রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

গৌরবোজ্জ্বল বিজয় দিবস উপলক্ষে ভূঞাপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা, বিজয় র‌্যালি ও বিশেষ মোনাজাত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১০:২৯ এএম | 136 বার পড়া হয়েছে
গৌরবোজ্জ্বল বিজয় দিবস উপলক্ষে ভূঞাপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা, বিজয় র‌্যালি ও বিশেষ মোনাজাত

গৌরবোজ্জ্বল ৫৫তম মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে আলোচনা সভা, বিজয় র‌্যালি ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূঞাপুর উপজেলা শাখা।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় একটি বর্ণাঢ্য বিজয় র‌্যালির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। র‌্যালিটি ভূঞাপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এ সময় বিজয়ের চেতনায় উজ্জীবিত নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। র‌্যালি শেষে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার মূল্যবোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, বিজয়ের এই মাসে জাতীয় ঐক্য সুদৃঢ় করে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোঃ হুমায়ুন কবির।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূঞাপুর উপজেলা শাখার আমীর আব্দুল্লাহ আল মামুনসহ দলটির স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির অব্যাহত উন্নয়ন এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আর্জেন্টিনা রাজি না হওয়াতেই বাতিল ফিনালিসিমা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১১:২০ পিএম
আর্জেন্টিনা রাজি না হওয়াতেই বাতিল ফিনালিসিমা

লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের রোমাঞ্চকর এক লড়াই দেখার অপেক্ষায় ছিলেন বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমী। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিই যে কাল হয়ে দাঁড়িয়েছে। তবু ম্যাচটি আয়োজন করতে সর্বাত্মক চেষ্টা করেছিল উয়েফা ও কনমেবল। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে একের পর এক প্রস্তাব দেওয়া হলেও কোনোটিতে তাদের রাজি করানো যায়নি।

আগের সূচি অনুযায়ী ২৭ মার্চ কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে হওয়ার কথা ছিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা। কিন্তু যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা হামলায় উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। উয়েফা আজ আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা বাতিলের কথা নিশ্চিত করেছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে বলেছে, ‘প্রথম প্রস্তাব ছিল নির্ধারিত দিনে সান্তিয়ানো বার্নাব্যুতে হবে ফিনালিসিমা। দুই দলের সমর্থকদের ৫০:৫০ অনুপাতে ভাগ করা হতো। আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা আয়োজনের জন্য দারুণ এক ভেন্যু ছিল এটা। আর্জেন্টিনা তাতে রাজি হয়নি।’

ইরান যুদ্ধে বাতিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমাইরান যুদ্ধে বাতিল আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা
সান্তিয়াগো বার্নাব্যু ও বুয়েনস এইরেসে দুই লেগে ভাগ করে ফিনালিসিমা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। এমনকি এ মাসের শেষে নিরপেক্ষ ভেন্যুতেও আর্জেন্টিনা-স্পেন ম্যাচ আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু আর্জেন্টিনা কিছুতেই রাজি হয়নি। উয়েফা বলেছে, ‘দ্বিতীয় প্রস্তাব ছিল ফিনালিসিমা দুই লেগে আয়োজন করা। একটি ম্যাচ ২৭ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে আয়োজন করা। আরেকটি উয়েফা ইউরো ২০২৮ ও কোপা আমেরিকা ২০২৮-এর মাঝে কোনো এক আন্তর্জাতিক বিরতিতে ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছিল। মাদ্রিদের ম্যাচেও সমর্থকদের ৫০:৫০ ভাগ দেওয়ার প্রস্তাব ছিল। এই প্রস্তাবও প্রত্যাখ্যান করা হয়েছে। শেষ পর্যন্ত যদি ইউরোপে কোনো নিরপেক্ষ ভেন্যু পাওয়া যায়, তাহলে ২৭ মার্চ বা ৩০ মার্চে ম্যাচটি আয়োজন করা যেতে পারে। তবে উয়েফা এমন প্রস্তাব দিলেও রাজি হয়নি আর্জেন্টিনা।’

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর যৌথ আয়োজনে হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ শেষে ফিনালিসিমা আয়োজনের প্রস্তাব দিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু কোনো তারিখ না মেলাতে পারায় ফিনালিসিমা বাতিলই করতে হয়েছে। উয়েফা বলেছে, ‘আর্জেন্টিনা বিশ্বকাপের পর ম্যাচটি খেলার জন্য একটি পাল্টা প্রস্তাব দিয়েছিল। কিন্তু স্পেনের কোনো ফাঁকা তারিখ না থাকায় সেই বিকল্পটি বাতিল করতে হয়।’

