায় গাড়ি রেখে কেউ দোকানে, কেউ গাছের ছায়ায় বসে সময় কাটাচ্ছেন। কখন তেল পাবেন তাও জানেন না তারা। সীমাহীন কষ্ট ভোগ করছে তারা। প্রশাসনিকভাবে কোন তদারকি না থাকায় ভোগান্তি বেড়েছে সীমাহীন। অনেকে সকাল ৬টার সময় এসে অপেক্ষা করছেন ৪০০ টাকা তেলের জন্য। কবে কাটবে সংকট, কবে আসবে সুখবর। তা জানা নেই কারোর।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলের এতো বড় লাইন মল্লিকপুরে দেখা যায়নি। যেমন গরম তেমন রোদও পড়ছে। রাস্তার পাশে মোটরসাইকেল রেখে চালকরা বিভিন্ন দোকান, ছাউনি বা গাছের নীচে বসে আছে। কখন তেল পাবেন তাও জানেন না তারা। পাম্পে ৪০০ টাকার তেল দিচ্ছে।তবে প্রশাসনের কোন নজরদারি না থাকায় মাঝে মাঝে উত্তেজনা তৈরি হচ্ছে চালকদের মধ্যে। দেখা হচ্ছে না ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও গাড়ির কাগজপত্র।

তেল নিতে আসা মটরসাইকেল চালকরা বলেন, এতো ভোগান্তি কখনো দেখিনি। সঠিক তদারকি না থাকার কারণে মাঝে মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। মোটরসাইকেলের যত বড় লাইন এত বড় লাইন আমরা কখনো দেখিনি। তবে গাড়ির ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনে কাগজপত্র যদি দেখে তেল দেয়া হতো তাহলে পরিবেশ ভালো থাকতো। কিন্তু আদৌ কোন কিছু দেখা হচ্ছে না বা প্রশাসনিক ভাবেও কোন তদারকি নেই।

তেল নিতে আসা হাফিজুল ইসলাম বলেন, দীর্ঘ লাইন হবে বলে রাত চারটার সময় চলে এসেছি। তারপরও দেখি আমার আগে অনেকেই চলে এসেছে। ৬ থেকে ৭ ঘন্টা অপেক্ষার পর ২০০ টাকা তেল পেয়েছি। রোদ গরমে দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর। তাই কষ্টকে আলিঙ্গন করে তেলের জন্য অপেক্ষা করছে মোটরসাইকেল চালকরা।

পাম্পে তেল নিতে আসা ফারুক হোসেন বলেন, সাধারণ মানুষ দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছে রোদ গরমের মধ্যে।অথচ স্বজন প্রীতি থাকায় অনেকে লাইন বাদেই তেল নিয়ে চলে যাচ্ছে। যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে তেল দিত তাহলে এগুলো হতো না। কারণ ম্যাজিস্ট্রেট থাকলে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র যাদের আছে তাদেরই তেল দেয়ার অনুমতি দিত।প্রশাসনিকভাবে কোন তদারকি না থাকার কারণে নিয়ম-নীতি মানছে না কেউ

তবে সকাল বেলা ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকলেও দুপুর বেলা থেকে ম্যাজিস্ট্রেট এসে তেল দেওয়া শুরু করেন, এবং কাগজপত্র যাচাই বাছাই করে তেল দেন যাদের বৈধ কাগজপত্র নাই তাদের তেল নেওয়া শেষে মামলা দেন ম্যাজিস্ট্রেট।

তেল পাম্পে প্রচোন্ড ভিড় থাকার কারণে পাম্প মালিকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিগ ব্যাশের বর্ষসেরার মনোনয়ন পেলেন রিশাদ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৪:২১ পিএম
বিগ ব্যাশের বর্ষসেরার মনোনয়ন পেলেন রিশাদ

হোবার্ট হারিকেন্সের হয়ে বিগ ব্যাশের অভিষেক মৌসুমেই আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন। ধারাবাহিক দারুণ বোলিং করে দলকে প্লে-অফে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশি স্পিনার। এবার হোবার্টের মৌসুম সেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের মনোনয়ন পেলেন রিশাদ।

সবশেষ বিগ ব্যাশের প্লে অফ থেকে বিদায় নিয়েছে হোবার্ট। যেখানে ১১ ইনিংস বল করে ১৫ উইকেট নেন রিশাদ; হ্যারিকেন্সের হয়ে যা সর্বোচ্চ। ওভারপ্রতি খরচ করেছেন ৭.৮২ রান, বোলিং গড় ২০.৮৬। ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট রিশাদের সেরা বোলিং। রিশাদ ছাড়াও হোবার্টের বর্ষসেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন নাথান এলিস, ক্রিস জর্ডান এবং নিখিল চৌধুরী।

বিগ ব্যাশ ২০২৫-২৬ মৌসুমের পারফরম্যান্সের স্বীকৃতি দিতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেবে ক্রিকেট তাসমানিয়া। তারই অংশ হিসেবে আগামীকাল বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি। অনুষ্ঠান চলাকালীন সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে বিজয়ীদের নাম প্রকাশ করা হবে। পরদিন তা ওয়েবসাইট এবং সদস্যদের ইমেইলের মাধ্যমেও জানানো হবে।

