রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

সুলেখা আক্তার শান্তা

ভাঙনের পর গাঁথন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৩০ এএম | 158 বার পড়া হয়েছে
ভাঙনের পর গাঁথন

ইমরান ঘুমিয়ে ছিল। হঠাৎ করেই চিৎকার-চেঁচামেচিতে ঘুম ভেঙে যায় তার। চোখ কচলাতে কচলাতে বাইরে এসে দেখে, তার বড় ভাই জামাল, স্ত্রী শেফালীকে মারছে। ভাইয়া, ভাবিকে মারেন কেন? জামাল রাগ শরীর নিয়ে বলে, আমার কথা শোনে না। শুনে না বলেই কি গায়ে হাত তুলবেন?
শেফালী কাঁদতে কাঁদতে বলে, কী কথা শুনি না আমি? যে স্বামী গায়ে হাত তোলে, তার কথা শোনার দরকার কী? আমি আর পারছি না। রান্না ঝাড়ু মারি, আমি আর রান্না করতে পারব না। গাটা আর চলছে না। আমি শেষ। ইমরান এগিয়ে এসে বলল, ঠিক আছে ভাবি, এবার থামেন। ভাইরে আমি বলছি। তুমি ভালো করে বোঝাও তোমার ভাইরে। আচ্ছা যেটা বলার আমি বলছি।
শেফালী বলল, তোমার ভাইরে ভালো করে বলো। এরপর আমারে কিছু বললে আমি চলে যাব বাপের বাড়ি। জামাল কাঁধ ঝাঁকিয়ে বলল, আমিও চাই তুই বাপের বাড়ি চলে যা। তুই থাকলেই শুধু ঝামেলা। শেফালী চোখ সরিয়ে বলল, ঠিক আছে, আমি চলে যাই। ইরমান একটু নরম হয়ে বলল, ভাবি, তোমারে বললাম, তুমি থামো। ভাই যাই বলুক, তার জন্য তুমি চলে যাবে? শেফালী চুপ, চোখে অশ্রু। ইমরান ঘরের কোণে দাঁড়িয়ে আছে। শেফালী তাকে জিজ্ঞেস করে, তোমার ভাই কী বলে, তুমি শোনো না? তোমাদের এই ক্যাচাল দেইখা আমার নিজের বিয়ের ইচ্ছাটাই মরে গেছে। জামাল মুখ নিচু করে থাকে। কিছু বলে না।
শেফালী চোখের পানি আঁচলে মুছে, ধীরে বলে ইমরানকে, দেবর, আমি তোমার জন্য ভালো মেয়ে দেখে দেব। তবে একটা কথা মনে রাখবা। তোমার ভাবির মতো আর যেন কাউকে চোখের পানি ফেলতে না হয়। ইমরান মাথা তোলে, চোখে দৃঢ়তা। ভাবি, আমি একটা কথা বলি, আমি আমার স্ত্রীকে কখনও মারব না। আমি তাকে সুখেই রাখব। শেফালী একটু হেসে দেয়। তা জানি। তুই আলাদা। তোমার ভিতরটা ভালো।
ইমরানের বিয়ের পর, জীবন যেন নতুন আলোয় রঙিন হয়ে উঠলো ইমরানের কাছে। লিজা তার কাছে শুধু স্ত্রী নয়, যেন এক হৃদয়বন্ধু, এক নিঃশর্ত ভালোবাসার প্রতীক। ইমরান প্রতিদিন নিজের ভিতর থেকে এই প্রার্থনাই করে, লিজার যেন কখনও কোনো অভিযোগ না থাকে তার প্রতি। আমি চাই তার সব ইচ্ছা পূরণ করতে।
এক সন্ধ্যাবেলায়, চা হাতে বারান্দায় বসে লিজা হেসে বলল, তুমি তো আমার সব কথা শোনো? সব চাওয়া পূরণ করো। ইমরান জবাবে বলে, না শোনার কোনো কারণ নেই। এক মেয়ে যখন স্বামীর ঘরে আসে, তার বুকভরা আশা থাকে। আর সেই আশা পূরণ করা স্বামীর কর্তব্য। লিজার চোখে তৃপ্তি। সে বলে, তাহলে তো তুমি আমায় সত্যিই ভালোবাসো। বলো, তুমি কি আমার কথা শুনবে?
হ্যাঁ শুনব, উত্তর ইমরানের।
তবে একটা কথা বলি, তুমি বিদেশে যাবে।
চমকে ওঠে ইমরান। বিদেশ!
আমি চাই তুমি বিদেশ যাবে।
বিদেশ? ধীরে বলে সে, তুমি চাইলে যাব। কিন্তু জানো তো, তোমাকে রেখে আমার কোনো কিছু ভালো লাগে না।
লিজা বলে, আমি চাই তুমি যাও। আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ সব তোমার ওপর ভরসা করেই সাজানো।
