সোনাগাজীতে মরহুম হোসাইন আহম্মদের জানাজায় কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণ
ফেনীর সোনাগাজী উপজেলায় জামায়াতে ইসলামী নেতা মাওলানা জিয়াউর রহমানের পিতা মরহুম হোসাইন আহম্মদ (৯১) সাহেবের জানাজার নামাজ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
জানাজায় জামায়াতে ইসলামীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মরহুম হোসাইন আহম্মদ সাহেব ছিলেন একজন ধর্মপ্রাণ, সৎ ও সমাজসেবামূলক ব্যক্তিত্ব।
বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সোনাগাজী উপজেলার সহকারী সেক্রেটারি, নবাবপুর ইউনিয়ন জামায়াতের আমীর, ফেনী জেলা ও শহর শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা জিয়াউর রহমান।
এছাড়াও জানাজায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি, ফেনী-৩ দাগনভূঁঞা-সোনাগাজী উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ডা. মোঃ ফখরুদ্দিন মানিক।
আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুফতি আবদুল হান্নান, জেলা পেশাজীবী ফোরামের সভাপতি আবু বকর ছিদ্দিক, সোনাগাজী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোস্তফা, সোনাগাজী পৌর জামায়াতের আমীর মাওলানা কালিম উল্লাহসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত মুসল্লিরা মরহুমের জীবনের স্মৃতিচারণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
পরিশেষে দোয়া করা হয়—
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেন মরহুম হোসাইন আহম্মদকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। আমিন।