২০২১ ও ২০২৪ সালে টানা দুবার কোপা আমেরিকা জিতে এই টুর্নামেন্টে সর্বোচ্চ ১৬ বার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ে আর্জেন্টিনা। এই দুবার ইংল্যান্ড ইউরোতে রানার্সআপ হয়েছিল। ২০২১ ও ২০২৪ ইউরো জিতেছিল ইতালি আর স্পেন। সবশেষ ২০২২ ফিনালিসিমায় ওয়েম্বলিতে ইতালিকে ৩-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।

ফেঁসে যাচ্ছেন রাজপরিবারের সদস্য ও তারকারা

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১১:১৮ পিএম
ফেঁসে যাচ্ছেন রাজপরিবারের সদস্য ও তারকারা

প্রকাশ্যে চলাফেরা বা আড্ডার সময় রাজপরিবারের সদস্য ও তারকাদের কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁদের প্রতিনিধি ও উপদেষ্টারা। ইন্টারনেটে ‘লিপ-রিডিং’ বা ঠোঁট পড়ার ভিডিও ভাইরাল হওয়ার প্রবণতা বাড়ায় এখন ঘর বা প্রাসাদের বাইরে বলা প্রতিটি শব্দ কয়েক সেকেন্ডের মধ্যেই অনলাইনে ফাঁস ও ডিকোড হয়ে যাচ্ছে।

সম্প্রতি চ্যানেল ফাইভের একটি তথ্যচিত্র ‘লিপ-রিডিং দ্য রয়্যালস’-এ বিশেষজ্ঞ লিপ-রিডাররা প্রিন্স উইলিয়ামের একটি কথোপকথন অনুবাদ করেছেন। সেখানে দেখা যায়, সাবেক প্রিন্স অ্যান্ড্রু (অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর) তাঁর ভাতিজা উইলিয়ামের কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করছেন, কিন্তু উইলিয়াম তা এড়িয়ে যান। লিপ-রিডারের দাবি অনুযায়ী অ্যান্ড্রু বলছিলেন, ‘আমি আমার ভুল থেকে শিখেছি। এখন আমি কি ক্ষমা চাইতে পারি?’ উইলিয়াম এর কোনো উত্তর না দিয়ে নীরব ছিলেন।

উল্লেখ্য, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্টতার নতুন তথ্য আসায় গত বছরের অক্টোবরে অ্যান্ড্রু তাঁর সব রাজকীয় উপাধি ত্যাগ করতে বাধ্য হন।

তথ্যচিত্রটিতে আরও দাবি করা হয়েছে, রাজকীয় গাড়িতে ওঠার সময় রাজা চার্লসকে বিরক্তিভরে একটি গালি (fuck me) উচ্চারণ করতে দেখা গেছে। এ ছাড়া প্রিন্সেস অ্যানকে ডাচেস অব সাসেক্স (মেগান মার্কেল) সম্পর্কে পরনিন্দা বা ‘গসিপ’ করতে দেখা গেছে।

লিপ-রিডিংয়ের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তায় চরম বিরক্ত ব্রিটিশ রাজপরিবার। রাজকীয় একটি সূত্র দ্য গার্ডিয়ানকে জানিয়েছে, এটি মানুষের ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপের একটি ভয়ানক প্রবণতা। রানির সাবেক প্রেস সেক্রেটারি ডিকি আর্বিটার রাজপরিবারের সদস্যদের সতর্ক করে বলেছেন, জনসাধারণের সঙ্গে মেশার সময় বা ক্যামেরার সামনে যেন তাঁরা কোনো আলটপকা কথা না বলেন।

কেবল রাজপরিবার নয়, হলিউড তারকারাও এই ‘ডিজিটাল গোয়েন্দাগিরি’র শিকার হচ্ছেন। গোল্ডেন গ্লোবসের মতো আসরে যেখানে মাইক্রোফোন থাকে না, সেখানেও তারকাদের ঠোঁট পড়ে ভিডিও তৈরি করছেন টিকটক ব্যবহারকারীরা।

