স্টাফ রিপোর্টার, উজ্জ্বল বাংলাদেশ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে “জীবন বাংলাদেশ মরণ বাংলাদেশ” অনুষ্ঠানের উদ্যোগ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে “জীবন বাংলাদেশ মরণ বাংলাদেশ” অনুষ্ঠানের উদ্যোগ
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও জিয়া পরিবারের আদর্শ বাংলাদেশের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, দেশের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে তাদের ইতিহাস ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সময়ের দাবি।
হুমায়ুন কবির বেপারী জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত আলোচিত অনুষ্ঠান “জীবন বাংলাদেশ মরণ বাংলাদেশ” দেশের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল। এ অনুষ্ঠানের প্রতিষ্ঠাতা রেজাবুদ্দৌলা চৌধুরী দীর্ঘদিন ধরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে গবেষণা ও বিভিন্ন তথ্যভিত্তিক কাজ করে আসছেন।
তিনি আরও বলেন, তিনিও ব্যক্তিগতভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে দীর্ঘদিন ধরে লেখালেখি ও গবেষণামূলক কাজ করছেন। তার প্রত্যাশা, বাংলাদেশের নতুন প্রজন্ম যেন জিয়া পরিবারের ইতিহাস, আদর্শ এবং দেশের জন্য তাদের অবদান সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারে।
হুমায়ুন কবির বেপারী বলেন, “আমরা চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ বাংলাদেশের সকল শহীদের ইতিহাস নতুন করে মানুষের সামনে তুলে ধরা হোক। যাতে করে তরুণ প্রজন্ম দেশের ইতিহাস জানতে পারে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়।”
তিনি আরও জানান, এ বিষয়ে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা চলছে এবং শিগগিরই একটি নতুন কমিটি গঠন করা হবে। আলোচনা সাপেক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আবারও “জীবন বাংলাদেশ মরণ বাংলাদেশ” অনুষ্ঠানটি নতুন আঙ্গিকে শুরু করার পরিকল্পনা রয়েছে।
এ উদ্যোগ বাস্তবায়নের জন্য তিনি দেশবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছেও সার্বিক সহযোগিতা ও সমর্থনের আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও জিয়া পরিবারের ইতিহাস দেশের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যাবে এবং নতুন প্রজন্ম দেশপ্রেমের চেতনায় অনুপ্রাণিত হবে।

















