নারীর ভরণ-পোষণ অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা
চক আতিথা বাজারে গ্রাম আদালতের ভিডিও প্রদর্শনী
নওগাঁ সদর উপজেলার ১নং বর্ষাইল ইউনিয়নের চক আতিথা বাজারে গ্রাম আদালত সেবা সম্পর্কে সাধারণ জনগণের সচেতনতা বাড়াতে আজ একটি বিশেষ ভিডিও প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে নারীর ভরণ-পোষণ অধিকার নিয়ে একটি পূর্ণাঙ্গ নাটিকা প্রদর্শিত হয়, যেখানে পরিবারে নারীর ন্যায্য অধিকার, আইনি সুরক্ষা এবং গ্রাম আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রাপ্তির বিষয়গুলো তুলে ধরা হয়। দর্শকরা মনোযোগ সহকারে নাটিকাটি উপভোগ করেন।
নাটিকা শেষে দর্শকদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। নাটিকার বিষয়বস্তুর ওপর ভিত্তি করে বিভিন্ন প্রশ্ন করা হলে অংশগ্রহণকারীরা সক্রিয়ভাবে উত্তর দেন। সঠিক উত্তরদাতাদের মাঝে পুরস্কার প্রদান করা হয়, যা অনুষ্ঠানে আরও প্রাণবন্ত পরিবেশ তৈরি করে।
গ্রাম আদালত সেবার সুবিধা, সহজলভ্যতা ও ভূমিকা সম্পর্কে সাধারণ জনগণকে আরও উৎসাহিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। গ্রামীণ এলাকায় দ্রুত ও সাশ্রয়ী মূল্যে ন্যায়বিচার পাওয়ার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরা হয় বক্তৃতায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলার কো-অর্ডিনেটর জনাব হোসনে আরা স্বপ্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষাইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জনাব মোঃ মেসৃতাফিজুর রহমান এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর কাজল কুমার চক্রবর্তী। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, সামাজিক কর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের মতে, এমন সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী তাদের গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে নতুন ধারণা দিয়েছে এবং সমস্যার সমাধানে গ্রাম আদালতের প্রতি আস্থা বৃদ্ধি করেছে।














