নাছিম মৃধা, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদকে ঘিরে ৭০ শতাংশ জনসমর্থনের দাবি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে রাজনৈতিক মাঠে বাড়ছে উত্তাপ। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ মনজুরুল হক (রাহাদ)-কে ঘিরে এলাকায় প্রায় ৭০ শতাংশ জনসমর্থনের দাবি করছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।
দলীয় সূত্র জানায়, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও ধারাবাহিক গণসংযোগের কারণে সাধারণ ভোটারদের মধ্যে শেখ মনজুরুল হক রাহাদ গ্রহণযোগ্যতা পেয়েছেন। বিশেষ করে তরুণ ভোটার, খেটে খাওয়া মানুষ এবং ধর্মপ্রাণ জনগোষ্ঠীর মধ্যে তাঁর প্রতি ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে সদর ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে চালানো গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভায় বিপুল জনসমাগম দেখা গেছে। এসব কর্মসূচিতে অংশ নেওয়া অনেক ভোটার পরিবর্তনের পক্ষে মত দিয়ে বলেন, তাঁরা একটি সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব চান—যার প্রতিফলন রাহাদের প্রচারণায় ফুটে উঠছে।
এ বিষয়ে শেখ মনজুরুল হক রাহাদ বলেন,
“আমি কোনো শতাংশের রাজনীতি করি না। আমি মানুষের ভালোবাসা ও দোয়া চাই। যদি জনগণ আমাকে সুযোগ দেয়, তাহলে বাগেরহাট সদর ও কচুয়াকে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এখনো আনুষ্ঠানিক কোনো জরিপ প্রকাশ না হলেও মাঠপর্যায়ের গণসংযোগ ও জনসাড়া বিবেচনায় বাগেরহাট-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অন্যান্য দল ও প্রার্থীরাও সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, বাগেরহাট-২ আসনটি দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সংসদীয় এলাকা। নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই এই আসনে ভোটের লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা।














