ভাঙ্গুড়ায় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
শিক্ষার্থীদের মেধা যাচাই, শিক্ষার মান উন্নয়নসহ লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজে পাবনার ভাঙ্গুড়া ক্যাডেট কোচিংয়ের উদ্যোগে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ দিন পরীক্ষার্থীদের নিয়ে বিপুল সংখ্যক অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
অভিভাবক ও শিক্ষার্থীরা জানায়, সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র ও সার্বিক ব্যবস্থাপনায় তারা সন্তুষ্টি প্রকাশ করেন। পরীক্ষায় ইংরেজি, গণিত, বাংলা, বিজ্ঞান ও বাওবি বিষয়ের উপর বিভিন্ন বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ৮৪জন পরীক্ষার্থী অংশগ্রহন করে।
বৃত্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ে ক্লাসের পরীক্ষা আসলেই একটু চিন্তা হতো। কিন্তু বিভিন্ন সময়ে বৃত্তি পরীক্ষা দেওয়ার কারণে সেই চিন্তা এখন আর নেই। পরীক্ষা দেওয়ায় আমাদের পড়াশোনা আরো ভালো হবে বলে মনে করেন তারা।
এ ব্যাপারে ভাঙ্গুড়া ক্যাডেট কোচিংয়ের পরিচালক মো. ঠান্টু আলম জানান, অত্যন্ত সুন্দর ও নিরিবিলি পরিবেশে শিক্ষার্থীরা মেধাবৃত্তির পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মূলত মেধার চর্চা অব্যাহত রাখার লক্ষ্যেই এই আয়োজন।











