নতুন সরকারের শপথ ঘিরে সংসদে তিন স্তরের নিরাপত্তা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদীয় দলের সদস্যদের নিয়ে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন সরকার গঠন করা হবে। নতুন সরকারের মন্ত্রীদের শপথগ্রহণকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।
এর আগে আজ সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমে শপথ সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদ সদস্যদের পরে জামায়াতের সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।
নবনির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীদের শপথ অনুষ্ঠান উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন—এই তিন জোনে ভাগ করা হয়েছে। পুলিশ, র্যাব (এসআইএফ), সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। স্ট্যান্ডবাই রয়েছে সোয়াট, বম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইনসহ বিশেষায়িত ইউনিট।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পুরো সংসদ ভবন এলাকাকে কঠোর নিরাপত্তা বলয়ে আনা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়েন রয়েছে। প্রবেশপথে কড়া তল্লাশি চালানো হচ্ছে এবং এলাকাজুড়ে টহল জোরদার করা হয়েছে। সোমবার দক্ষিণ প্লাজায় বম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সুইপিং কার্যক্রম পরিচালনা করে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম বলেন, আনা-নেওয়া, রুট ব্যবস্থাপনা ও সংসদ ভবন এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। প্রটোকল ডিউটির জন্য অর্ধশতাধিক গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে এবং কোনো নিরাপত্তা হুমকির আশঙ্কা নেই।
এদিকে শপথ অনুষ্ঠান চলাকালে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল নিয়ন্ত্রিত রয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ডাইভারশন কার্যকর থাকবে।
ডিএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর রোড, ধানমন্ডি-২৭, আসাদগেট, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ইন্দিরা রোড থেকে আসা যানবাহনের জন্য বিকল্প রুট নির্ধারণ করা হয়েছে। ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। যানজট এড়াতে নগরবাসীকে মানিক মিয়া অ্যাভিনিউ ও লেক রোড পরিহার করে নির্দেশনা অনুযায়ী চলাচলের অনুরোধ জানিয়েছে ডিএমপি।