ইমরান একটু থেমে বলল, তোমার স্বপ্ন যদি বিদেশে যাওয়ার সঙ্গে জড়িত হয়, তাহলে আমি সেই পথেই হাঁটব।
ইমরান পাড়ি দেয় বিদেশে। নতুন দেশের আকাশে, সে ভবিষ্যতের সন্ধানে ছুটে চলে। তার মনের গোপনে একটাই ভাবনা, লিজাকে খুশি করা। বেতন হাতে পেলেই লিজার কথা ভাবে। বিদেশি মুদ্রার প্রতিটি টাকাই যেন তার ভালোবাসার প্রতিচ্ছবি। পাঠিয়ে দেয় লিজার কাছে, নাও, তুমি যেভাবে খুশি, খরচ করো।
লিজা টাকা পেয়ে আনন্দে উচ্ছ্বসিত। মার্কেট করে, বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে খায়। ফোনে ইমরান বলে, তোমার মনের আশা পূরণ করতে পারি আমি?
লিজা মিষ্টি হাসি দিয়ে বলে, হ্যাঁ, তুমি পারো। আমার কথাগুলো শুনো বলেই তো তোমায় ভালো লাগে। তবে বেশি ফোন কোরো না, বলে, লিজা। ইমরান হেসে ফেলে, কথা না বললে বউয়ের সঙ্গে, তাহলে কার সঙ্গে বলবো? ফোন করে বেশি টাকা খরচ করার দরকার নেই। টাকা যদি খরচ না করি তোমার জন্য, তাহলে কার জন্য করব?
বহু বছর ধরে প্রবাসে দিন কাটাচ্ছে ইমরানের। ক্লান্তি, একাকিত্ব, আর স্মৃতির ঘোরে সে বারবার দেশে ফিরতে চায়। এখন সে আর থাকতে চায় না বিদেশের নিঃস্ব শূন্যতায়, সে দেশে ফিরতে চায়।
ফোনে লিজাকে জানায়, আমি এবার দেশে ফিরতে চাই। মনটা আর থাকতে চায় না।
লিজা হেসে বলে, দেশে আসবা? কী করতে? ওইখানে তো ভালোই আছো। দেশে এসে তো কিচ্ছু করতে পারবা না। ইমরান থেমে যায় একটু। তারপর বলে, আমি দেশে এসে একটা ব্যবসা শুরু করতে চাই। তোমার সঙ্গে জীবনের বাকিটা সময় কাটাতে চাই। লিজার উত্তর তির্যক, তুমি ব্যবসা করবা? দেশে এসে ব্যর্থ হবে। থাকো ওইখানেই। ইমরানের বুকের ভেতর যেন কিছুটা বয়ে বেড়ায়। সে বাস্তব বুঝতে পারলো। ইমরান দিনশেষে শুধু টাকা পাঠায় না, সে পাঠায় নিজের শ্রম, স্বপ্ন আর আশা। ভাবছিল, ফিরবে দেশে, পাশে থাকবে প্রিয়জন। কিন্তু লিজার কথা যেন প্রতিদিন একটু একটু করে আশাকে ঝাপসা করে দেয়। তুমি ওইখানে ভালোই আছো। যখন দরকার হবে তখন বলব আসতে, লিজার কথায় যেন শুধু নির্দেশ, কোনো উষ্ণতা নেই।
ইমরানের জমানো টাকা দিয়ে লিজা জমি কিনে নিজের নামে। ইমরান জিজ্ঞেস করে, টাকাটা দিয়ে তুমি জমি কিনছো, ভালো কথা। কিন্তু তুমি তো আমার নামেও দিতে পারতে। লিজা রেগে যায়। জমি আমার নামে যে কথা তোমার নামেও সেই একই কথা! তুমি চিন্তা কোরো না, জমি কোথাও যাবে না। তবুও, কোথায় যেন একটা দাগ পড়ে যায় হৃদয়ের পাতায়। জমি আর বিশ্বাস দুটোই যেন এখন প্রশ্নের মুখে।
লিজার কথায় ভেতরে ভেতরে চুপসে যায় ইমরান। এত বছর বিদেশে থেকে যা অর্জন করেছে, সে সবই তো পাঠিয়েছে লিজার কাছে। বাড়ি, জমি, সঞ্চয় সবই তার শ্রম আর ঘাম দিয়ে গড়া। ইমরান কাঁপা গলায় বলে সে। তোমার নামে নিছো, নাও। বিদেশ থেইকা টাকা-পয়সা যা কামাইলাম, সবই তো তোমার কাছে। তোমার ইচ্ছা, তুমি যেটা ভালো বোঝো, সেটাই করো।
লিজা একটু থেমে বলে, শোনো, একটা কথা জানাই, তোমার টাকা-পয়সা আমার দ্বারা নষ্ট হবে না। এই আশ্বাস যেন ইমরানের বিষণ্নতায় এক বিন্দু শান্তি দেয়। কিন্তু জমি শুধু এক টুকরো মাটি নয়, সেটাতে ছিল তার ফিরে আসার স্বপ্ন, একসাথে থাকার আশা।
