রায়গঞ্জে বিএনপির নির্বাচনী জনসভা: ঐক্যের ডাক ভিপি আয়নুল হকের
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিএনপির উদ্যোগে এক বৃহৎ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সোনাখাড়া ইউনিয়ন বিএনপির আয়োজনে নিমগাছী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ জনসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম জিন্নাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ভিপি আয়নুল হক।
বক্তব্যে ভিপি আয়নুল হক বলেন, “বিএনপি ক্ষমতায় এলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান অধিকার ও মর্যাদা পাবে। রাষ্ট্র পরিচালনায় সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।” তিনি আরও বলেন, “গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। জনগণের রায়ের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।” এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আর আর স্পিনিং অ্যান্ড কটন মিলের স্বত্বাধিকারী ও শিল্পপতি রুহি আফজাল, জেলা বিএনপির উপদেষ্টা আমিনুল বারী তালুকদার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মণ্ডল, বিএনপি নেতা সবুজ্জল হোসেন এবং কেন্দ্রীয় ছাত্রদলের নেতা আ. ন. ম খোকন।
এছাড়াও মাধাইনগর ইউনিয়ন বিএনপির নেতা শফি তালুকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঘরে ঘরে গিয়ে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তারা।
জনসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়, সৃষ্টি হয় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ।