রিশাদ শেষ পর্যন্ত হোবার্টের মৌসুমসেরা বিগ ব্যাশ খেলোয়াড়ের পুরষ্কার জিততে পারবেন কি না সেটা পরের বিষয়। তবে ভক্তদের চাওয়া এই লেগস্পিনারের হাতেই উঠুক মৌসুমসেরার পুরষ্কার। হোবার্টের সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টের কমেন্টে রিশাদের পক্ষেই বেশি ভোট পড়ছে।

হজের আন্তর্জাতিক ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৪:১৭ পিএম
হজের আন্তর্জাতিক ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

২০২৬ সালের পবিত্র হজের আন্তর্জাতিক ফ্লাইট কার্যক্রম আগামী ১৮ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছে সৌদি আরব। এ ক্ষেত্রে হজ এজেন্সি ও এয়ারলাইনসগুলোকে সৌদি সরকারের নির্দেশনা, হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬-এর নির্দেশনা অনুসরণ করতে হবে।

জানা যায়, বিশ্বের অন্যতম বৃহত্তম এই বার্ষিক জনসমাগম উপলক্ষে সৌদির উদ্দেশে যাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইটগুলো ওই দিন থেকে উড্ডয়ন করবে। আগামী ২১ মে পর্যন্ত হজের এই আগমনী ফ্লাইটগুলো চালু থাকবে।

উল্লেখ্য, প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসলমান হজ পালনের জন্য সৌদি আরবে সমবেত হন, যা মানব ইতিহাসের অন্যতম বৃহৎ বার্ষিক স্থানান্তর হিসেবে বিবেচিত। এ বছরের পবিত্র হজ ২৬ মে চাঁদ দেখা সাপেক্ষে অনুষ্ঠিত হবে।

এদিকে বাংলাদেশের হজ ব্যবস্থাপনা কার্যক্রম তদারকির জন্য ২৫ সদস্যের একটি নির্বাহী কমিটি গঠন করেছে সরকার। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ধর্মমন্ত্রীকে কমিটির সভাপতি করা হয়েছে। আর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের প্রধানকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্রসচিব, অর্থসচিব, বিমানসচিব, তথ্যসচিব, গৃহায়ণসচিব, পররাষ্ট্রসচিব, নৌসচিব, ধর্মসচিব, স্বাস্থ্যসেবা সচিব, স্বাস্থ্যশিক্ষা সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রণয়ন, হজ প্যাকেজ অনুমোদন এবং জাতীয় কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করা।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

আমার সিনেমার টিকিট পাচ্ছিলাম না

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৪:১০ পিএম
আমার সিনেমার টিকিট পাচ্ছিলাম না

এবারের ঈদুল ফিতরে দেশের সিনেমা অঙ্গনে বইছে উৎসবের হাওয়া। প্রতি বছরের মতো এবারও দর্শকদের ঢল নেমেছে প্রেক্ষাগৃহে। তবে এবারের সমীকরণটা একটু ভিন্ন। কেবল তারকাখ্যাতি নয়, গল্পের শক্তিতেই সিনেমা বাছাই করছেন দর্শকরা।
ঈদে মুক্তিপ্রাপ্ত ‘বনলতা এক্সপ্রেস’ এ অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পরিচালক তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।
এবার এক সাক্ষাৎকারে আজমেরী হক বাঁধন বলেন, ‘আমি আমার সিনেমা দেখার আগে প্রেসার কুকার দেখেছি কারণ আমার সিনেমার টিকিট আমি পাচ্ছিলাম না। সো প্রেসার কুকারের সামনের দিকের একটা সিট খালি ছিল। আমি আর আমার মেয়ে আসলে দেখেছি প্রেসার কুকার। আমার ভীষণ ভালো লেগেছে।’
‘আমি এটা অন্য ইন্টারভিউতেও বলেছি। আমি গ্রেটফুল রায়হান রাফির কাছে যে ও এই ধরনের একটা প্লটে কাজ করেছে। এবং প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছে। স্পেশালি টুশিতো অসাধারণ করেছে।’
তার কথায়, ‘রিজবি যে ক্যারেক্টারটা করেছে সেটাও অসাধারণ হয়েছে। সবাই খুব ভালো কাজ করেছে। আমাদের আজিজুল হাকিম ভাই থেকে শুরু করে বাবু ভাই যারা আছেন সিনিয়র যারা আছেন তারা সবাই খুবই ভালো করেছেন। আর তারপরে আমি দম দেখেছি। দমও আমার কাছে ভালো লেগেছে। বাট ডেফিনেটলি আমি প্রেসার কুকারকে মানে এগিয়ে রাখবো।’
শেষে লিখেছেন, ‘কারণ আমি চাই বাংলাদেশে এই ধরনের গল্পে কাজ হোক এবং এই ধরনের কাজ আপনারা যত বেশি দেখবেন, যত বেশি মানুষকে দেখার উৎসাহ দিবেন তত বেশি আসলে ডিরেক্টররা উৎসাহ পাবে এই ধরনের কাজ করার। সো আপনারা হলে আসেন সব সিনেমা দেখেন আমি আমি বলব বনলতা এক্সপ্রেস দেখেন দম দেখেন প্রেসার কুকার দেখেন বাকি যে দুটো আছে প্রিন্স রাক্ষস সব দেখেন কিন্তু বাংলা সিনেমার পাশে থাকেন।’

error: Content is protected !!