কটিয়াদীতে প্রতিপক্ষ শিক্ষকদের ওপর হামলা
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ভিটিপাড়া ইব্রাহিমিয়া দাখিল দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে দুই শিক্ষককে অতর্কিত হামলা করে গুরুতরভাবে আহত করার অভিযোগ উঠেছে। আহত দুই শিক্ষক বর্তমানে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
অতর্কিত হামলায় আহতরা হলেন— ভিটিপাড়া ইব্রাহিমিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আল আমিন ও মো. হাবিবুর রহমান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালের দিকে কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের ভিটিপাড়া ইব্রাহিমিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর কটিয়াদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হন মো. রফিকুর ইসলাম। এছাড়াও নির্বাচনে শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন সহকারী শিক্ষক মো. আল আমিন ও মো. হাবিবুর রহমান ভোট প্রদান করেন।
সংশ্লিষ্টদের অভিযোগ রয়েছে যে, একই মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক মো. লুৎফুর রহমানের ভাগ্নির জামাই ওই নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ছিলেন। তবে তিনি নির্বাচিত না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন। বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় উপস্থিত হওয়ার পর মো. লুৎফুর রহমান তাঁর কয়েকজন বহিরাগত সহযোগীকে সাথে নিয়ে সহকারী শিক্ষক মো.আল আমিন ও মো. হাবিবুর রহমানের ওপর অতর্কিত হামলা চালান।
হামলায় তারা গুরুতর আহত হলে স্থানীয় এলাকাবাসী, শিক্ষক ও শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত শিক্ষকরা অভিযোগ করে বলেন, অভিযুক্ত মো.লুৎফুর রহমানের ভাগ্নির জামাই পূর্বে মাদ্রাসার (এডহক) কমিটির সভাপতি ছিলেন। তবে এবারের ম্যানেজিং কমিটির নির্বাচনে পরাজয়ের কারণেই ক্ষোভ সৃষ্টি হয়। সেই ক্ষোভের কারণেই বহিরাগতদের নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে।
ওই মাদ্রাসার সুপার মাওলানা আশরাফ উদ্দিন বলেন- ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে জুনিয়র শিক্ষক মো. লুৎফুর রহমানসহ কয়েকজন শিক্ষক অন্য শিক্ষকদের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন। তবে এবিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
ঘটনার বিষয়ে মাদ্রাসার (এডহক) কমিটির সভাপতি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদপ্রার্থী মো. আতিকুল ইসলাম বলেন, ঘটনার সময় আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। পরে শুনেছি শিক্ষকদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।
এবিষয়ে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের কাছে জানতে চাইলে তিনি বলেন- মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর হামলার বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। অভিযুক্তদের ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