এক ভিডিওতে দেখা যায়, কাইলি জেনার অভিনেত্রী জেনিফার লরেন্সের কাছে পাশের একজনের জ্বর ও কাশি নিয়ে অভিযোগ করছেন।

২০২৪ সালের একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, সেলেনা গোমেজ অভিযোগ করছেন যে, তিনি টিমোথি শ্যালামের সঙ্গে ছবি তুলতে চেয়েছিলেন, কিন্তু কাইলি জেনার ‘না’ করে দিয়েছেন।

এ ছাড়া বেন অ্যাফ্লেক ও জেনিফার লোপেজ (যাঁদের ২০২৫ সালে বিচ্ছেদ হয়েছে) বিভিন্ন জমকালো অনুষ্ঠানে তর্কে লিপ্ত হচ্ছেন—এমন দৃশ্যও লিপ-রিডাররা ফাঁস করেছেন।

মিডিয়া কনসালটেন্সি এজেন্সি জেএইচএমের পরিচালক অ্যান্ডি মে বলেন, ২০ বছর আগে নিয়ম ছিল মাইক্রোফোন থেকে দূরে থাকা। কিন্তু এখনকার নিয়ম হলো—ধরে নিন ক্যামেরা সব সময় চলছে। স্টেডিয়াম থেকে শুরু করে রাস্তাঘাট—সবার হাতেই এখন ফোন এবং সবাই এখন কনটেন্ট ক্রিয়েটর।

বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যম এখন একটি ‘সেসপিল’ বা নোংরা আস্তাকুঁড়ের মতো হয়ে গেছে, যেখানে রাজপরিবার বা তারকাদের একটি খারাপ দিন বা সামান্য ভুল মুহূর্ত কয়েক মিনিটের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

 

ঈদে আসছে নির্মাতা শিমুলের প্রথম নাটক

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১১:১৬ পিএম
ঈদে আসছে নির্মাতা শিমুলের প্রথম নাটক

নির্মাতা হওয়া স্বপ্ন নিয়েই শোবিজে আগমন শিমুল শর্মার। ২০১৭ সালে কাজল আরেফিন অমির সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি। পরে সহকারী থেকে অভিনয়ে সুযোগ পান। অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের অন্যান্য চরিত্রের মতোই দর্শকদের কাছে পরিচিতি পান তিনি। তাঁর অভিনীত চরিত্রটি ‘নোয়াখালীর শিমুল’ নামে পরিচিতি পায়। গত বছর অমির টিম থেকে বেরিয়ে একক ক্যারিয়ার গড়ার চেষ্টায় আছেন শিমুল। ইতিমধ্যে ‘শর্টকাট’ নামের নাটকে প্রথমবার অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। এবার আসছে শিমুল শর্মা পরিচালিত প্রথম নাটক ‘কাবজাব’।

কাবজাব নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, ফারিন খান, ইশতিয়াক আহমেদ রুমেল, জাকি আহমেদ প্রমুখ। পরিচালনার পাশাপাশি অভিনয়েও দেখা যাবে শিমুল শর্মাকে। রোজার ঈদ উপলক্ষে জি সিরিজ ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি।

‘কাবজাব’ নাটকের পোস্টার। ছবি: সংগৃহীত
‘কাবজাব’ নাটকের পোস্টার। ছবি: সংগৃহীত

শিমুল শর্মা জানান, মূলত প্রেমের গল্পকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে কাবজাব নাটকে। শিমুল বলেন, ‘এলাকার ছোট-বড়দের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে নাটকের গল্প শুরু। এরপর তাদের প্রেম নিয়ে নানা মজার ঘটনা ঘটতে থাকে। আমরা অনেক মজা করে শুটিং করেছি। নাটকের অভিনয়শিল্পীরা অনেক আগে থেকেই পরিচিত। তাই নির্মাতা হিসেবে অনেক সুবিধা হয়েছে।’

প্রথম নির্মাণের অভিজ্ঞতা জানিয়ে শিমুল বলেন, ‘প্রথমবার নাটক পরিচালনা করা হলো। তবে আগে থেকেই আমি নির্মাণের সঙ্গে যুক্ত। তারপরেও শুরুটা কীভাবে করব তা নিয়ে একটু নার্ভাস ছিলাম। বারবার মনে হচ্ছিল কাজটি ঠিকভাবে করছি কি না। চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দেওয়ার। এখন দর্শকের ভালো লাগলেই সার্থকতা।’

error: Content is protected !!