নৌ-বাহিনীর অভিযানে
দিঘলিয়ায় ইয়াবাসহ আটক-৩
দিঘলিয়া উপজেলায় বাংলাদেশ নৌ-বাহিনীর অভিযানে ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি-২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া কন্টিনজেন্টের একটি চৌকস আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে উক্ত এলাকার ১ জন মাদক ব্যবসায়ীসহ দেশীয় অস্ত্রধারী ও সরকারী কাজে বাধাদানকারী চক্রের আরও ২ জন সহযোগীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৪ পিস ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলো মোঃ কেরামত আলী সরদারের পু্ত্র মোঃ সজল সরদার (৩০), মোঃ নাসির সরদারের পু্ত্র মোঃ ইব্রাহিম সরদার (৩০) ও আলফাজ শেখের পুত্র এস এম আজাদ শেখ (২২)। আটককৃত ৩ তিনজনই দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি এলাকার বাসিন্দা।
পরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে প্রধান আসামি মোঃ সজল সরদারকে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা এবং অপর দুই সশস্ত্র সহযোগীকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে জব্দকৃত আলামতসহ আটক আসামিদেরকে দিঘলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আটক প্রধান আসামি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িত ছিল।

















