২৪৩ কেজি ওজনের টুনা মাছ
জাপানের রাজধানী টোকিওর প্রধান মাছের বাজারে প্রতি বছর একটি ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ নিলাম আয়োজিত হয়। ওই নিলামে চলতি বছরে ৩২ লাখ মার্কিন ডলারে একটি সুবিশাল টুনা মাছ কিনেছেন এক উদ্যোক্তা।
আজ সোমবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
জাপানের স্বঘোষিত ‘টুনা মহারাজ’ ও চেইন রেস্টুরেন্ট সুশি জানমাই-এর মালিক কিয়োশি কিমুরা ২৪৩ কেজি (৫৩৬ পাউন্ড) ওজনের বিশাল আকারের টুনা মাছটি কিনে নিয়েছেন।
জাপানের উত্তরাঞ্চলের ওমা এলাকার উপকূলে মাছটি জেলেদের জালে ধরা পড়ে।
ওই অঞ্চলটি জাপানের সেরা টুনা উৎপাদনের জন্য সুপরিচিত।
ওমায় গড়ে প্রতি কেজি উন্নত জাতের টুনা ১৩ হাজার ৩৬০ মার্কিন ডলারে বিক্রি হয়।
প্রথা অনুযায়ী, বিশেষ ঘণ্টা বাজিয়ে নিলাম শুরু করা হয়।
প্যাসিফিক ব্লুফিন টুনা জাতের মাছটি কেনার পর কিমুরা জানান, ‘আমি ভেবেছিলাম আরেকটু কম দামে মাছটা কিনে নিতে পারব। কিন্তু নিমিষেই এর দাম বাড়তে থাকে।’
সূর্যোদয়ের আগে টোকিওর সবচেয়ে বড় মাছের বাজারে নিলামের আয়োজন করা হয়েছিল।
গণমাধ্যমকে কিমুরা বলেন, ‘যে দামে মাছটা কিনতে হলো, তা আমাকে বিস্মিত করেছে। তবে আমি আশা করছি এই মর্যাদাপূর্ণ টুনা খেয়ে অসংখ্য মানুষ নতুন শক্তিতে বলিয়ান হবেন।’
‘এ ক্ষেত্রে আমি নিজেকে কিছুটা হলেও সৌভাগ্যবান মনে করি। যখনই আমি একটি সুন্দর টুনা দেখি, নিজেকে সামলাতে পারি না। আমি এখনো এটা চেখে দেখিনি। তবে এটা যে সুস্বাদু হবে তাতে কোনো সন্দেহ নেই’, যোগ করেন তিনি।
১৯৯৯ সাল থেকে ওই নিলামের বিষয়ে তথ্য সংরক্ষণ শুরু হয়।