ইমরান ফোন করে, বারবার। কিন্তু লিজার সাড়া নেই। পরিচিত জনেরা নানা কথা বলে, কখনো সতর্কতা, কখনো কুৎসা। তোমার বউ তো এখন অন্য পুরুষের সঙ্গে ঘোরাফেরা করে। মনটা ধীরে ধীরে ভারী হয় ইমরানের। দূরদেশে রোজরাত তার মনে শুধু লিজা, আর সেই ছোট্ট সংসারের স্বপ্ন। কিন্তু লিজা কোথায় গেছে তার খবর ইমরান জানে না। একদিন খবর আসে লিজা অন্য একজনকে বিয়ে করেছে, সংসার করছে। ইমরান থমকে যায়। নিঃশব্দে ফাটে তার বুকের ভিতর আগুন। হায় হায়… এ কী সর্বনাশ হলো আমার! কাঁপা কণ্ঠে বলে সে। আমার বউ চলে গেল, আমার টাকা গেল, আমার জমিও গেল। যার জন্য এত বছর বিদেশে গলা শুকিয়ে কাজ করলাম, সেই আমারে ধোঁকা দিলো! হায়রে বিশ্বাস—কতটা নষ্ট, কতটা নিষ্ঠুর!
ভাই জামালের চোখে শুধু ভাইয়ের ভবিষ্যৎ নয়, আছে অভিজ্ঞতার আলো। সে ইমরানকে দেশে নিয়ে আসে, এবং নিজের হাতেই ছোট ভাইয়ের বিয়ে ঠিক করে দেয়।
শোন ইমরান, জামাল বলে, একজনের কাছে তো সব কিছু দিয়েছিলি টাকা, জমি, মন। এবার একটু হিসাব করে চল। নিজের ক্ষমতা নিজের কাছে রাখ। ইমরান হালকা হেসে বলে, ভাইয়া, সেই ভুল আর করব না। যা বোঝার দরকার ছিল, বুঝে গেছি। এবার অন্তরে হিসাবের খাতা খুলেছি।
বউ আসমা, শান্তশিষ্ট কিন্তু গভীর। সে স্বামী ইমরানকে বলে, শোনো? আমি সব চাই না। একটা মানুষ যতটুকু দিলে সে ভালো থাকতে পারে, ততটুকু আমাকে দিও। আমি বিশ্বাসের মূল্য বুঝি, মোহের নয়।
এই কথাগুলো যেন ইমরানের ভেতরে নতুন বিশ্বাসের বীজ বপন করে। এখন সে শুধু সম্পর্ক রাখে না, সম্পর্ক বুঝে চলতে শিখছে।
ইমরানের চোখে দুঃসহ ইতিহাসের ছায়া এখনো ঘোরে। আমার কাছে আর কিছু নাই, কাঁপা কণ্ঠে বলে সে, যেটা রোজগার করেছিলাম, সব গলে গেছে বিশ্বাসের আগুনে।
আরও একবার বিদেশের পথে পা বাড়ায় সে। তবে এবার আর আগের মতো না। বউয়ের কাছে আগের মতো টাকা পাঠায় না। পাঠালেও, প্রয়োজনের চেয়ে কম। আসমা ব্যথিত কণ্ঠে বলল, এই কিপটামি আমার ভালো লাগছে না। এইভাবে সংসার হয় না। তুমি ঠিক করো, শান্তিতে সংসার করবে কিনা? না আমাকে সাইড করে দেবে! ইমরান মাথা খারাপ হয়ে যায়, যেন আত্মদহন থেকে এক ধোঁয়া বেরিয়ে আসে, “হায় হায়… সর্বনাশ তো! একবার বউ চলে গেছে টাকা-পয়সার ভারে। এবার বউ যাবে কিপটামির কারণে।
দেশে ফিরে এসেছে ইমরান। ক্লান্ত হৃদয়ে একটাই চাওয়া আসমার, আমি একটা সুন্দর জীবন যাপন করতে চাই। আর টাকার লেনদেন নয়, একটু সুখের নিঃশ্বাস নিতে চাই। আসমা তাকিয়ে ইমরানের দিকে মৃদু হাসিতে বলে, তুমি হতাশ হয়ো না ইমরান। সব মানুষ একরকম হয় না। একজন চলে গেছে, তার মানে এই না যে সবাই একরকম। তোমার পাশে আছি তোমার পাশে থাকব। আসমার চোখে ছিল আশার দীপ্তি, আর ইমরানের চোখে ছিল যন্ত্রণার ছায়া। ইমরান বুঝে যায়, ভালোবাসা আর আস্থার জায়গায় যদি সঠিক মানুষ থাকে, তবে জীবনে সুখ আসে। তাদের জীবনে আসে একটি সন্তান। আর দুজনের মিলিত হৃদয়ে গড়ে ওঠে এক সংসার, যেটা শুধু ইট, কাঠ নয়, আত্মার স্থাপত্য।

