গনেশপুরে পুলিশ সেজে দুই কোটি টাকা লুট
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের গনেশপুর বাজার এলাকায় পুলিশ পরিচয়ে সংঘটিত এক ভয়াবহ ডাকাতির ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারী) গভীর রাতে গনেশপুর গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী রুহুল আমিনের খামারবাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, ডাকাত দল নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে প্রায় দুই কোটি টাকা লুট করে নিয়ে যায়। তবে এই ঘটনায় সবচেয়ে রহস্যজনক দিক হলো—এত বড় অঙ্কের অর্থ লুট হলেও পরিবারের কাউকে মারধর বা শারীরিকভাবে নির্যাতন করা হয়নি। শুধু একটি বাজি ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতরা নির্বিঘ্নে পালিয়ে যায় বলে জানা গেছে।
রুহুল আমিনের মা জানান, রাতের নিস্তব্ধতার মধ্যে হঠাৎ পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি বাড়িতে প্রবেশ করে তল্লাশির কথা বলে ঘরের ভেতরে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যেই তারা নগদ অর্থ নিয়ে দ্রুত সটকে পড়ে। ঘটনার ধরন ও কৌশল নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে।
খবর পেয়ে পাটকেলঘাটা ও তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নুরুল নুরুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম. লুৎফুল কবীর জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তিনি বলেন, আমি বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের শনাক্তে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।














