মো. রেজাউল করিম, জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় তারেক রহমান
উত্তরাঞ্চলের তিন জেলায় ধারাবাহিক নির্বাচনী জনসভার অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে জনসভায় অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তিনি ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভার মঞ্চে ওঠেন। এর মাধ্যমে দীর্ঘ ২৩ বছর পর ঠাকুরগাঁওয়ের মাটিতে পা রাখলেন তিনি।
এর আগে সকাল ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে পর্যায়ক্রমে পবিত্র গীতা ও পবিত্র বাইবেল পাঠ করা হয়। জনসভায় সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, ২০০৩ সালের ৪ জানুয়ারি এই ঠাকুরগাঁও থেকেই তৃণমূল পর্যায়ের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনের সূচনা করেছিলেন তারেক রহমান। ওই সম্মেলনটি উদ্বোধন করেছিলেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সে কারণে ঠাকুরগাঁও বিএনপির নেতা-কর্মীদের কাছে তারেক রহমানের আগমন একটি বিশেষ আবেগের বিষয়, যা এদিনের জনসভায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে।
ঢাকা থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে হেলিকপ্টারে তিনি ঠাকুরগাঁওয়ে আসেন। একই দিনে দুপুর দেড়টায় নীলফামারীর বড় মাঠে এবং আড়াইটায় দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আরও দুটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।
জনসভাকে ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকেরা মাঠে জড়ো হতে থাকেন। এতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে রূপ নেয় এবং পুর অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।