ইউএনও ছাতক ডিপ্লোম্যাসি চাকমা

কোন অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না

সেলিম মাহবুবঃ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:২০ পিএম
কোন অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না

ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের দক্ষিণ কুরশি গ্রামে সাম্প্রতিক গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে চুরির সাথে জড়িতদের ঘরবাড়ি ভাঙচুরের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডিপ্লোম্যাসি চাকমা। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে তিনি সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। এ সময় ভাঙচুরের শিকার পরিবারগুলোর সদস্যরা পলাতক থাকায় তাদের সঙ্গে সরাসরি কথা বলা সম্ভব হয়নি। একজন জেল হাজতে। তবে তাদের স্বজনদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে দ্রুত উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার নির্দেশনা দেন তিনি। পরিদর্শনকালে ইউএনও স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। তিনি মনোযোগ সহকারে গ্রামবাসীর বক্তব্য শোনেন এবং গত ২৫ মার্চ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন,অপরাধী যে-ই হোক, আইনের মাধ্যমেই তার বিচার নিশ্চিত করা হবে। রাষ্ট্রের প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।তিনি আরও জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের বিষয়টিও গুরুত্বসহকারে বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি চুরি প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেয়া হয়। তবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সবাইকে কঠোরভাবে সতর্ক করেন ইউএনও।এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী জানান, দীর্ঘদিন ধরে কয়েকটি পরিবারের কর্মকাণ্ডের কারণে গ্রামের সুনাম ক্ষুণ্ন হচ্ছিল। বিএনপি নেতা ও ব্যবসায়ি সেবুল রেজা বলেন, এ পরিস্থিতি উত্তরণে গ্রামের ছাত্র-যুবক ও প্রবাসীদের উদ্যোগে একটি “চোর নির্মূল কমিটি” গঠন করা হয়েছে। তিনি বলেন, চুরির উপদ্রপে অতিষ্ঠ এলাকাবাসী এলাকার চোরদের সম্প্রতি ডেকে এনে শাসানো হয়। কিন্তু এরপরও চুরি বন্ধ হয়নি। তার দাবি, ২৫ মার্চের ঘটনাটি পূর্বপরিকল্পিত ছিল না; বরং তা আকস্মিকভাবে সংঘটিত হয়েছে। গ্রামবাসীরা জানান, প্রশাসনের সহযোগিতা কামনায় ২৬ মার্চ বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদ বাজারে কয়েক হাজার মানুষের উপস্থিতিতে একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিন পরিদর্শনে আসায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।স্থানীয়রা বলেন, তারা এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান এবং মাদক, চুরি ও সকল ধরনের অসামাজিক কার্যকলাপ থেকে মুক্তি পেতে প্রশাসনের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন। সার্বিকভাবে, ঘটনাটিকে কেন্দ্র করে প্রশাসন, গ্রামবাসী ও অভিযুক্ত পরিবার-সবার অবস্থান বিবেচনায় নিয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ সময় এলাকার সর্বস্হরের শতশত মানুষ উপস্থিত ছিলেন।

