মাধবপুরে সৈয়দ মোশারফ হোসেন ফাউন্ডেশন এর পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠিত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে বার্ষিক বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে এ বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের বাংলা বিভাগের প্রফেসর ড. মেজর আশরাফুল করিম। তিনি বলেন,
“শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও সাফল্যকে স্বীকৃতি দেওয়াল সবসময়ই অনুপ্রেরণার উৎস। এ ধরণের বৃত্তি শিক্ষার্থীদের আরও মনোযোগী ও লক্ষ্যভেদী হতে সহায়তা করবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান। তিনি বলেন,
“গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের এগিয়ে নিতে সৈয়দ মোশাররফ হোসেন ফাউন্ডেশনের এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
যুক্তরাষ্ট্র থেকে বক্তব্য পাঠালেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দ মোশাররফ হোসেন
যুক্তরাষ্ট্র থেকে পাঠানো এক ভিডিও বার্তায় সৈয়দ মোশাররফ হোসেন বলেন,
“শিক্ষাই একটি জাতির সর্বশ্রেষ্ঠ সম্পদ। দেশের প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের শিক্ষার সুযোগ তৈরি করা আমাদের নৈতিক দায়িত্ব। আমি দেশের বাইরে থাকলেও মাধবপুরের শিক্ষার্থীদের অগ্রগতি আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যে আমি গর্বিত। ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে তাদের স্বপ্ন পূরণে সহযোগিতা করে যেতে চাই।”
তিনি আরও যোগ করেন,
“একটি শিক্ষিত প্রজন্মই বদলে দিতে পারে সমাজ ও দেশ। তাই তোমরা সবাই আরও মনোযোগী হও, নিজেদের লক্ষ্য বড় করে ঠিক করো, আর মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠো।”
বক্তারা মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। পরে অতিথিবৃন্দ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও বৃত্তি তুলে দেন।
অনুষ্ঠানে বহু বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।











