লালমনিরহাটে সোহেল পাটোয়ারীর সংবাদ সম্মেলন ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে
রাজনৈতিক প্রতিহিংসা ও পূর্ব শত্রুতার জেরে মাদক মামলায় নাম জড়িয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. সোহেল পাটোয়ারী। আজ বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি নিজের বিরুদ্ধে আনীত অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহেল পাটোয়ারী জানান, গত ৭ মার্চ ২০২৬ তারিখে বোনারপাড়া রেলওয়ে পুলিশ ৬৭ বোতল ফেন্সিডিলসহ তৌফিকুন নবী নামের এক ব্যক্তিকে আটক করে। পুলিশি জিজ্ঞাসাবাদে তৌফিকুন নবী রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও ব্যক্তিগত আক্রোশ মেটাতে সোহেল পাটোয়ারীর নাম উল্লেখ করেন। তৌফিকুন নবীর দাবি অনুযায়ী, ওই মাদক সোহেল পাটোয়ারীর কাছ থেকে সংগৃহীত—যাকে ডাহা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেন পাটোয়ারী।
সোহেল পাটোয়ারী অভিযোগ করে বলেন, “আটক তৌফিকুন নবীর পরিবারের সাথে আমাদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছে। আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই অত্যন্ত সুকৌশলে পুলিশকে ভুল তথ্য দিয়ে আমাকে এই মামলায় ফাঁসানো হয়েছে।”
তিনি আরও বলেন, অভিযুক্ত তৌফিকুন নবীর পরিবার বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে এলাকায় পরিচিত। তারা দীর্ঘদিন ধরেই পাটোয়ারী পরিবারের ক্ষতি করার অপচেষ্টা চালিয়ে আসছে। মাদক ব্যবসার মতো জঘন্য ও সমাজবিরোধী অপরাধের সাথে নিজের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলেও তিনি জোর দিয়ে জানান।
সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে সোহেল পাটোয়ারী এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, “আমি এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করছি। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে প্রকৃত সত্য তুলে ধরে আমাকে এই মিথ্যা অপবাদ ও হয়রানিমূলক মামলা থেকে মুক্তি দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।” উক্ত সংবাদ সম্মেলনে সোহেল পাটোয়ারীর পরিবারের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।