তেল সংগ্রহের নতুন সময় নির্ধারণ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:১৮ পিএম
তেল সংগ্রহের নতুন সময় নির্ধারণ

জ্বালানি তেল সরবরাহে স্বচ্ছতা ও সংকট মোকাবিলায় ফিলিং স্টেশনগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নতুন নির্দেশনা অনুযায়ী ডিপো থেকে তেল সংগ্রহের সময় দুই ঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

গতকাল শুক্রবার জারি করা এ নির্দেশনা অনুযায়ী এখন থেকে প্রতিদিন সকাল ৭টা থেকে বেলা ৩টা পর্যন্ত ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ করা হবে। নির্দেশনাটি বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোকে ২৮ মার্চ দুপুর ১২টা থেকে কার্যকর করতে বলা হয়েছে।

এর আগে, ডিলাররা বেলা ১১টা থেকে ডিপো থেকে জ্বালানি সংগ্রহ করতে পারতেন। একই সঙ্গে ফিলিং স্টেশনগুলোকে দৃশ্যমান স্থানে ব্ল্যাক বা হোয়াইট বোর্ডে দৈনিক তেল গ্রহণের তথ্য প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার দেওয়া এই নির্দেশনাটি দাপ্তরিক ওয়েবসাইট কিংবা গণমাধ্যমে প্রকাশ করেনি সংস্থাটি। তবে আজ শনিবার আজকের পত্রিকা থেকে যোগাযোগ করা হলে বিপিসির একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ওই নির্দেশনা গণমাধ্যমে প্রকাশ করার জন্য নয়। এটি সংস্থাগুলোর অভ্যন্তরীণ নির্দেশনা।

দ্য টেলিগ্রাফ থেকে অনুবাদ করেছেন আবদুল বাছেদ

জয়ের পথে ইরান

দ্য টেলিগ্রাফ থেকে অনুবাদ করেছেন আবদুল বাছেদ প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১০:১৬ পিএম
জয়ের পথে ইরান

গত তিন সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমানবাহিনী ইরানের আকাশে অনবরত বোমাবর্ষণ করে চলেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বছরের পর বছর ইসলামিক রিপাবলিককে ভেতর থেকে দুর্বল করার চেষ্টা করেছে। এত কিছুর পরও আশ্চর্যজনক শোনালেও সত্য যে ইরানের বর্তমান নেতৃত্বের সামনে এই যুদ্ধে ‘বিজয়ী’ হওয়ার একটি স্পষ্ট পথরেখা তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের হঠকারিতা এবং রণকৌশলের ভুলগুলোই মূলত ইরানের এই জয়ের পথকে প্রশস্ত করেছে, যার ভিত্তি দাঁড়িয়ে আছে চারটি প্রধান স্তম্ভের ওপর।

প্রথমত, যেকোনো মূল্যে টিকে থাকাই ইসলামিক রিপাবলিক অব ইরানের আসল বিজয়। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর সময় ট্রাম্প ইরানিদের ‘মুক্তির সময় এসেছে’ বলে অভ্যুত্থানের ডাক দিয়েছিলেন। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বহু শীর্ষ কমান্ডার ও মন্ত্রী নিহত হয়েছেন। কিন্তু শাসনব্যবস্থা ভেঙে পড়েনি, বরং রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এখন কার্যত দেশটির ভাগ্যবিধাতা হয়ে দাঁড়িয়েছে। যতক্ষণ না লাখো মার্কিন সেনা ইরানে সরাসরি স্থল অভিযান চালাচ্ছে, ততক্ষণ কোনো গণবিপ্লব ছাড়া এই শাসনের পতন সম্ভব নয়। এমনকি নেতানিয়াহু এবং ট্রাম্প এখন ইসলামিক রিপাবলিকের পতনের চেয়ে পর্দার আড়ালে কোনো একটি পক্ষের সঙ্গে চুক্তির পথ খুঁজছেন। কেননা ইরান টিকে গেলে সেটি হবে তাদের জন্য এক বিশাল রাজনৈতিক বিজয়।

দ্বিতীয়ত, ইরানের দ্বিতীয় বড় শক্তি হলো বিশ্বের অর্থনীতির অন্যতম ধমনি ‘হরমুজ প্রণালি’র নিয়ন্ত্রণ। বিশ্বের প্রায় ২০ শতাংশ সমুদ্রপথে পরিবাহিত তেলের সরবরাহ বন্ধ করে দিয়েছে ইরান। এতে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে এক চরম অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে ট্রাম্প প্রশাসনকে একপ্রকার বাধ্য হয়ে ইরানের সঙ্গে আলোচনার টেবিলে বসতে হচ্ছে, যেই দেশটিকে তিনি কিছুদিন আগেও ‘নিঃশর্তে আত্মসমর্পণ’ করার হুমকি দিয়েছিলেন। এই প্রণালির নিয়ন্ত্রণ ইরানকে যুদ্ধের ময়দানে এক বড় দর-কষাকষির হাতিয়ার তুলে দিয়েছে।

তৃতীয়ত, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ ইরানকে এক নতুন আয়ের উৎস করে দিয়েছে। দেশটি বর্তমানে সিদ্ধান্ত নিচ্ছে, কোন জাহাজ এই পথ দিয়ে যাবে আর কোনটি যাবে না। অভিযোগ রয়েছে, চীন ও ভারতের মতো দেশগুলো নিরাপদে প্রতিটি তেলবাহী জাহাজ পার করার জন্য ইরানকে ২০ লাখ ডলার করে ফি দিচ্ছে। এমনকি তেলের বাজারে বড় বিপর্যয় এড়াতে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল করে সমুদ্রে থাকা ইরানের ১৪০ মিলিয়ন ব্যারেল তেল বিক্রির সুযোগ দিয়েছে। ট্রাম্প এখন হরমুজ প্রণালি ‘যৌথভাবে নিয়ন্ত্রণ’ করার প্রস্তাব দিচ্ছেন। এটি ইরানের জন্য এক অভাবনীয় সুযোগ তৈরি করেছে; যে প্রণালি দিয়ে আগে জাহাজ চলাচলে ইরান এক পয়সাও পেত না, এখন সেখান থেকে তারা নিষেধাজ্ঞামুক্ত এক বিশাল রাজস্ব আয়ের স্বপ্ন দেখছে।

চতুর্থত, যদি ইরান এই যুদ্ধে টিকে যায় এবং হরমুজ প্রণালি থেকে নতুন করে অর্থ উপার্জন করতে পারে, তবে তারা সেই অর্থ দিয়ে তাদের ধ্বংস হয়ে যাওয়া ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক সক্ষমতা পুনরায় তৈরি করতে পারবে। যদিও নেতানিয়াহু দাবি করছেন, তাঁরা ইরানের অস্ত্রশিল্পের ভিত্তি এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো গুঁড়িয়ে দিয়েছেন, কিন্তু পর্যাপ্ত অর্থ ও সময় পেলে ইরান আবারও সেগুলো পুনর্নির্মাণ করতে সক্ষম। হয়তো এই সক্ষমতা ফিরে পেতে কয়েক বছর সময় লাগবে এবং ততদিনে ট্রাম্প বা নেতানিয়াহু ক্ষমতায় থাকবেন না, কিন্তু তাঁরা তাদের উত্তরসূরিদের জন্য এক চরম শক্তিশালী ইরানকে রেখে যাবেন।

পরিশেষে বলা যায়, এই যুদ্ধ ইরানকে হয়তো ধ্বংসস্তূপে পরিণত করবে এবং দেশটির অর্থনীতি পুনরুদ্ধার করা কঠিন হবে। জনগণের তীব্র ক্ষোভ হয়তো ভবিষ্যতে এই শাসনের পতন ঘটাতে পারে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বুড়ো আঙুল দেখিয়ে টিকে থাকাটাই ইরানের কাছে এক বড় বিজয় হিসেবে গণ্য হচ্ছে।

error: Content is protected !!